ভবন হবে ভাবনাশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট-পাথর ও ইস্পাতের তৈরি ভবন যদি মানুষের মতো ভাবে, অনুভূতিশীল হয়—ব্যাপারটা কেমন দাঁড়াবে? ভাবছেন রূপকথা! স্থপতি ফিলিপ বেসলির মতে, জড় শহরগুলোকে ভাসমান অরণ্যের মতো করে তোলা সম্ভব। তখন ভবনগুলো চিন্তা করতে পারবে, নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারবে, যা দেবে তাকে শোধন করার ক্ষমতা। প্রযুক্তিগুণে ভবনগুলোর থাকবে মানুষের মতো অনুভূতি।গত মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্থপতি ও গবেষকেরা অনুভূতিশীল ভবন নির্মাণের কাঠামো নিয়ে বিরামহীন কাজ করে যাচ্ছেন। বাতাস, গ্যাস আর রাসায়নিক তরলের সঙ্গে নির্মাণসামগ্রীর সমন্বয় ঘটিয়ে প্রচলন ঘটানোর চেষ্টা চলছে নতুন প্রযুক্তির, যা হবে এক যুগান্তকারী ঘটনা। লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়েও গেছেন তাঁরা।উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মাসদার শহরের কথা বলা যায়। শহরটি হবে পুরোপুরি পরিবেশবান্ধব। জ্বালানি স্বনির্ভর শহরটিতে সূর্যের আলোকে জ্বালানিতে পরিণত করা হবে। এ ছাড়া ব্যবহার করা হবে নবায়নযোগ্য জ্বালানি। মাসদার শহর হবে গাড়িমুক্ত। মাসদার শহরে এমন একটি ভবন নির্মাণ করা হয়েছে, যার বাইরের দেয়াল মরুর গরম হাওয়া ঠেকাবে এবং বাতাস ঠান্ডা করবে। ২০২০ থেকে ২০২৫ সালনাগাদ পুরো শহরের নির্মাণকাজ শেষ হতে পারে।ভবিষ্যতে ভবন নির্মাণে এমন প্রযুক্তি ব্যবহারের কথা বলা হচ্ছে, যার ফলে ভবন এক জায়গা থেকে অন্যত্র সরে যেতে পারবে। ভবনের থাকবে নিজস্ব শীতাতপ নিয়ন্ত্রণের সক্ষমতা। বাতাস পরিশোধন করে পরিবেশ রাখতে পারবে পরিশুদ্ধ। ভবনের থাকবে চিন্তা ও অনুভূতিশক্তি। এই শক্তির সহায়তায় প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারবে জড় ভবন। পরিবেশ রক্ষায় প্রাকৃতিক বনের ভূমিকা পালন করতে সক্ষম হবে আগামীর শহর।