ভবন ধসে, মানুষ মরে, তদন্ত হয়, শাস্তি হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে প্রায় প্রতিবছরই এক বা একাধিক ভবন হেলে পড়া বা ভেঙে পড়ার ঘটনা ঘটছে। ঘটছে প্রাণহানিও। দুর্ঘটনার পর কিছুদিন হইচই হয়। মামলা হয়। তদন্ত কমিটি হয়। তারপর আর কোনো কিছুর খোঁজ পাওয়া যায় না।এর কারণ জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন আইন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমত থানার আচরণ একটা বড় সমস্যা। সহজে তদন্ত শেষ হয় না। অভিযোগপত্র দেওয়া হয় না। সময়ের সঙ্গে সঙ্গে মামলার বিষয়ে রাজউকের আগ্রহও কমতে থাকে। আর থাকে সরকারি কৌঁসুলির অবহেলা। তেজগাঁওয়ে নাখালপাড়ার দুর্ঘটনার পর গত শনিবার নির্মাণাধীন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আল আমিন ও প্রকৌশলী শামীম আখতারের বিরুদ্ধে শিল্পাঞ্চল থানায় মামলা করেছে রাজউক। আশপাশের ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা করেছেন আরও ছয়টি মামলা। অন্য ঘটনার মতো রাজউক একটি তদন্ত কমিটিও করেছে। কিন্তু অতীত বলছে, সব তদন্ত প্রতিবেদন সব সময় প্রকাশিত হয় না। কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তথ্যও পাওয়া যায় না।রাজউক সূত্র জানায়, ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত রাজধানীতে প্রায় অর্ধশত ভবন ধসে বা হেলে পড়ার ঘটনার হিসাব আছে রাজউকের কাছে। এর মধ্যে প্রাণহানি হয়েছে এমন বড় দুর্ঘটনা রয়েছে আটটি। কিন্তু এর কোনোটির জন্য কারও শাস্তি হওয়ার নজির নেই।যোগাযোগ করা হলে রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমি চেয়ারম্যান হওয়ার পর বেগুনবাড়ি, কাঁঠালবাগান, নাখালপাড়া, গেন্ডারিয়ায় ভবনধস বা হেলে পড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর রাজউক মামলা করলেও বেশির ভাগ ক্ষেত্রে থানা থেকে অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন—কোনোটাই দেওয়া হয়নি বলে আমরা জানি। এটা করা হলে তো মামলা আদালতে উঠত এবং চূড়ান্ত শুনানির পর অপরাধ প্রমাণিত হলে শাস্তি হতো।’এ বিষয়ে স্থাপত্য ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, দুর্ঘটনার পর মামলা হলে আসামিরা সম্ভবত রাজউকের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন বোধ করেন না। তাঁদের যোগাযোগ থাকে সংশ্লিষ্ট থানার সঙ্গে।কলাবাগানে সাততলা ভবন: ১৯৯৭ সালে কলাবাগানে সাততলা ভবনের কিছু অংশ ধসে পড়লে সাতজন মারা যায়। ওই ঘটনার তদন্তকারী রাজউকের একজন কর্মকর্তা জানান, তাঁর জানামতে, একমাত্র এই মামলাটি নিষ্পত্তি হয়েছিল। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাড়ির মালিকদের কোনো শাস্তি হয়নি।ওই ঘটনায় রাজউকের করা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, ভবনটি সাততলা করা হলেও অনুমোদন ছিল চারতলার।শাহজাহানপুরে ছয়তলা ভবন: ২০০২ সালে শাহজাহানপুর ঝিলপাড়ে দেবে যায় একটি ছয়তলা ভবন। আহত হন চারজন। এ ঘটনায়ও রাজউক যথারীতি মামলা করেছে। এখনো এই মামলার অভিযোগপত্রও দেওয়া হয়নি বলে রাজউক সূত্র জানিয়েছে।