ভবনের নির্মাণে ঘুম হারাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়ার সঙ্গে সঙ্গে শব্দদূষণের মাত্রাও বেড়েছে বহু গুণ। ভবন নির্মাণের সময় ইট ভাঙার যন্ত্র ও খোয়া-বালি-সিমেন্ট একত্রে মেশানোর যন্ত্রের শব্দে আশপাশের বাড়ির বাসিন্দাদের; বিশেষ করে রোগী ও শিক্ষার্থীদের প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। ভবন নির্মাণের কাজ চলছে রাতেও। পাইলিংয়ের জন্য মাটি খোঁড়া থেকে শুরু করে বিল্ডিংয়ের ছাদ ঢালাই করা পর্যন্ত বিচিত্র সব শব্দের সৃষ্টি হয়। ইট, পাথরের সঙ্গে হাতুড়ির ঠোকাঠুকি আর জেনারেটরের শব্দে অতিষ্ঠ মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের এক বাসিন্দা জানান, তাদের ফ্ল্যাটের পাশে অন্য একটি ভবনের নির্মাণকাজ চলার সময় এত জোরে শব্দ হতো যে রাতে ঘুমানো যেত না। প্রায় একই রকম অভিযোগ করেন মগবাজার রেলগেট এলাকার বাসিন্দা অরুণ চক্রবর্তী। তাদের বাড়ির ঠিক পেছনেই একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলাকালে সকাল থেকে রাত পর্যন্ত বিকট শব্দ সৃষ্টি হতো। ‘মিক্সচার’ যন্ত্রের শব্দে আর নির্মাণশ্রমিকদের চেঁচামেচির আঁচ বাড়ির জানালা গলে তাদের ঘরে চলে আসত অনায়াসেই।রাতে নগরে ইট, বালু, রড নিয়ে যাওয়া ট্রাকগুলোর দেখা পাওয়া যায়। নির্মাণাধীন ভবনের সামনে তাই গভীর রাতে ট্রাক থেকে রড, ইট সজোরে নামানো হয়। এ শব্দ আশপাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ১১ নম্বর বিধির উপবিধি-১-এ বলা আছে, আবাসিক এলাকার শেষ সীমানা থেকে ৫০০ মিটারের মধ্যে ওই এলাকায় নির্মাণকাজের ক্ষেত্রে ইট বা পাথর ভাঙার মেশিন ব্যবহার করা যাবে না এবং সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত মিক্সচার মেশিনসহ নির্মাণকাজে ব্যবহূত অন্যান্য যন্ত্রপাতি চালানো যাবে না। এই বিধির ২ নম্বর উপবিধিতে বলা হয়েছে, ইট বা পাথর ভাঙার মেশিন ও মিক্সচার মেশিন ব্যতীত নির্মাণকাজে ব্যবহূত অন্যান্য যন্ত্রপাতি ওই এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতি নিয়ে সময় নির্ধারণ করে নীরব এলাকায় নির্মাণকাজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। কিন্তু অধিকাংশ ভবন নির্মাণ প্রতিষ্ঠানই এই বিধিমালা মানে না। তারা নিজেদের ইচ্ছামতো রাত-দিন যেকোনো সময়েই আবাসিক এলাকায় ইট ভাঙার যন্ত্র ও মিক্সচার মেশিন ব্যবহার করে। এ প্রসঙ্গে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ‘বিভিন্ন সময়ে নির্মাণকাজে শব্দদূষণের অভিযোগ আমাদের কাছে আসে। আমরা তখন তাদের পরিবেশ অধিদপ্তরে এ বিষয়ে অভিযোগ করার জন্য জানাই। প্রচলিত আইন মোতাবেক থানা থেকে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না।’