ভবনধসে উদ্বেগ জানিয়েছেন বিদেশি ক্রেতারা
সাভারের ভবনধসের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিদেশি শীর্ষস্থানীয় ক্রেতা-প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, নিরাপত্তার স্বার্থে ভবন অনুমোদনের মতো মৌলিক বিষয়ে সব নিয়মনীতি মেনে চলতে হয়। তবে বাংলাদেশে অধিকাংশ ভবনের ক্ষেত্রেই বিভিন্ন পক্ষকে ‘ম্যানেজ’ করে অনুমোদন নেওয়া হয়। সাভারে ছয়তলার অনুমতি নিয়ে নয়তলা ভবন করা হয়েছে।বিজিএমইএ ভবনে আজ সোমবার বিকেলে সমিতির নেতাদের সঙ্গে শীর্ষস্থানীয় ক্রেতা-প্রতিনিধিদের বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আতিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি টিপু মুন্সি, আবদুস সালাম মুর্শেদী, সফিউল ইসলাম প্রমুখ। ক্রেতা-প্রতিনিধিদের মধ্যে ছিলেন ওয়ালমার্টের কান্ট্রি ম্যানেজার লেসলি দুরাইরাজা, টেসকোর সিআরএম হেরিট পিল, লিভাইসের এসইএ অফিসার স্বপন পাল, এইচঅ্যান্ডএমের ব্যবস্থাপক পায়েল জেইন, জেসি পেনির আঞ্চলিক পরিচালক জেনিফা জব্বার, সিঅ্যান্ডএর আঞ্চলিক পরিচালক দিনেশ পেরেরা, লিঅ্যান্ডফাংয়ের ভাইস প্রেসিডেন্ট রজার হুবার্ট প্রমুখ। প্রতিনিধিরা জানান, তাজরীন ফ্যাশনসে আগুন লাগার পর রাজনৈতিক সহিংসতা, এরপর আবার সাভারের ভবনধসের ঘটনায় তাঁরা শঙ্কিত। প্রত্যেক বিদেশি ক্রেতার পাশাপাশি ভোক্তারাও এ বিষয়ে খোঁজখবর রাখছেন। বৈঠকে প্রতিনিধিরা ভবনধসের পর পোশাকশ্রমিকদের নিরাপত্তার জন্য বিজিএমইএ কী ধরনের উদ্যোগ নিচ্ছে, তা জানতে চান। এ ছাড়া, কীভাবে এসব কারখানাকে লাইসেন্স দেয়া হয়, সেটিও তাঁরা জানতে চান সমিতির নেতাদের কাছে। এসব প্রশ্নের জবাবে বিজিএমইএর নেতারা বলেন, রাজউক, ফায়ার সার্ভিসসহ সরকারি ১৯টি প্রতিষ্ঠানের অনুমোদনের পর সবশেষে সমিতি একটি কারখানাকে লাইসেন্স দেয়। সাভারের ঘটনার পর এক মাসের মধ্যে সব কারখানার কাঠামোগত নকশা ও এগুলো কতটা ভার বহন করতে সক্ষম, তার হিসাব পাঠাতে বলা হয়েছে। সমিতির পক্ষ থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে ভবন পরীক্ষা করানো হবে। প্রতিনিধিদের উদ্দেশে সফিউল ইসলাম বলেন, ‘এসব কর্মসূচি বাস্তবায়নে আমরা খুবই কঠোর। যেসব কারখানা আমাদের সাহায্য করবে না, তাদের তালিকা করে বন্ধ করে দিতে হবে। এ জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। সরকারকে নীতিসহায়তা দিতে হবে।’ রজার হুবার্ট বলেন, ‘আমরা তো প্রকৌশলী নই। এটা হচ্ছে সরকারের দায়িত্ব। দুই-তিন বছর যা-ই লাগুক না কেন, এখনই কাজ শুরু করতে হবে।’ তিনি বলেন, তাজরীনের ঘটনার পর অগ্নিনিরাপত্তা নিয়ে ইতিমধ্যে কিছু কাজ হয়েছে। এখন ভবনের নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরু করতে হবে।জেনিফা জব্বার বলেন, সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে কর্মসূচি হাতে নিতে পারে। এর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ থাকতে পারে। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য আলাদা কমিটি গঠন করতে হবে। এটি এখনই করার সঠিক সময়।সভাপতি আতিকুল ইসলাম বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য প্রতিনিধিদের সাহায্য চান। এ জন্য একটি যৌথ কমিটির জন্য প্রতিনিধিদের একটি নামের তালিকা দিতে বলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে প্রতিনিধিদের পক্ষে রজার হুবার্ট সহযোগিতার আশ্বাস দেন। পরে এক ব্রিফিংয়ে আতিকুল ইসলাম বলেন, ‘সাত দিনের মধ্যে কমিটি হবে। সদস্যরাই বৈঠক করে ঠিক করবেন, কমিটির কী কাজ হবে।’ সভাপতি আরও বলেন, এই ক্রান্তিলগ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উদ্ধার তত্পরতা, লাশ পরিবহন ও ব্যবসার স্বার্থে ২ মের হরতাল প্রত্যাহারের জন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান তিনি।