ভবন বদল হলেও মান বাড়েনি স্বাস্থ্যসেবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোস্তপাড়ার আবদুস সাত্তারের স্ত্রী সবুরা খাতুন (২৫) চিকিত্সার জন্য এসেছেন সোনাখাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এখানে বসে থেকেও তিনি দেখা পাননি চিকিত্সকের অথবা ওই কেন্দ্রের কোনো কর্মচারীর। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘টেহা খরচ কইরা এই হানে আইসা কুনু লোক পাওয়া যায় না। আমাগোরে আসা-যাওয়ায় টেহাও নষ্ট অইলো, দিনও পার অইয়া গেল।’ ১৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দুপুর ১২টায় গিয়ে দেখা যায়, সেখানে দায়িত্বপ্রাপ্ত কেউ নেই। ভেতরে কয়েকজন মহিলা রোগী বসে আছেন। অপেক্ষা করছেন, কখন চিকিত্সক আসবেন। খোঁজ নিয়ে জানা গেল, এ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিত্সা কর্মকর্তা হিরেন্দ্রনাথ সরকার ছুটিতে, পরিদর্শক কমল সরকার ফিল্ডে আছেন, পিয়ন আবদুল হালিম বাজারে গেছেন আর আয়া ফেরদৌসী খাতুন সিরাজগঞ্জ থেকে আসেননি। ফলে এদিন সেখানে অঘোষিত ছুটির অবস্থা বিরাজ করছিল। সকাল থেকে অপেক্ষা করে অনেক রোগী ফেরত গেছেন বলে জানালেন কয়েকজন। কেন্দ্রটির পাশে গাছ চিরাইয়ের কাজ করছিলেন দিনমজুর আবুল হোসেন। তিনি বললেন, ‘সকাল থেইক্যা এই হানে অনেক রোগী আইসা কাউকে না পাইয়া ফিরা গেছে।’ পাশের সুজিত কুমার বলেন, শুধু এদিনই নয়, কোনো দিনই এখানে ঠিকমতো চিকিত্সাসেবা পাওয়া যায় না। সোনাখাড়া ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য দীনেশচন্দ্র বসাক বলেন, ফিল্ডে যাওয়ার কারণে কখনো কখনো তাঁদের এখানে পাওয়া যায় না। আবার তাঁরাও ঠিকমতো দায়িত্ব পালন করেন না। চিকিত্সা নিতে আসা জমসের আলীর স্ত্রী মরিয়ম খাতুন (২০) বলেন, ‘এর আগে এক দিন আইসা ফেরত গেছি। আইজকাও কেউ নাই। খালি হাসপাতালডাই বদলাইছে। আমাগোর কপাল বদলায় নাই।’ কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কেউই ভবনের নির্ধারিত বাসায় থাকেন না বলে এলাকাবাসী জানান। ফলে গত নভেম্বর মাসে প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে ভবনই শুধু নির্মিত হয়েছে, কিন্তু ইউনিয়নবাসীর চিকিত্সাসেবা নিশ্চিত হয়নি বলে তাঁরা জানান। এ ব্যাপারে চঞ্চল কুমার জানান, চিকিত্সক দু-এক দিন থাকলেও সারা মাস তাঁর পরিবারের লোকজনই শুধু এখানে থাকেন। এ ব্যাপারে হিরেন্দ্রনাথ সরকার বলেন, ‘আমি আজকে (১৩ ফেব্রুয়ারি) ছুটিতে আছি। নিয়মিত বাসায় থাকার চেষ্টা করি।’ স্বাস্থ্যকেন্দ্রটির এমন অবস্থার বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি এখানে অল্প দিন হলো এসেছি।’ অনিয়ম হয়ে থাকলে খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।এ বিভাগের চিকিত্সা কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন, একজন ছুটিতে থাকলে আর কেউ কেন্দ্রটিতে থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।