ভণ্ড পীরের ‘আসন’ নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ হাজার টাকার বিনিময়ে এক নিখোঁজ শিশুকে ‘জিনের বাদশার’ কাছ থেকে ফিরিয়ে আনার সমঝোতায় ‘আসনে’ বসেন নিজেকে পীর পরিচয় দিয়ে এক ব্যক্তি। দমে দমে চলে তাঁর জিকির আর বিচিত্র অঙ্গভঙ্গি। সেই অঙ্গভঙ্গির সঙ্গে তাল মেলাতে গিয়ে একজন নারী অসুস্থও হয়ে পড়েন। এর পরও ঘটনাস্থলে উপস্থিত সবাই ধৈর্য ও প্রবল আগ্রহ নিয়ে বসে থাকেন শিশুটি ফিরে আসার অপেক্ষায়। শিশুটিকে ফিরিয়ে আনার ব্যাপারে দফায় দফায় সময় দিয়ে ব্যর্থ হওয়ার পর একপর্যায়ে ওই ব্যক্তিকে ভণ্ড বলে আটক করে এলাকাবাসী। ২৪ ঘণ্টা পর দুই হাজার টাকা জরিমানা দিয়ে তিনি উদ্ধার পান।গত বুধবার বিকেল থেকে গত রোববার বিকেল পর্যন্ত নওগাঁর মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ‘ভণ্ড পীর’ বলে ধরা পড়া ব্যক্তিটি উপজেলার শহরায় গ্রামের মুজিবর রহমান। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক বছর আগে দেওয়ানপুর গ্রামের দরিদ্র কৃষক রশিদুলের ছেলে মাসুদ (৯) পাশের একটি মাদ্রাসা থেকে হারিয়ে যায়। কয়েক দিন আগে পার্শ্ববর্তী শহরায় গ্রাম থেকে মুজিবর রহমান এসে শিশুটির পরিবারের সদস্যদের জানান, আসনে বসে জিনের বাদশার কাছ থেকে ওই নিখোঁজ শিশুকে তিনি এনে দিতে পারবেন। এ জন্য তাঁকে ১৫ হাজার টাকা দিতে হবে। তাঁর আসনের জন্য আরও কিছু টাকা খরচ হবে।রশিদুল জানান, হারানো সন্তানকে ফিরে পাওয়ার আশায় তিনি ঋণ করে ওই টাকা জোগাড় করেন। টাকাটা গ্রামের একজন মাতব্বরের কাছে জমা রাখা হয়। সমঝোতা হয়, মাসুদকে এনে দিতে পারলেই কেবল মুজিবর ওই টাকা পাবেন।মুজিবরের কথামতো রশিদুলের বাড়ির আঙিনায় শামিয়ানা টাঙিয়ে আসন পাতা হয়। আসনের সামনে কয়েক সারি নারী ও শিশু বসার পর পেছনে পুরুষেরা বসে। নারী ও শিশুদের হাতে একটি করে ছোট আয়না ধরিয়ে দেন মুজিবর। তিনি বলেন, আয়নায় তারা মাসুদের অবস্থান দেখতে পাবে। বুধবার বিকেলে আসনে বসে মুজিবর নানা অঙ্গভঙ্গিসহ জিকির শুরু করেন। সামনে বসা নারীদের এই অঙ্গভঙ্গি অনুকরণ করতে বলা হয়। প্রচণ্ড গরমের মধ্যে এই কষ্টসাধ্য অঙ্গভঙ্গি করতে গিয়ে বৃহস্পতিবার বুলবুলি (৪০) নামের এক নারী অসুস্থ হয়ে পড়েন। জিকির ও অঙ্গভঙ্গির ফাঁকে ফাঁকে মুজিবর সবাইকে পুনরায় অজু করে আসতে বলে বিরতি দিতেন। এই ফাঁকে তিনি চট করে খাওয়া ও অন্যান্য অত্যাবশ্যক কাজ সেরে নিতেন। এদিকে খবর ছড়িয়ে পড়ায় আশপাশের গ্রাম থেকে দলে দলে মানুষ গিয়ে ওই বাড়িতে ভিড় জমায়। শুক্রবার সকালে মুজিবর ঘোষণা করেন, সকাল আটটার মধ্যে জিনের বাদশা মাসুদকে নিয়ে আসছেন। ওই দৃশ্য দেখতে কয়েক হাজার মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে। যথাসময়ে মাসুদ ফিরে না আসায় তিনি বলেন, মাসুদ ফিরে আসছিল ঠিকই, কিন্তু কয়েকজন জিন তাকে জোর করে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এ সময় আসনে বসা ১২ বছর বয়সী এক শিশু জোরালো কণ্ঠে দাবি করে, এ দৃশ্য আয়নার ভেতর সে পরিষ্কার দেখতে পাচ্ছে।এরপর মুজিবর ঘোষণা দেন, দুপুর ১২টার মধ্যে মাসুদকে তিনি অবশ্যই হাজির করবেন। ১২টা পার হওয়ার পর তিনি বলেন, আসনে বসা কেউ গরুর মাংস খেয়ে এসেছে। এ জন্য জিনেরা আসতে পারছে না। সন্ধ্যার সময় তিনি বলেন, বাড়ির পাশের একটি পুকুরের মধ্যে জীবিত মাসুদ ভেসে উঠবে। তখন হাজার হাজার মানুষ পুকুরের চারপাশে ভিড় জমায়। এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় তিনি দেননি। রাত ১০টার দিকে ভিড় হালকা হতে থাকে। একপর্যায়ে সবার নজর এড়িয়ে পীর আসন ছেড়ে পালিয়ে যান।পরদিন শনিবার বিকেলে মুজিবর ওই বাড়িতে ফিরে এসে বলেন, এবার তাঁকে আসন পেতে দিলে অবশ্যই তিনি মাসুদকে ফিরিয়ে আনতে পারবেন। পরেরবার আসনের জিনিসপত্র কিনতে ছেলের বাবার প্রায় ১০ হাজার টাকা খরচ হয়। এবারও আসনে বসে তিনি একই রকম আচরণ করতে থাকেন। একপর্যায়ে উপস্থিত লোকজন টের পান, যে ছেলেটি আয়নায় জিন দেখেছে বলে দাবি করে, সে মুজিবরের সহযোগী। এ সময় মুজিবরের ভণ্ডামিও তারা ধরে ফেলে। মুজিবরকে তারা একটি ঘরে তালাবদ্ধ করে রাখে।রোববার ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মাধ্যমে আটক মুজিবরের সঙ্গে এ প্রতিবেদকের মুঠোফোনে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, জিনের বাদশা তাঁর কথার জবাব না দেওয়ার কারণে কাজ হয়নি। তিনি দাবি করেন, এটাই তাঁর প্রথম আসনে বসা। মুজিবর জানান, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তিনি কিছুদিন মাদ্রাসায় পড়াশোনা করেন। শিশু উদ্ধারে ১৫ হাজার টাকা চুক্তি করার ব্যাপারে মুজিবর বলেন, ‘কাজ হলে আমাকে টাকা তাঁরা খুশি মনে দিতেন। আমি তো জোর করিনি।’রোববার বিকেলে মুজিবরের এলাকার একজন কলেজশিক্ষক এসে দুই হাজার টাকা জরিমানা দিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে তাঁকে মুক্ত করে নিয়ে যান।মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম বলেন, ‘আমরা কখনোই ওই ভণ্ড পীরের কথা বিশ্বাস করিনি। তাঁর কাণ্ডকারখানার শেষ দেখার জন্য অপেক্ষা করছিলাম।’