শাঁখারীবাজারে ১৭ জনের মৃত্যু: ২০০৪ সালের আগস্টে শাঁখারীবাজারে ভবন ধসে মারা যায় ১৭ জন। সেই মামলারও নিষ্পত্তি হয়নি। স্পেকট্রাম গার্মেন্টসে ধস: ২০০৫ সালের ১১ এপ্রিল সাভারের পলাশবাড়ীতে নয়তলা স্পেকট্রাম গার্মেন্টস কারখানা ধসে ৩৮ জন মারা যায়। পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। কমিটির একজন সদস্য গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল ঘুরে অনেক আলামত পেলেও মালিকপক্ষ এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের সহায়তা পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনে কাঠামোগত ত্রুটির (কনস্ট্রাকশন ফেইলিউর) কারণেই ভবনটি ধসে পড়েছে বলে বলেছিলেন। কিন্তু মালিকপক্ষ বয়লার বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে বলে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বিতর্ক তৈরি করে। অথচ ভবনটির অনুমোদনই ছিল না। ফিনিক্স ভবন: ২০০৬ সালের ২৪ ফেব্রুয়ারি তেজগাঁওয়ে ধসে পড়া পাঁচতলা ফিনিক্স ভবনের নকশার অনুমোদন ছিল দোতলার। ভবনটি ভেঙে পড়ার আগ পর্যন্ত রাজউক বাড়িটির ব্যাপারে কিছুই জানত না। দুর্ঘটনা ঘটলে রাজউক মামলা করে। তবে এরপর তারা আর কোনো খবর রাখে না।বেগুনবাড়িতে ভবনধস, ২৫ মৃত্যু: রাজধানীর মধ্য বেগুনবাড়ি এলাকায় গত বছরের ১ জুন পাঁচতলা ভবন ধসে চারটি টিনশেড বাড়ির ওপর পড়লে শিশুসহ ২৫ জন মারা যায়। দুর্ঘটনার পর মালিকসহ দুজনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করে রাজউক। মালিক আব্বাস উদ্দিন কিছুদিন আটক থাকার পর জামিনে মুক্তি পান। মামলার অভিযোগপত্র হয়েছে কি না রাজউক এখনো অবগত নয়।তবে শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, দিন পনেরো আগে বাড়ির মালিক আব্বাস উদ্দিন ও ছেলে জাফর ইকবাল ডালিমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।কাঁঠালবাগানে সাততলা ভবন: গত বছরের ৭ নভেম্বর রাতে কাঁঠালবাগানে ৩০৪/১, ফ্রি স্কুল স্ট্রিটে এশিয়ান হায়দার টাওয়ারের নিচতলা ধসে এক দিকে হেলে পড়ে। এ ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিলেও শাস্তি হয়নি কারও।রাজউকের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আগেই মালিক ও নির্মাতাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তাঁরা জামিনে ছাড়া পেয়েছেন। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘জামিনে এসে তাঁরা এখন আমাদের কাছে নতুন করে ভবন নির্মাণের জন্য অনুমোদন চাইছে। ভালো প্রকৌশলী ও স্থপতি খুঁজে দিতে বলছে। কিন্তু আগে তাঁরা তা চাননি।’কাঁঠালবাগানে গিয়ে দেখা যায়, ভবনটি পুরোটাই ভেঙে ফেলা হয়েছে। ভবনটির নির্মাতাপ্রতিষ্ঠান এশিয়ান কমটেক (বিডি) লিমিটেড সম্প্রতি ফ্ল্যাট মালিকদের সঙ্গে নতুন করে চুক্তি করেছে। ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের সঙ্গে কমটেক চেয়ারম্যান শামসুদ্দিন মজুমদার ও ভূমির মালিক আলমগীর হায়দারের লিখিত চুক্তি হয়েছে। তাতে বলা হয়েছে, ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে সব ফ্ল্যাট মালিককে ওই জায়গাতেই নতুন করে ভবন তৈরি করে ফ্ল্যাট দেওয়া হবে।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ওই মামলায় এখনো অভিযোগপত্র দাখিল হয়নি। তদন্ত কর্মকর্তা দায়ী ব্যক্তিদের এখনো সঠিকভাবে শনাক্ত করতে পারেননি বলে তাঁকে জানিয়েছেন।দক্ষিণখানে তিনতলা ভবন: গত বছরের ২৬ অক্টোবর রাজধানীর দক্ষিণখান এলাকায় একটি তিনতলা ভবন ধসে দুজন মারা যায়। এ ঘটনায়ও যথারীতি মামলা হয়েছিল। কিন্তু এরপরের অগ্রগতি সম্পর্কে রাজউক কিছু বলতে পারেনি।নাখালপাড়ায় অনুমোদনের ১০ মাস আগেই কাজ শুরু: নাখালপাড়ায় ১৭তলা নির্মাণাধীন হাসপাতাল ভবনের নকশা গত ১৯ এপ্রিল অনুমোদন করা হয়। কিন্তু এর কাজ শুরু হয় গত বছরের জুনে। ১০ মাস আগে শুরু হলেও রাজউকের সংশ্লিষ্ট কোনো পরিদর্শক বা কর্মকর্তা তা জানেন না বলে দাবি করা হচ্ছে।