সুধীর ভৌমিককে মাঝেমধ্যে দেখা যায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে বাংলা একাডেমীর দিকে হেঁটে যেতে। তাঁর পেছন পেছন দুটি কুকুর হাঁটে। সুধীর ভৌমিকের কাঁধে একটি কাপড়ের পোঁটলা থাকে। হাতে থাকে ছোট লাঠি।হাঁটতে হাঁটতে হাত-মুখ ধোয়ার মতো ভঙ্গি করেন সুধীর। তারপর হাত তুলে বলেন, ‘বাদ’। একটা পর্যায়ে পোঁটলা থেকে খাবার বের করে কুকুরকে খেতে দেন। আশপাশে কিছু কাকও জুটে যায়। দশ-বারোটা কাক তাঁকে ঘিরে ডাকে।চার বছর ধরে এভাবেই সুধীরের বিচরণ সোহরাওয়ার্দী উদ্যান, রমনা কালীবাড়ি ও হাইকোর্টের আশপাশের এলাকায়। বাড়ি কোথায় জানতে চাইলে কিছুক্ষণ চুপ করে থাকেন সুধীর। তারপর বলেন, ‘আহাউরা।’ খুব বেশি কথা বলেন না। অনেকবার প্রশ্ন করলে দু-একটা উত্তর পাওয়া যায়। তবে মনোযোগ দিয়ে প্রশ্ন শোনেন।সোহরাওয়ার্দী উদ্যানের বাদামওয়ালা মন্টুর কাছ থেকে সুধীর ভৌমিক সম্পর্কে তথ্য জানা যায়। তিনি জানান, মানুষজন দেখলে কখনো হাত পেতে কিছু চান সুধীর। মাঝেমধ্যে সুধীরের এক ভাই এসে তাঁকে নিয়ে যান। মাস খানেক পর আবার সুধীর ভৌমিক চলে আসেন উদ্যানে। তাঁর ভাই থাকেন পুরান ঢাকায়। পুলিশে চাকরি করতেন। অবসরের পর একটি নিরাপত্তারক্ষী প্রতিষ্ঠানে কর্মরত। সেই ভাই মাঝেমধ্যে সুধীরকে খাবার দিয়ে যান। ভালো কাপড়চোপড় পরিয়ে দেন।সুধীর ভৌমিকের সঙ্গে হাইকোর্টের রাস্তায় ঘুমান দিনু ফকির। তিনি জানান, সুধীরকে চেনেন তিন বছর ধরে। তিনি সব সময় হাইকোর্ট এলাকায় থাকেন না। মাসে চার-পাঁচ দিনের মতো এখানে থাকেন। তিনি পোস্তগোলার শ্মশানে চলে যান।দিনু ফকির জানান, সুধীর ভৌমিকের মাথা খারাপ হয় ১০ বছর আগে। তাঁর বাড়ির সামনে আছে প্রাইমারি ও হাইস্কুল। বাড়ির সামনেই মুদি দোকান করতেন সুধীর। সেখানে চা-ও বিক্রি করতেন। নিজের জমি থেকে চাল-ডাল পেতেন। এভাবে তাঁর সংসার চলে যেত। সুধীর একসময় যাত্রাপালার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর গানের গলা ভালো ছিল। রূপভান যাত্রাপালায় রূপভানের চরিত্র করেছেন। অসুস্থ হওয়ার আগেও নিয়মিত কীর্তন গাইতেন তিনি। বছর বিশেক আগে সুধীর ভৌমিকের স্ত্রী মারা গেছেন। তাঁর মেয়ের বয়স তখন চার বছর। তিনি আর বিয়ে করেননি। তাঁর মেয়েটি বিএ পর্যন্ত পড়েছে। মেয়েকে বিয়ে দেন সুধীর। মেয়েজামাই কলেজে অধ্যাপনা করেন। বিয়ের তিন মাস পর মেয়ে ও জামাই সুধীরের বাড়িতে বেড়াতে আসেন। রাতেরবেলা মেয়ে নিখোঁজ হয়। এক দিন পর খবর পাওয়া যায়, সুধীরের মেয়ে পাশের বাড়ির এক মুসলমান ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে আবার বিয়ে করেছেন।ওই ছেলের বাপ-চাচারা রিকশা চালান। সুধীর মেম্বার-চেয়ারম্যানের কাছে বিচার চেয়ে ধরনা দেন। কিছু করতে না পেরে রাগে-অভিমানে-অপমানে সুধীর ঘরবাড়ি বিক্রি করে অন্য এলাকায় চলে যান। একপর্যায়ে তিনি মানসিক রোগে অসুস্থ হয়ে পড়েন। সুধীরের ভাই তাঁকে ঢাকায় নিয়ে আসেন চিকিৎসা করাতে। অনেক চিকিৎসার পরও সুধীরের রোগ সারেনি। তাঁকে ঘরে আটকে রাখা যায় না।দিন কয়েক আগে সুধীরকে দেখা গেছে তিন নেতার মাজারের সামনে। তিনি বৃষ্টিতে ভিজতে ভিজতে দোয়েল চত্বরের দিকে যাচ্ছিলেন। তাঁর আগে-পিছে দুটি কুকুর হাঁটছে। মাথার ওপর কিছু কাক উড়ে উড়ে চলছে। মাথা নত করে হেঁটে চলছেন সুধীর ভৌমিক।