ভবনটির নান্দনিকতা এখন স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে তখন বৈশাখী হাওয়া। লোডশেডিং চলছে। ঝোড়ো বাতাসে মোমবাতি কাঁপছে। নিভু নিভু হয়ে আসছে শিখাটা। এরই মধ্যে বাপ-দাদার ভিটামাটির চিন্তায় বিভোর একজন। পাহারা দিচ্ছেন শেষ সম্বল ভিটেটুকু। দৃশ্যটি ২৮ নম্বর উৎসব পোদ্দার লেনের একটি ঘরের। ভাঙা ভবনটির নিচতলার ঘরে বসে পাহারা দিচ্ছিলেন লিটন চন্দ্র সাহা। নইলে যে চুরি হয়ে যাবে বাপ-দাদার ভিটের শাতিল-বর্গা আর দরজা-কপাট।বাঁশি মোহন সাহার রেখে যাওয়া সম্পত্তির হাল এখন লিটন চন্দ্র সাহার হাতে। তাঁদের বাড়িটি প্রায় ১৩০ বছরের পুরোনো। দোতলা বাড়িটিতে ঘর আছে আটটি। বাড়ির মালিক ছিলেন ঠাকুরদা বাঁশি মোহন। তারপর সেটির মালিক হন বাঁশি মোহনের ছেলে গৌর গোপাল সাহা। গৌর গোপালের তিন ছেলে—সূর্য কুমার সাহা, নারায়ণ চন্দ্র সাহা ও নিরঞ্জন সাহা। বর্তমানে গৌর গোপালের একমাত্র জীবিত সন্তান সূর্য কুমার সাহা। সূর্য কুমার ও তাঁর মৃত দুই ভাইয়ের সন্তানেরা বাঁশি মোহনের সম্পত্তির উত্তরাধিকারী। সেই সূত্রে সূর্য কুমার সাহার ভাতিজা লিটন চন্দ্র সাহা বাঁশি মোহনের চতুর্থ পুরুষ।বাঁশি মোহন সাহার বাড়িটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত নগরের ঐতিহাসিক ও নন্দনতাত্ত্বিক ভবনের তালিকায় স্থান পেয়েছে। গত ৪ এপ্রিল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রাজউকের গণবিজ্ঞপ্তির সূত্র ধরেই বাড়িটির খোঁজ করা। শাঁখারীবাজারের গলি-ঘুপচিতে বারকয়েক চক্কর খেয়ে পৌঁছাতে হলো কোতোয়ালি রোডে। কোতোয়ালি রোডের বসুদেব মন্দিরের ঠিক পেছন দিয়ে যে গলিটি চলে গেছে, সেটিই উৎসব পোদ্দার লেন। অবশ্য জায়গাটি এখন সুতারনগর নামেই বেশি পরিচিত। আর দোকানপাটের বিজ্ঞপ্তিফলকে এলাকাটি ‘উচ্ছব পোদ্দার লেন’।গলিটির শেষ মাথায় কলতলা। কলতলায় পানি নিয়ে এলাকার নারীদের খুটখাট আর বচসা। সেগুলো পেরিয়ে একটু এগোলেই সরু একটি গলি। তার শেষ মাথায় নাঙ্গা বাড়িটিই সংরক্ষণের জন্য তালিকাভুক্ত। উৎসব পোদ্দার লেনে বাড়িটির হোল্ডিং নম্বর ২৮। আদতে বাড়িটি এখন একটি ভগ্নস্তূপ। বাড়ির ফটকে তালা ঝোলানো। এলাকায় খোঁজ করতেই জানা গেল বাড়ির মালিকের নতুন আবাসের ঠিকানা।কোতোয়ালি রোডে পাওয়া গেল লিটন চন্দ্র সাহাকে। তাঁর সঙ্গেই যাওয়া হয় ভগ্নস্তূপের ভেতরে। গত জানুয়ারিতে বাড়িটির সামনের দিকের একটি অংশ ধসে পড়ে। ফলে বাড়িটি ছেড়ে ভাড়া বাসায় ওঠেন এর বাসিন্দারা। মালিকেরা বাড়িটি নতুন করে বানানোর উদ্যোগ নেন। সেই সময় রাজউক থেকে একটি নোটিশ পাঠানো হয়। রাজউক/নঅঅ-১/অভি-২২/১০/৬৫-স্থা নম্বর স্মারকে জানানো হয়, বাড়িটি রাজউকের ঐতিহাসিক ও নান্দনিক ভবনের একটি। ফলে এতে কোনোরূপ পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না। সেই থেকে কয়েক মাস ধরে বেহাল পড়ে আছে বাড়িটি।