ভবনমালিক যুবলীগ নেতা গ্রেপ্তারের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজার মালিক সোহেল রানা সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। বিভিন্ন মিছিলে লোক সরবরাহ করে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। গতকাল তাঁর নয়তলা ভবনটি ধসে পড়ার পর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছে না।জানতে চাইলে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, ‘ভবনধসের ঘটনায় রানা তাঁর নিজ অফিস কক্ষে আটকা পড়লেও পরে বের হয়ে যান বলে জানতে পেরেছি। বর্তমানে তিনি কোথায় আছেন, তা আমাদের জানা নেই।’ তাঁকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, সাংসদের নেতৃত্বে সাভারে যেসব মিছিল হতো, তার শুরুটা হতো রানা প্লাজার সামনে থেকেই। বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা রানা প্লাজার সামনে জড়ো হয়ে মিছিলে যোগ দিতেন। তাঁর এ কাজে সন্তুষ্ট হয়ে সাংসদ মুরাদ জং এবার তাঁকে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ দেন। তবে পোস্টারে তিনি নিজেকে থানা যুবলীগের আহ্বায়ক হিসেবে উল্লেখ করেছেন। এ নিয়ে দলে ক্ষোভ সৃষ্টি হয়। এর আগে তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও পদ-পদবি ছিল না, আলোচনায়ও ছিলেন না।সোহেল রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাভারের সাবেক পৌর মেয়র আশরাফ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, রানা সাভারে সন্ত্রাসী হিসেবে পরিচিত। সাংসদ তৌহিদ জং মুরাদ তাঁর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে রানা ও তাঁর বাহিনীকে ব্যবহার করেন।রানা স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী। গত মঙ্গলবার সকালে ওই ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিলেও তিনি তা আমলে নেননি। বরং গতকাল সকালে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল করার জন্য ব্যস্ত ছিলেন তিনি। সকালে সেখানে লোকজন জড়ো করেন মিছিলের জন্য। রানা প্লাজার নিচতলায় তাঁর একটি ব্যক্তিগত কার্যালয় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার সময় তিনি সেখানেই ছিলেন, আহতও হন। কিন্তু পরে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মিছিল করতে আনা লোকজনের কেউ কেউ চাপা পড়েছেন বলেও জানিয়েছেন অনেকে। ২০০৭ সালে রানা প্লাজা নির্মাণ করার আগে জায়গাটি ছিল পরিত্যক্ত ডোবা। ভবন নির্মাণ করার আগে বালু ফেলে এটি ভরাট করা হয়। ধামরাইয়ের কালামপুরে একটি ইটভাটাসহ সাভার বাজার রোডে তাঁর আরও একটি নয়তলা ভবন রয়েছে। ওই নয়তলা ভবনের পাশেই তাঁর পাঁচতলা একটি ভবন রয়েছে। এখানে রানা ও তাঁর পরিবারের সদস্যরা বসবাস করেন। সাভার নামাবাজারে তেলের মিল থাকলেও সেটি এখন বন্ধ। তেলের মিল দিয়েই তাঁদের ব্যবসা শুরু। এ ছাড়া রানা জমির ব্যবসাও করেন। সাভারসহ ধামরাইয়ের বিভিন্ন এলাকায় জমি কেনাবেচা করেন তিনি। সাভার পৌরসভা সূত্র জানিয়েছে, তাঁর বাবা আবদুল খালেক। গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডপ এলাকায়। রানা প্লাজার নির্মাণ শুরু হয় ২০০৭ সালে। উদ্বোধন হয় ২০১০ সালে। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা বলেন, গত মঙ্গলবার ভবনের কিছু অংশের পলেস্তারা উঠে যাওয়ার পর পরিদর্শন করে এটি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু ভবনের মালিক পুলিশের কথায় কান দেননি।তথ্য চেয়ে মেয়রকে চিঠি: স্থানীয় সরকার বিভাগ গতকাল সাভার পৌরসভার মেয়রকে লেখা এক চিঠিতে ভবনটির নির্মাণসংক্রান্ত বিভিন্ন তথ্য চেয়েছে। চিঠিতে ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার এখতিয়ার পৌরসভার আছে কি না, নির্মাণ বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, কত তলা পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে কারা সংশ্লিষ্ট ছিলেন—এ সব বিষয়ে বিস্তারিত তথ্য আজ বেলা দুইটার মধ্যে জানাতে বলা হয়েছে।