ভবনধসে ক্ষতিপূরণ বিষয়ে রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে ভবনের মালিক ও পোশাক কারখানাগুলোর চেয়ারম্যানদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ রুল জারি করেন।স্বরাষ্ট্রসচিব, শ্রমসচিব, ঢাকা জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজউকের চেয়ারম্যান, পোশাক কারখানাগুলোর চেয়ারম্যান, ভবন মালিকসহ ১০ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। শ্রম আইন-২০০৬, অগ্নিপ্রতিরোধক ও নির্বাপণ আইন-২০০৩ এবং ফ্যাক্টরি রুলস ১৯৯৭ অনুসারে অর্পিত দায়িত্ব পালনে বিবাদীদের ব্যর্থতা এবং ভবনের অবস্থা জানা সত্ত্বেও পোশাককর্মীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আজ দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্টের একদল আইনজীবী রিট আবেদনটি করেন। মধ্যাহ্নবিরতির পর আবেদনের ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ, সালমা আলী, ইকবাল কবির, ইউনূস আলী আকন্দ ও জ্যোতির্ময় বড়ুয়া।রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান। পরে মোখলেছুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আদালত রুল জারি করেছেন। এর পাশাপাশি ভবনের মালিক সোহেল রানা, পাঁচটি পোশাক কারখানার চেয়ারম্যান, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইউএনওকে ৩০ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অন্য একটি বেঞ্চও আদেশ দিয়েছেন। ওই বেঞ্চে তাঁদের হাজির হতে বলা হয়েছে।