ভবন ধসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
সাভারে ভবন ধসের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকারকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এ তথ্য জানান। এ ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকার পুলিশ সুপার, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের একজন পরিচালক, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব বা জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। মন্ত্রী বলেন, কমিটির তদন্ত প্রতিবেদনের আগে সাভারে ভবন ধসের বিষয়ে কিছু বলা যাবে না। স্তম্ভ ধরে নাড়া দেওয়ায় ভবনধস হয়েছে কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলেন জানান মন্ত্রী।ভবন ধসের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, রাষ্ট্র আইনের সূত্র অনুযায়ী কাজ করে। কাজ দিয়ে দিয়ে বিচার করা যাবে না।গতকাল বুধবার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১৭৫ জনের লাশ তালিকাভুক্ত করেছে পুলিশ। ভবনটিতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধারকাজ চলছে।