ভন্ড পীর আবারও রিমান্ডে, গ্রেপ্তার হয়নি অন্য আসামিরা
ভন্ড পীর আমজাদ হোসেনকে আবারও এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আমজাদকে একটি মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাবিবুর রহমানের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।একই মামলায় অপর তিন আসামি নুরু মেম্বার, ইলিয়াস মাদবর ও আবুল কালামের জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে ভন্ড পীরের অপচিকিত্সার ঘটনায় মামলা করার আট দিন অতিবাহিত হলেও অন্য ১২ জন আসামি এখনো গ্রেপ্তার হয়নি।১২ এপ্রিল সিরাজদিখান থানায় করা তিনটি মামলায় ভন্ড পীরসহ ১৬ জনকে আসামি করা হয়।কোর্ট-দারোগা প্রদীপ সরকার জানান, ভন্ড পীর আমজাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত এক দিনের রিমান্ড দিয়েছেন।এর আগে ভন্ড পীরসহ আটক চার আসামিকে অন্য দুটি মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘অন্য আসামিদের ধরার চেষ্টা করছি। তাদের পাওয়া যাচ্ছে না। এখনো মামলার তদন্তকাজ চলছে।’