ভবনগুলোতে কর্মকর্তারা বসবাস করেন না
সরকারি আবাসিক ভবনগুলোতে সরকারি কর্মকর্তারা বসবাস না করায় বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বিনা ভাড়ায় পড়ে রয়েছে জয়পুরহাটের সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবনগুলো। জয়পুরহাট গণপূর্ত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে ১৯৮৮-৮৯ অর্থবছরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এক হাজার বর্গফুটের দুটি ভবনে ছয়টি করে ১২টি ফ্লাট এবং একই অর্থবছরে ৩০ লাখ টাকা ব্যয়ে এক হাজার ২৫০ বর্গফুটের আরেকটি ভবন নির্মিত হয়। তিনটি ভবনে মোট ১৮টি ফ্লাট রয়েছে। প্রতিটি এক হাজার ইউনিটের দুটি ভবনে নির্মাণব্যয় হয় ৫০ লাখ এবং এক হাজার ২৫০ বর্গুফুটের ভবনের নির্মাণব্যয় হয় ৩০ লাখ টাকা। প্রতিটি আবাসিক ভবনের ছয়টি করে ১৮টি ফ্ল্যাট রয়েছে। বর্তমানে ওই আবাসিক ফ্ল্যাটে দুজন কর্মকর্তা পরিবার পরিজন নিয়ে বসবাস করলেও ১৬টি ফ্লাট পাঁচ বছর ধরে ভাড়াবিহীন অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতি মাসে সরকার এক লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া বাসাগুলো খালি পড়ে থাকায় পানির ট্যাপ, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনাও ঘটে। সরকারি ওই বাসাগুলোর সামনে প্রতিবেশীরা গোবর শুকাচ্ছে। জেলা গণপূর্ত কার্যালয়ের একটি সূত্র জানায়, ওই সব ভবনে কর্মকর্তারা বসবাস করলে সেখান থেকে প্রতি মাসে ৮০ হাজার থেকে এক লাখ টাকা বাড়িভাড়া পেত সরকার। গত পাঁচ বছরে সরকারি ওই বাসাগুলো থেকে প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব থেকে এ পর্যন্ত সরকার বঞ্চিত হয়েছে। গণপূর্ত বিভাগের একটি সূত্রমতে, আগামী দিনে এই বাসাগুলোতে সরকারি কর্মকর্তারা বসবাস করবেন এমন সম্ভাবনা ক্ষীণ। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা জানান, সরকারি বাসায় বসবাস করলে যে পরিমাণ বাসাভাড়া সরকারি বিধি অনুসারে কেটে নেওয়া হয়, তার অর্ধেক টাকায় জয়পুরহাট শহরে ভালো মানের বাসা ভাড়া পাওয়া যায়। এ কারণেই সরকারি কর্মকর্তারা সরকারি বাসায় না থেকে বাইরে ভাড়া বাসায় থাকতে স্বচ্ছন্দ বোধ করেন। এতে মাসে বেশ কিছু টাকা সাশ্রয় হয়। ওই সরকারি কর্মকর্তারা মন্তব্য করেন, জেলা পর্যায়ে বেসরকারি ভালো বাসার ভাড়ার মূল্য হিসাবে সরকারি বাসার মূল্য নির্ধারণ করলে বাসাগুলো ফাঁকা পড়ে থাকত না। জয়পুরহাট জেলা গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী মীর ওয়াকিল আহমেদ নেহাল সরকারি বাসাগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকার কথা স্বীকার করে বলেন, জেলার পাঁচজন কর্মকর্তার সরকারি বাসভবনে থাকার বাধ্যবাধকতা থাকলেও অন্য কর্মকর্তাদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ, সিভিল সার্জন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সরকারি বাসভবনে থাকার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম জানান, আর্থিক কারণেই বেশি ভাড়া দিয়ে কর্মকর্তারা সরকারি বাসায় থাকতে চান না। তিনি আরও জানান, জেলা পর্যায়ে শহরের বাসাভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি বাসাগুলোর ভাড়া নির্ধারণ করলে সরকারি বাসা কখনোই খালি পড়ে থাকবে না।