ভবন নির্মাণে প্রতারক চক্র গড়ে উঠেছে
চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সব সময় রাজধানীকে নগরবাসীর ব্যবহারের উপযোগী ও নিরাপদ করতে সচেষ্ট। এ জন্য নিয়মিত কার্যক্রমও পরিচালিত হচ্ছে। গত ছয় মাসের পরিসংখ্যান যদি আপনারা দেখেন, এ সময়ের মধ্যে রাজউক ৫০টিরও বেশি অবৈধ স্থাপনা অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে ব্যাপক সংস্কার প্রস্তাব হাতে নিয়েছি। তবে রাতারাতি আমূল পরিবর্তন দেখা সম্ভব নয়। নগরের উন্নয়নে দরকার সময়। আমি শুরু থেকে নানা রকম অনিয়ম ও অসুবিধা দূর করার জন্য, সমস্যা থেকে উত্তরণের জন্য কর্মসূচি হাতে নিয়েছি। তবে রাজউকের বেশ কিছু সীমাবদ্ধতা এখনো রয়েছে। রাজউকের ৫৯০ বর্গমাইল আয়তন। এ আয়তন দেখাশোনা করার জন্য যে পরিমাণ জনবল থাকা দরকার, তা আমাদের নেই। যেমন একটা এলাকার জন্য যেখানে ১৬ জন কর্মকর্তা থাকা দরকার, সেখানে আছে চার-পাঁচজন। ম্যাজিস্ট্রেট আছেন মাত্র একজন। নেই পর্যাপ্তসংখ্যক অথোরাইজড কর্মকর্তা। জনবল সমস্যার কারণে অনেক কর্মসূচি চাইলেও দ্রুত বাস্তবায়ন সম্ভব নয়। বর্তমানে রাজউক এলাকার অধীনে কম-বেশি পাঁচ হাজার স্থাপত্য রয়েছে, যেগুলোর কোনোটিরই অনুমোদন নেই। কোনোটি আবার নকশা-বহির্ভূত করা হয়েছে। সম্প্রতি যে ভবনটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটল, ওই বাড়িটিও আমাদের ভেঙে দেওয়ার তালিকায় ছিল। কিন্তু জনবল স্বল্পতার কারণে যথাসময়ে তা আমরা করতে পারিনি। এর আগেই দুর্ঘটনাটি ঘটে গেল। আমরা এখন ঝুঁকির মাত্রা বিবেচনায় অভিযান চালাব। ইতিমধ্যে জনবলের জন্য আবেদন করা হয়েছে। আশা করছি, খুব শিগগির পেয়ে যাব। তখন আমদের কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। তবে রাজউকের আবার বেশ কিছু আইনগত সীমাবদ্ধতাও রয়েছে। আমরা কোনো অবৈধ স্থাপনার বিরুদ্ধে নোটিশ পাঠালে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন। ফলে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুরো আইনি-প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগে। কিন্তু এ সময় আমরা কোনো অভিযান পরিচালনা না করলেও স্থাপত্যের মালিক বসে থাকেন না। তাঁরা অবৈধ নির্মাণ শেষ করে ফেলেন, বিশেষ করে কতিপয় অসাধু ল্যান্ড ডেভেলপার কোম্পানি এটা করছে। কয়েকটি সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা মামলার স্থগিতাদেশের অজুহাতে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে। অনেক ক্ষেত্রেই এ চক্র ভবন নির্মাণ শেষে বিক্রি করে কেটে পড়ে। ফলে মামলার প্রক্রিয়া শেষে ওই বাড়ির বিরুদ্ধে রাজউক যখন ব্যবস্থা নিতে চায়, তখন সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ে। জনগণকে সচেতন হতে হবে। তাই আপনারা যাঁরা পরিশ্রমের টাকায় কোনো ফ্ল্যাট কিনতে যাবেন, তার আগে অবশ্যই রাজউকে এসে খোঁজ নেবেন। বাড়িভাড়া নেওয়ার আগেও জেনে নিন সেই বাড়ির নকশা আছে কি না, নকশা-বহির্ভূত কি না। রাজউকের নির্দিষ্ট শাখায় এসে এ বিষয়ে খোঁজখবর নেওয়া খুব সহজ। নিজের জীবনের নিরাপত্তার জন্য আমাদের এটা করা উচিত। (অনুলিখন)