ভবনগুলো এমনভাবে দুলছিল যেন ভেঙেই পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা যেন ছিল ভয়ংকর দুঃস্বপ্নের একটি দিন। রাজধানী টোকিওর অদূরে কাজুমেগাসেকিতে জাপানের ‘হোম অব গভর্নমেন্ট’ বলে পরিচিত এলাকায় ছিলাম আমি। এখানে অনেক বহুতল ভবনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যালয় রয়েছে। এসব বহুতল ভবন যেন কাজুমেগাসেকিকে ঘিরে রেখেছে।পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় প্রেসক্লাব ভবনের সড়কের মাঝামাঝি স্থানে ছিলাম আমি। হঠাৎ করেই যেন পায়ের নিচের মাটি একটু কেঁপে উঠল। বিষয়টা ভালোভাবে বুঝতে একটু সময়ও লেগে গেল। কিন্তু ভালোভাবেই বুঝতে পারলাম শক্তিশালী ভূমিকম্প হচ্ছে, যার প্রত্যক্ষদর্শী আমিও। ভূমিকম্পের বিষয়টি আমার একটু দেরিতে বোঝার কারণ হলো, জাপানে ছোটখাটো ভূমিকম্প তো অহরহই আঘাত হানে। জাপানে নতুন এলে ছোটখাটো ভূমিকম্পেই সবাই সচকিত হন। প্রথম দিকে আমারও তেমনটাই হয়েছিল। তবে এখন এমন ভূমিকম্পগুলো আমাকে রাতের ঘুম থেকেই জাগাতে পারে না।যা-ই হোক, খুব দ্রুতই আমি বুঝতে পারলাম ছোটখাটো নয়, একেবারেই অন্য রকম ভূমিকম্পের মুখোমুখি আমি। এরই মধ্যে দেখতে পেলাম, বিভিন্ন ভবন থেকে লোকজন ছুটে বেরিয়ে আসছে। সবার চোখেমুখে আতঙ্কের ছাপ। আশপাশের ফাঁকা জায়গার দিকেই ছুটছে সবাই। যেন কোনোভাবেই ভূমিকম্পের কারণে বিধ্বস্ত কোনো ভবনে আটকা পড়তে না হয়। তাদের এই ছোটাছুটি আমাকেও আতঙ্কিত করে তোলে। আমিও আশপাশে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকি। সেই মুহূর্তে আমার চোখ যেন আটকে গেল আশপাশের বিভিন্ন বহুতল ভবনের দিকে। ওই ভবনগুলো এমনভাবে দুলছিল, যেন ভেঙেই পড়বে। দেখলাম একটি ভবনের ছাদে টেলিফোনের অ্যান্টেনা এদিক-ওদিক দুলছে। একটু পরেই যেন সংবিৎ ফিরে পেলাম। আমি যে দাঁড়িয়ে আছি বিশাল বৈদ্যুতিক খুঁটির পাশে! ভূমিকম্পে সেই খুঁটিও দুলছিল। আর ওই খুঁটি যেন আমার দিকে তাকিয়ে বলছিল—যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে সরে যাও! কিছুক্ষণের মধ্যেই সড়কটি যেন জনস্রোতে পরিণত হলো। আমি ঘড়ির দিকে তাকালাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত সময়ের তখন মিনিট দশেক বাকি। তা মাথায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আবারও হাঁটা শুরু করলাম। সেখানে পৌঁছে দেখি নিরাপত্তার জন্য লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। হেঁটেই সপ্তম ফ্লোরে উঠে গেলাম। আমরা নির্ধারিত আলোচনা শুরু করলাম। হঠাৎ বুঝতে পারলাম পুরো ভবন কাঁপছে। আমি ভীত হয়ে পড়লাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তিনিও বিষয়টি খেয়াল করলেন। তিনি আমাকে পাশের কক্ষে নিয়ে গেলেন। আবারও আলোচনা শুরু করলাম। তারপর আরও কয়েকবার ভূকম্পন অনুভূত হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে এসে দেখি পাতাল ও কমিউটার রেল বন্ধ করে দেওয়া হয়েছে। আমি হেঁটে হিবিয়া পার্ক পেরিয়ে বিদেশি সাংবাদিকদের জন্য নির্ধারিত ক্লাবের দিকে রওনা দিলাম। এই পার্কটি বিভিন্ন কার্যালয়ের বহুতল ভবন দিয়ে যেন ঘেরা ছিল। ভূমিকম্পের কারণে এসব ভবন থেকে নেমে আসা মানুষে ভর্তি হয়েছে গেছে পার্কটি। দেখলাম পার্কের একটি বেঞ্চের মধ্যে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন একজন নারী। কয়েকজন মিলে ঘিরে ধরে তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। তিনি কেন কাঁদছেন, তা বুঝতে পারছিলাম না। পরে অনুমান করলাম, ভূমিকম্প আর সুনামিতে সবচেয়ে বিধ্বস্ত এলাকাগুলোর কোনো একটিতে তাঁর খুব কাছের কেউ থাকেন। ক্লাবে এসে আবারও আমাকে বহুতল ভবনে উঠতে হলো লিফট ছাড়াই। ভবনটির দ্বাদশ ফ্লোরে আমাদের ক্লাব। নিরাপত্তার স্বার্থে দুটি লিফটই বন্ধ করে দেওয়া হয়েছে। পথে কোনো যানবাহন চোখে পড়েনি। নিরাপত্তার জন্যই সব বন্ধ করে দেওয়া হয়েছে। যান চলাচল শুরু না হলে আমাকে রাতে এখানেই থাকতে হবে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্প প্রত্যক্ষ করার বর্ণনা আমি এই ক্লাবে বসেই লিখলাম। আমি নিজেকে অনেক ভাগ্যবান ভাবছি। ভূমিকম্পে সবচেয়ে বড় ঝাঁকুনির সময় আমি রাস্তায় ফাঁকা জায়গার মধ্যে ছিলাম। পরে আমার একজন সহকর্মী ওই সময় পাতালরেলে আটকে পড়ে তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাকে জানান। তাঁর বর্ণনা এমন, ‘হঠাৎ করেই পাতালরেল যেন ছোট একটি নৌকায় পরিণত হয়ে আশঙ্কাজনক গতিতে চলতে থাকল। আমি চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকলাম। পরের স্টেশনে রেল থামলে আমি নেমে পড়ি। দ্রুত একটি ট্যাক্সি নিয়ে এই ক্লাবে চলে আসি।’আমি এই প্রতিবেদন লেখার সময় ৪০ জনের মৃত্যুর খবর পেয়েছি। আহত ও নিখোঁজ হয়েছে অসংখ্য। আমি নিশ্চিত, আগামীকাল সকালে উঠে এই দুর্যোগে মৃতের সংখ্যা অনেক অনেক বেড়ে যাবে। আজকের (শুক্রবার) এই ভূমিকম্প জাপানে এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল টোকিওতে ১৯২৩ সালে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯। ওই ভূমিকম্পে এক লাখ মানুষ প্রাণ হারায়।এই দুর্যোগ মোকাবিলায় করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী নাওতো কান মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে ধৈর্য ধরে শান্ত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঞ্জুরুল হক: প্রথম আলোর টোকিও প্রতিনিধি ও জাপানের বিদেশি সংবাদদাতা সমিতির (এফসিসিজে) সাবেক সভাপতি।