আপিল নিষ্পত্তি পর্যন্ত জরিমানা স্থগিত করলেন আদালত
ভবনটির নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ
রাজধানীর বনানীতে বোরাক রিয়েল এস্টেটকে ৩০ তলা ভবনের নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ মন্ত্রণালয়ে দায়ের করা বোরাকের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত আপিল নিষ্পত্তি পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের জরিমানার আদেশও স্থগিত করেন। গতকাল বৃহস্পতিবার বোরাকের রিট আবেদেনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন। আদেশে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ভবনে বিদ্যুৎসহ সেবা কার্যক্রমের সংযোগ বন্ধ না করারও নির্দেশ দেওয়া হয়।পরিবেশ ছাড়পত্র ছাড়া বেআইনিভাবে ৩০ তলা ভবন নির্মাণের দায়ে বোরাক রিয়েল এস্টেটকে ৩২ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভবনের নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। জরিমানা পরিশোধ করার শেষ সময় ছিল ১৭ অক্টোবর। কিন্তু তা পরিশোধ করা হয়নি।গতকাল পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল আবারও নির্মাণাধীন ভবন পরিদর্শনে যায়। গতকালের মধ্যে জরিমানা পরিশোধ করা না হলে ভবনের বিদ্যুৎ সংযোগসহ সব সেবা-সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলে বোরাককে নোটিশ দেওয়া হয়। কিন্তু আদালতের আদেশের পর পরিবেশ অধিদপ্তরের এসব কার্যক্রম স্থগিত করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বোরাকের আপিলের কোনো কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে হাইকোর্টের আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেবা-সংযোগ বিচ্ছিন্নসহ এ-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।’ পরিবেশ অধিদপ্তর আইনি লড়াই চালিয়ে যাবে বলে জানান তিনি।