জরাজীর্ণ ভবন আর জনবল সমস্যার মধ্যে কলাপাড়া উপজেলা ডাকঘরের কাজ চলছে। পোস্টমাস্টার মো. ইয়াকিন আলী জানান, গত নভেম্বর মাসে অডিটের সময় ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা লিখে নেন অডিট কর্মকর্তারা। দুই বছর আগে সিডরে ভেঙে গেছে জানালাগুলো। এরপর মেরামত করা হলেও এখন নড়বড়ে হয়ে গেছে। বিষয়টি পটুয়াখালীর ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কাছে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। এখানে রয়েছে আসবাবপত্রের সমস্যা। বর্তমানে আসবাবপত্র বলতে পাঁচটি চেয়ার, পাঁচটি টেবিল ও একটি কাঠের আলমারি আছে। তাও আবার ভাঙাচোরা। ১৫ জন লোকবলের স্থলে আছে আটজন। চারজন পোস্টম্যানের মধ্যে আছে একজন, অপারেটর চারজনের একজনও নেই। এ ছাড়া রানার দুজন এবং প্যাকার মেইল ক্যারিয়ার, ইডি চৌকিদার, ইডি সুইপার ও ইডি স্ট্যাম্প ভেণ্ডার পদে একজন করে কর্মরত আছেন। সরেজমিনে দেখা গেছে, দোতলা ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ইতিমধ্যে ছাদ এবং দেয়ালের অনেক স্থানের পলেস্তারা খসে পড়েছে। কোনো কোনো জায়গার রড বের হয়ে গেছে। ছাদের কোনো কোনো অংশের পলেস্তারা এমনভাবে আলগা হয়ে আছে, যেকোনো সময় তা পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। ভবনের দরজা-জানালা ভাঙা। প্রধান ফটকটির এক অংশ নেই। অপর অংশ কোনোভাবে দেয়ালের সঙ্গে আটকে আছে। একটু জোরে ধাক্কা লাগলে তাও পড়ে যেতে পারে। প্যাকার মেইল ক্যারিয়ার আবদুল কুদ্দুস মোল্লা বলেন, ‘অবস্থা এতটাই খারাপ যে এ ভবনের ওপরে উঠতে কেউ সাহস করে না।’ রানার রণজিত্ কুমার হালদার বলেন, ‘বর্ষা মৌসুমে আমাগো দুর্ভোগ আরেক দফা বাড়ে। তখন ভবনজুড়ে পড়তে থাকে বর্ষার পানি। ফলে কাগজপত্র নষ্ট যেমন হয়, অন্যদিকে কাজকর্মও করা যায় না।’স্থানীয় বাসিন্দা মো. শামসুল আলম বলেন, ‘আত্মীয়স্বজনেরা জরুরি চিঠি ও দলিলপত্র পাঠালে ঠিক সময়ে পাওয়া যায় না। দেখা যায় এসব পেতে সাত-আট দিনও লেগে যায়।’পোস্টমাস্টার মো. ইয়াকিন আলী বলেন, ‘লোকবলসংকটের কারণে অনেক সময় প্রাপকের কাছে চিঠিপত্র বা অন্য জিনিসপত্র পৌঁছানো যায় না, এটা ঠিক। এ সমস্যার সমাধান কর্তৃপক্ষ না করলে আমরা কী করতে পারি? আগামী বর্ষা মৌসুমের আগে ডাকঘরটি সংস্কার করা না হলে কাজ চালানো অসম্ভব হয়ে পড়বে।’পটুয়াখালীর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. শহিদুল ইসলাম বলেন, ‘কলাপাড়ার পোস্ট অফিস ভবনের বিষয়ে একবার নয়, কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এমনকি টেলিগ্রাম, সার্ভিস টেলিগ্রাম মেসেজ ও ফোন পর্যন্ত করা হয়েছে। এ পর্যন্ত কিছুই হয়নি। আর নতুন নিয়োগ না হলে লোকবলসংকটও সমাধান করা যাবে না।’