রাজউকের প্রধান আইন কর্মকর্তা মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, রাজউক অতীতে সরাসরি মামলা না করায় অনেক মামলার নিষ্পত্তি হয়নি। এখন থেকে আদালতে সরাসরি নালিশি মামলা (সি আর) করার কথা ভাবা হচ্ছে। তাহলে অভিযোগপত্রের জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। এ ছাড়া রাজউকের ভ্রাম্যমাণ আদালতকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এতে রাজউক ঘটনাস্থলেই ইমারত নির্মাণ আইন ভঙ্গকারীকে সরাসরি জরিমানা এবং দুই বছরের জেল দিতে পারে। এই ক্ষমতা প্রয়োগ করা হবে।নকশাকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি লঙ্ঘন!: বসতি প্রকল্প নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের চুক্তি হয়। তারা ভবনের নকশা করা ছাড়াও নির্মাণস্থলে নিয়মিত তদারকি (সুপারভিশন) করবে। কিন্তু পরে আর তাদের কাজ করতে দেওয়া হয়নি। স্থাপত্য ইনস্টিটিউটের পক্ষ থেকে গত শনিবার বসতি প্রকল্পকে তলব করা হলে তারা বিষয়টি অবহিত করে। স্থাপত্য ইনস্টিটিউটের সভাপতি বলেন, ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ অনুযায়ী স্থপতি বা প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স বাতিল এবং সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীকে এবং স্থাপত্য ইনস্টিটিউট স্থপতিকে এই শাস্তি দিতে পারে। কিন্তু মালিকপক্ষ যদি চুক্তি লঙ্ঘন করে, তাহলে তো কিছু করা যায় না।রাজউক ক্ষমতা ব্যবহার করে না: নগর উন্নয়ন আইন (১৯৫৩) অনুযায়ী, রাজউকের প্রধান দায়িত্ব হচ্ছে নগর পরিকল্পনা, উন্নয়ন ও উন্নয়ন তদারকি; বিশেষ করে, ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা দেখভাল করা। কিন্তু রাজউক এসব কাজের বাইরে প্লট বিক্রি নিয়ে বছরের পর বছর সময় নষ্ট করে। বিশেষজ্ঞরা মনে করেন, লোকবল-সংকটের অজুহাত না তুলে রাজউকের উচিত তার মূল কাজের দিকে নজর দেওয়া।অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ, অথবা একেবারে অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অভিযোগে রাজউক পাঁচ হাজার ভবনের তালিকা করেছে। কিন্তু যেসব স্থপতি এসব ভবনের নকশা তৈরি করেছেন এবং যে প্রকৌশলীরা ভবন নির্মাণে সহায়তা দিয়েছেন, তাঁদের প্রায় সবাই রাজউকের তালিকাভুক্ত। ইমারত নির্মাণ আইন (২০০৬ সংশোধিত) অনুযায়ী, এদের তিন বছরের কারাদণ্ড এবং ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। রাজউক এ ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করে না বললেই চলে।অনুমোদিত নকশা অনুযায়ী, কাজ শুরুর ১৫ দিন আগে রাজউককে নির্মাতাপ্রতিষ্ঠানের অবহিত করতে হয়। কিন্তু বেশির ভাগ নির্মাতাপ্রতিষ্ঠান বা ব্যক্তিমালিক তা করে না। এটা না করার জন্য রাজউক নকশার অনুমোদন বাতিল করে শাস্তি দিতে পারে। কিন্তু এরও কোনো নজির স্থাপন করেনি রাজউক।ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী, নির্মাতাপ্রতিষ্ঠানকে ১৫ দিন পর পর কাজের অগ্রগতির প্রতিবেদন রাজউকে পাঠানোর কথা। প্রতিবেদন না দিলে নির্মাতাপ্রতিষ্ঠানকে তলব করে শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে রাজউককে, কিন্তু রাজউক সেই ক্ষমতা ব্যবহার করে না। কেবল ভবন হেলে পড়লে, ধসে পড়লে, ভেঙে পড়লে তারা তদন্ত আর মামলা করে। কিন্তু মামলা তদারকির দিকেও নজর থাকে না।