ভবন ধসে নিহত অন্তত ১২৪, ভেতরে আটকা বহু (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন আজ বুধবার সকালে ধসে পড়ে। পুলিশ জানায়, ১২৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ৬৪ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার দেশে জাতীয় শোক পালন করা হবে।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের বলেন, ‘সাভারের অধরচন্দ্র মডেল হাইস্কুল মাঠে ৯৯টি লাশ এসেছে। লাশগুলোর শনাক্তের প্রক্রিয়া চলছে। তবে স্কুলে আনার আগেই এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ২৫টি লাশ শনাক্ত করে স্বজনেরা নিয়ে গেছেন। সেই হিসাবে আমাদের পুলিশের খাতায় লাশ এখনো পর্যন্ত ১২৪টি।’ এ ছাড়া ঘটনাস্থল এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্য কোনো হাসপাতাল থেকে স্বজনেরা লাশ নিয়ে গেছেন কি না, তিনি জানেন না। এ ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই।তবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকেরা প্রথম আলো ডটকমকে জানান, হাসপাতালে আসা আটটি লাশ থেকে স্বজনেরা একটি শনাক্ত করে নিয়ে গেছেন। এর আগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি প্রথম আলো ডটকমকে বলেন, নয়তলা ওই ভবনে বিপণিকেন্দ্র, পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। ধসে পড়ার সময় সেখানে বহু মানুষ ছিল। এর ফলে বিপুলসংখ্যক মানুষ ভেতরে আটকা পড়েছে।সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। দুর্ঘটনার পর থেকে বিপুলসংখ্যক সাধারণ মানুষ উদ্ধার তত্পরতায় অংশ নিচ্ছেন। ওই ভবন থেকে শত শত আহত মানুষকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে নেওয়া হয়। এদিকে ভবনে আটকে পড়া লোকজনকে পানি ও খাবার সরবরাহ করা হয়েছে।নিখোঁজ স্বজনের অপেক্ষায় বহু মানুষ এখনো দুর্ঘটনাস্থলের আশপাশে অবস্থান করছেন। তাঁদের আহাজারি আর বিলাপে ভারী হয়ে উঠেছে সাভারের এই এলাকাটি।

অন্তত ৯৩ জন নিহত

ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) রুহুল ফোরকান প্রথম আলো ডটকমকে জানান, ভবন ধসের ঘটনায় নিহত লোকজনের মৃতদেহ বেলা তিনটার দিক থেকে সাভারের থানা রোডের অধরচন্দ্র মডেল হাইস্কুলের মাঠে আনা শুরু হয়। রাত ১১টা পর্যন্ত সেখানে ৯৩টি লাশ আনা হয়েছে। এর মধ্যে ৬৫ জনকে শনাক্ত করেছেন তাঁদের স্বজনেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যায় আশা নামের এক আহত নারীর মৃত্যু হয়েছে।এখানকার সার্বিক বিষয় তদারকি করছে পুলিশ। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ‘এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ক্লিনিক ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহ এই মাঠে আনা হয়। যাচাইবাছাই শেষে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে। এখনো মরদেহ আসছে।’এ ছাড়াও হাসপাতাল থেকে স্বজনেরা অনেকের লাশ নিয়ে গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

কাল শোক পালন করা হবে

রানা প্লাজা ধসে প্রাণহানির ঘটনায় কাল বৃহস্পতিবার জাতীয় শোক পালন করা হবে। সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।দেশের সব মসজিদে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, অফিস-আদালত খোলা থাকবে।

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ভবন ধসের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের চিকিত্সা, ত্রাণ ও পুনর্বাসনের জন্য সব কিছু করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ১৮ দলীয় জোটের হরতাল না থাকলে উদ্ধার কাজ আরও দ্রুত করা যেত।

দুর্ঘটনার ব্যাপারে ফায়ার সার্ভিসের ডিজির বক্তব্য

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার আলী আহমেদ দুপুর ১২টার দিকে প্রথম আলো ডটকমকে জানান, ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশে যায়নি। ধসে পড়া ভবনের নিচে কিছু ফাঁকা জায়গা আছে। সেখান দিয়ে ভেতরে ঢুুকে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছেন। কিছু ফাঁকা জায়গায় অক্সিজেনের অভাব থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।

নয়তলা ভবনে বহু প্রতিষ্ঠান

সাভার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই নয়তলা রানা প্লাজা ভবনটি। এতে ভূগর্ভস্থ তলায় গাড়ি রাখার জায়গা। দ্বিতীয় তলার বিপণিকেন্দ্রে বহু দোকান ছিল। তৃতীয় থেকে সপ্তম তলা পর্যন্ত পোশাক কারখানা। এর ওপরের দুটি তলা খালি ছিল। ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছিল প্রথম তলায়।

ফাটলের পরও ঝুঁকি নেই জানিয়েছিলেন ইউএনও

ওই ভবনের তৃতীয় তলার একটি পোশাক কারখানায় ফাটল দেখা দিয়েছিল। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদার সেটি পরিদর্শনে যান। তখন তিনি সাংবাদিকদের জানান, ভবনটি ভেঙে পড়ার কোনো কারণ নেই। এ ব্যাপারে আজ বক্তব্য জানার জন্য ইউএনওর সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।

মালিকের বিরুদ্ধে ক্ষোভ

রানা প্লাজার মালিক সোহেল রানা। দুর্ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও আটকা পড়া ব্যক্তিদের স্বজনেরা মালিকের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, ফাটল দেখা দেওয়ার পরও ভবনটিতে কাজ চালিয়ে যাওয়ার কথা বলায় আজ এত মানুষ জীবনের ঝুঁকিতে পড়েছে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শোক প্রকাশ

এ ঘটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।