ভবন থেকে পড়ে ঢাকা কলেজের ছাত্রের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে আজ শনিবার ভোরে তাওহিদ জামাল (২৪) নামে ঢাকা কলেজের এক ছাত্র তাঁদের ছয়তলার ফ্ল্যাট থেকে পড়ে মারা গেছেন। তিনি ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, তাওহিদ জামাল পরিবারের সদস্যদের সঙ্গে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ১ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন। আজ সকালে জামাল তাঁদের ছয়তলার নিজ ফ্ল্যাট থেকে পড়ে যান। এতে তাঁর হাত-পা ভেঙে যায় এবং সারা শরীর থেঁতলে যায়। রক্তাক্ত অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিতৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাওহিদ জামালের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত জামালের ভাই মোস্তাক জামাল মর্গে উপস্থিত সাংবাদিকদের জানান, জামাল ঢাকা কলেজে পড়লেও সে কলেজে যেত না। পথেঘাটে আড্ডা দিত। অধিকাংশ সময় গভীর রাত করে বাসায় ফিরে ছাদে ঘুমাত। সে ছিল পরিবারের অবাধ্য সন্তান।মোহাম্মদপুর থানার অপারেশন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, নিহতের ভাই পুলিশকে বলেছেন, তাওহিদ হেরোইন, ফেনসিডিল ও গাঁজা সেবন করতেন। বহু চেষ্টা করেও এই পথ থেকে তাঁকে ফিরিয়ে আনা যায়নি। এ ব্যাপারে মোস্তাক জামাল বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেন। পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল শুক্রবার রাতে তাওহিদ বাসায় ঘুমালেও ভোরবেলা তিনি সবার অগোচরে ছয়তলা থেকে লাফিয়ে পড়েন।