ভবন সংস্কারে লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ছয়টি উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন, অডিটরিয়াম, আবাসিক ভবন সংস্কার ও মেরামতকাজে অনিয়ম-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। কোনো ধরনের সংস্কার না করে পুরোনো বিল্ডিং চুনকাম করে ঢেকে দেওয়া হয়েছে। নামমাত্র কাজ করে বরাদ্দ করা সিংহভাগ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ টাকা সংশ্লিষ্ট উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী ও সরকারদলীয় নেতা-কর্মীদের মধ্যে ভাগ-বাটোয়ারা করা হয়েছে। উপজেলা পরিষদ সূত্র জানায়, এলজিআরডি মন্ত্রণালয় থেকে ২০০৯-১০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় জেলার ছয়টি উপজেলায় এক কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় ২৫ লাখ, গোবিন্দগঞ্জে নয় লাখ, সাঘাটায় সাড়ে আট লাখ, পলাশবাড়ীতে ২৩ লাখ, সাদুল্যাপুরে ৩৯ লাখ ও গাইবান্ধা সদর উপজেলায় ২৫ লাখ টাকা দেওয়া হয়। এই টাকা দিয়ে উপজেলাগুলোর প্রশাসনিক ভবন, ডরমেটরি, অডিটরিয়াম, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন মেরামত ও সংস্কার করার কথা। গত জুন মাসের প্রথম দিকে ওই টাকা বরাদ্দ দেওয়া হয়। ৩০ জুনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়। কাজ শেষ করতে অল্পদিন সময় বেঁধে দেওয়ায় তড়িঘড়ি করে শুরু হয় সংস্কারকাজ। এলাকাবাসীর অভিযোগ, এতে করে যেন লুটপাটের পথ প্রশস্ত হয়। নামমাত্র কাজ করে কোনো উপজেলায় অর্ধেক, কোনো উপজেলায় সিংহভাগ টাকা আত্মসাতের ঘটনা ঘটে। এমনকি একাধিক উপজেলায় কাজ করার আগেই বিল তোলারও নজির রয়েছে। এসব কাজ পান উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের সমর্থক ঠিকাদার ও সরকারদলীয় নেতা-কর্মীরা।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উন্নয়ন প্রকল্পটির আওতায় লোকদেখানো কিছু কাজ করে কোনো উপজেলায় অর্ধেক, কোনো উপজেলায় সিংহভাগ টাকাই আত্মসাৎ করা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভবন সংস্কারের জন্য গত ২৪ মে ২৫ লাখ টাকার টেন্ডার ডাকা হয়। এই টাকা দিয়ে পরিষদের একটি ডরমেটরি, একটি অডিটরিয়াম, দুটি আবাসিক ভবন ও সাতটি বিদ্যালয় সংস্কারের কথা। বাস্তবে এর এক-তৃতীয়াংশ কাজও হয়নি। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, নানা কাজেই তো উপজেলা পরিষদে যেতে হয়। কিন্তু সেখানে সংস্কার কিংবা মেরামতের কাজ হচ্ছে বলে তো চোখে পড়েনি। কেবল দু-একটি ভবনে চুন করে পুরোনো বিল্ডিংয়ের দেয়াল ঢেকে দেওয়া হয়েছে। সিংহভাগ টাকা সংশ্লিষ্ট দায়িত্বশীল জনপ্রতিনিধি ও কর্মকর্তারা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন। এ ধরনের অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তাঁরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরগঞ্জ উপজেলা মত্স্য কার্যালয়ের এক কর্মচারী বলেন, দীর্ঘদিন ধরে এখানে চাকরি করছি। চোখের সামনে সামান্য কাজ করে পুরো বিল তুলে নিচ্ছে রাঘববোয়ালেরা। টাকা ভাগবাটোয়ারার কথাও শুনেছি। কিন্তু বলার কিছু নেই।’এদিকে খোঁজ নিয়ে জানা যায়, জুন ক্লোজিংয়ের অজুহাতে কাজ না করেই পুরো কাজ সম্পন্ন দেখিয়ে ৩০ জুনের মধ্যে বরাদ্দের সমুদয় টাকা তোলা হয়। উপজেলার চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বলেন, ভাগ-বাটোয়ারা কিংবা আত্মসাতের অভিযোগ সঠিক নয়। তবে জুন ক্লোজিংয়ের কারণে কাজের আগেই টাকা তুলে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে কাজ করে দেওয়া হয়েছে।সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী আনোয়ারুল আলম বলেন, চেয়ারম্যানের সমর্থক ও দলীয় লোকজনকে কাজ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে। কাজ বুঝে নেওয়ার পর বিল পরিশোধ করা হয়েছে। কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি।গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন, কর্মকর্তাদের আবাসিক ভবন সংস্কার ও মেরামতের জন্য নয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথমে কাজের জন্য দরপত্র আহ্বান করে ক্ষমতাসীন দলের চাপে তা বাতিল করা হয়। পরে কোটেশনের মাধ্যমে কাজের দায়িত্ব দেওয়া হয় উপজেলা চেয়ারম্যানের সমর্থক ও সরকারদলীয় ঠিকাদার আতিক মিয়াকে।আতিক বলেন, ‘কোটেশনে অংশ নিয়ে কাজ পেয়েছি। নিয়ম অনুযায়ী সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন করেছি।’ গোবিন্দগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, নানা কাজে প্রায়ই উপজেলা পরিষদে যেতে হয়। কিন্তু মেরামতের কাজ তেমন একটা চোখে পড়েনি। কেবল লোকদেখানো কিছু কাজ করে সিংহভাগ টাকা ভাগ- বাটোয়ারা হয়েছে।তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহেদ বলেন, ‘কাজে অনিয়মের কোনো অভিযোগ পাইনি।’ এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পরিষদের প্রশাসনিক ও আবাসিক ভবনে রং ও চুনকামের কিছু কাজ করে বিল তুলে নেওয়া হয়েছে। উপজেলা শহরের পান্তাপাড়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, উপজেলা প্রকৌশলীকে পিসি (পারসোনাল কমিশন) দিয়ে সম্পূর্ণ বিল তুলে নেওয়া হয়েছে। তবে উপজেলা প্রকৌশলী আহসান কবির পিসি নিয়ে বিল প্রদানের অভিযোগ অস্বীকার করেন। উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ঠিকাদার যেকোনো দলের সমর্থক হতে পারেন। এটা তাঁর ব্যক্তিগত বিষয়। তবে দলীয় লোক হিসেবে তাঁকে কাজ দেওয়া হয়নি। কোটেশনে অংশ নিয়েই তিনি কাজ পেয়েছেন। তিনি বলেন, ‘জেলার মধ্যে গোবিন্দগঞ্জ সবচেয়ে বড় উপজেলা হলেও বরাদ্দ পেয়েছি মাত্র নয় লাখ টাকা। সংশ্লিষ্ট দপ্তরে দেনদরবার করাসহ উেকাচ দেওয়া হয়নি বলে বরাদ্দ কম দেওয়া হয়েছে। এই সামান্য টাকায় আত্মসাৎ করব কী আর কাজ করব কী। আত্মসাৎ ও ভাগ-বাটোয়ারার অভিযোগ ভিত্তিহীন। আমার প্রতিপক্ষ এসব অপপ্রচার চালাচ্ছে।’সাদুল্যাপুর উপজেলা পরিষদ ভবন, আবাসিক ভবন, ডরমেটরি ভবন সংস্কার ও মেরামতের জন্য দুই দফায় ৩৯ লাখ টাকার টেন্ডার ও কোটেশন আহ্বান করা হয়। এসব কাজ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগদলীয় ঠিকাদারেরা ভাগ করে নেন। সাদুল্যাপুর শহরের ইদ্রাকপুর এলাকার কলেজশিক্ষক মাহবুব আলম বলেন, ‘প্রশাসনিক কাজে প্রায়ই উপজেলা পরিষদে যেতে হয়। কিন্তু বরাদ্দ অনুযায়ী যে পরিমাণ কাজ হওয়ার কথা তা চোখে পড়েনি। শুনেছি, দরপত্র মোতাবেক কোথাও কাজ হয়নি। কেবল কয়েকটি কক্ষে টাইলস, ফিটিংস, জানালা-দরজা রং ও চুনকাম করে অর্ধেক টাকা আত্মসাৎ করা হয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক সাদুল্যাপুর উপজেলা কৃষি কার্যালয়ের এক কর্মচারী বলেন, ‘আমরা ছোট পদে চাকরি করি। তাই প্রতিবাদ করতে পারি না। শুনেছি, জেলার মধ্যে এই উপজেলায় সংস্কার কাজের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সে রকম সংস্কারকাজ তো চোখে পড়ছে না।’সাদুল্যাপুর উপজেলা শহরের কাজিবাড়ি সন্তোলা এলাকার ব্যবসায়ী আবদুল কুদ্দুস (৪২) বলেন, ‘উপজেলা পরিষদ ভবনের পাশেই আমার বাড়ি। উপজেলা পরিষদের কর্মচারীদের একটি আবাসিক কোয়ার্টার প্রায় ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেটিও গত জুন মাসে রং ও চুনকাম করে সংস্কার করা হয়েছে বলে দেখানো হয়েছে। চুন করার পরও এখানে কেউ থাকেন না।’ উপজেলার চেয়ারম্যান খাদেমুল ইসলাম বলেন, আত্মসাৎ, লুটপাট ও দলীয় সমর্থকদের কাজ দেওয়ার অভিযোগ ঠিক নয়। টেন্ডারে অংশ নিয়েই ঠিকাদারেরা কাজ পেয়েছেন। সংস্কারের কাজে কোনো অনিয়ম হয়নি। পলাশবাড়ী উপজেলা পরিষদ ভবন, আবাসিক ভবন, অডিটরিয়াম সংস্কার ও মেরামতে ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কয়েকটি ভবনে শুধু চুনকাম করে পুরোনো বিল্ডিং ঢেকে দেওয়া হয়েছে। দু-একটি অফিসে টাইলস বসানো হলেও দরপত্র অনুযায়ী তা করা হয়নি। মেরামতের কাজ তো করাই হয়নি। ওইটুকু কাজ করেই বেশির ভাগ টাকা ভাগ-বাটোয়ারা হয়েছে। পলাশবাড়ী শহরের অবসরপ্রাপ্ত চাকরিজীবী আবদুর রহিম বলেন, বরাদ্দ করা টাকার পরিমাণের তুলনায় কাজের যেন অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে যেনতেনভাবে সংস্কারের কাজ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী শামসুজ্জোহা যোগসাজশের অভিযোগ অস্বীকার করে বলেন, শিডিউল অনুযায়ী সংস্কার ও মেরামতের কাজ বুঝে নেওয়া হয়েছে। উপজেলার চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বলেন, লুটপাট, ভাগ-বাটোয়ারা ও দলীয় ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগ সঠিক নয়। টেন্ডার করে লটারির মাধ্যমে কাজ দেওয়া হয়। কাজ পাওয়া ঠিকাদারেরা ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত থাকতে পারেন। সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। অন্যান্য উপজেলার চেয়ে এখানে প্রায় শতভাগ কাজই হয়েছে। সাঘাটা উপজেলায় আবাসিক ভবন, ডরমেটরি বিল্ডিংসহ বিভিন্ন অফিস ভবন মেরামতের জন্য সাড়ে আট লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। অন্যান্য উপজেলার মতো এখানেও উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগদলীয় ঠিকাদারদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়। সাঘাটা উপজেলা শহরের এনজিওকর্মী জাকিরুল ইসলাম বলেন, কয়েকটি ভবনে টাইলস, ফিটিংস, জানালা-দরজা রং ও চুনকাম করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে নামমাত্র কাজ করে অর্ধেক টাকা ভাগ-বাটোয়ারা করে নেওয়া হয়েছে। দরপত্র মোতাবেক কোথাও কাজ হয়নি।উপজেলার চেয়ারম্যান গোলাম শহীদ লুটপাট ও আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, দলীয় সমর্থকদের নয়, টেন্ডার করে লটারির মাধ্যমে কাজ দেওয়া হয়েছে। তবে কোনো অনিয়ম হয়নি। ঠিকাদারদের কাছ থেকে কাজ বুঝে নেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী সামিউল ইসলামও কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে টাকা ভাগ-বাটোয়ারার অভিযোগ অস্বীকার করেন।গাইবান্ধা সদর উপজেলা পরিষদ ভবন, আবাসিক ভবন সংস্কার ও মেরামতকাজের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। উপজেলা অডিটরিয়াম, চেয়ারম্যানের অফিস, নির্বাহী কর্মকর্তার অফিস ভবনের বারান্দা ও উপজেলা প্রকৌশলীর কক্ষে টাইলস বসানো হয়। উপজেলা সিপিবির সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, প্রশাসনিক কাজে সব সময় উপজেলা পরিষদে যেতে হয়। কিন্তু যে পরিমাণ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সে পরিমাণ সংস্কারের কাজ চোখে পড়েনি। উপজেলা প্রকৌশলী মোটা অঙ্কের ঘুষ নিয়ে ঠিকাদারকে বিল দিয়ে দিয়েছেন। তিনি বলেন, এটা সরকারের বার্ষিক উন্নয়ন প্রকল্প নয়। দলীয় ঠিকাদার ও নেতা-কর্মীদের উন্নয়ন কর্মসূচির শিডিউল মোতাবেক কোথাও কাজ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপজেলা কর্মকর্তা বলেন, বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে কাজের পরিমাপ করা হলে ১৫ লাখ টাকার কাজও খুঁজে পাওয়া যাবে না। উপজেলা প্রকৌশলী আবুল মুনছুর উেকাচ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, দরপত্রের শর্ত অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়েছে। সরকারদলীয় ঠিকাদারকে কাজ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, টেন্ডারের মাধ্যমে কাজ দেওয়া হয়। তিনি বলেন, বিভিন্ন দলের ঠিকাদারেরা কাজ পেয়েছেন। উপজেলার চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, লুটপাট ও আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। অন্যান্য উপজেলার চেয়ে সদর উপজেলাতেই সবচেয়ে ভালো কাজ হয়েছে। ঠিকাদারদের কাজে অনিয়মের সুযোগ দেওয়া হয়নি।