বাড়িটি আদতে ছিল দোতলা। সামনের দিকের অংশে চুন-সুরকির গোলাপি রাবিশ। রাবিশের মধ্যে অসংখ্য ইট। বাড়ির ভেতরের একটি অংশ এখনো বেঁচেবর্তে রয়েছে। দোতলা ভবনটির ভেতরের অংশের পুরোটিই আছে সেখানে। সামনের অংশের দোতলা ভবনের পুরোটিই ভেঙে পড়েছে। সিঁড়ি দিয়ে দোতলায় যেতেই নজরে আসে পুরো ভবন। সেখানে রয়েছে বেশ কয়েকটি খাঁজকাটা জানালা। সেগুলোতে লোহার গ্রিল লাগানো। তবে দোতলার পুরো অংশের পলেস্তারা তুলে ফেলা হয়েছে। ভবনটি এখন পলেস্তারাহীন। ফলে চৌকোনা ইটগুলো দেখা যায় সহজেই।আবার নিচতলায় এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার পথে রয়েছে লোহার কারুকাজ করা গ্রিল। সেগুলোও কেউ কেউ খুলে নিয়ে গেছে। টিকে আছে দু-একটি গ্রিলের ভাঙা অংশ। ভেতরের ঘরে একাধিক জায়গায় ছাদ বাঁশ দিয়ে ঠেস দেওয়া রয়েছে। আর দোতলার অংশে দুটি ঘরকে বিভক্ত করা দেয়ালের মাঝে রয়েছে বড় বড় ফাটল।এলাকার বাসিন্দা সুধীর জানান, ভবনটি সংরক্ষণে সরকারিভাবে গেজেট প্রকাশ হয় ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি। আর বাড়ির মালিকের হাতে সংরক্ষণের নোটিশ আসে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি। অর্থাৎ গেজেট প্রকাশের প্রায় এক বছর পর রাজউক মালিকদের জানায় সংরক্ষণের বিষয়টি।২০০৯ সালের ২৩ জুলাই কোতোয়ালি সার্কেলের ভূমি অফিস থেকে নামজারি করানো হয় হোল্ডিংটির। সে সময় ওয়ারিশান (উত্তরাধিকার) সনদপত্র দেখিয়ে নামজারি করা হয়। এই নামজারি অনুসারে বাড়ির মালিক সূর্য কুমার সাহা, তাঁর ভ্রাতুষ্পুত্র সুকদেব সাহা, বাসুদেব সাহা আর লিটন চন্দ্র সাহা। এই চারটি পরিবারের পক্ষ থেকে গত ২ মার্চ জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তাতে উৎসব পোদ্দার লেনের ২৮ নম্বর হোল্ডিংকে ঐতিহাসিক-নান্দনিক তালিকা থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করা হয়েছে।এলাকার বাসিন্দা খোকন চন্দ্র জানান, ভবনটি যদি সংরক্ষণের প্রয়োজন পড়ে, তবে সরকার নিতে পারে। কিন্তু এতে মালিকদের বিষয়টিও দেখতে হবে। ভবনের মালিকদের অন্যত্র ব্যবস্থা করে তারপর সরকার সেটি নিতে পারে। ভবনটি নান্দনিক ও ঐতিহাসিক হিসেবে নথিভুক্ত। তাই এটিকে এভাবে অবহেলায় ফেলে রাখাও অনুচিত। সামনে বর্ষাকাল। ভাঙা ভবনটি এভাবে পড়ে থাকলে নিশ্চিত ধসে পড়বে।ভবনটির বিষয়ে আরবান স্ট্যাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম বলেন, বর্তমান অবস্থার জন্য মালিক পক্ষ ও সরকারি কর্মকর্তাদের অবহেলাই দায়ী। সরকারিভাবে গেজেট করে ভবনটি সংরক্ষণ করা হয়েছে। অথচ সরকারি প্রতিষ্ঠানগুলো সেগুলোর রক্ষণাবেক্ষণে তৎপর নয়। এলাকার দায়িত্বপ্রাপ্ত রাজউকের পরিদর্শকের নজর এড়িয়ে এক একটি ঐতিহাসিক ভবন ধ্বংস হচ্ছে, বিষয়টি মানা যায় না। দায়িত্বে অবহেলার জন্য পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের আওতায় আনা দরকার।বাড়িটির বর্তমান অবস্থা প্রসঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান জানান, ভবনের মালিকেরা জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এ বিষয়ে সেখান থেকে নির্দেশনা পাঠানো হলে রাজউক বিষয়টি দেখবে।