ভবনের ভিড়ে ঘিঞ্জি সৈকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাত বছর আগে কী সুন্দরই না ছিল এখানকার পরিবেশ! তখন এসে সবুজ ঝাউবাগানের বালিয়াড়িতে কচ্ছপের ডিম পাড়ার দুর্লভ দৃশ্য দেখেছিলাম। আর এখন? সৈকতের এখানে-সেখানে পড়ে আছে মৃত কচ্ছপ। ময়লা-আবর্জনার স্তূপে ম্লান হয়েছে সৈকতের সৌন্দর্য। একের পর এক গড়ে উঠতে থাকা হোটেল-মোটেলের ভিড়ে ঘিঞ্জি ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সৈকত। হেসে-খেলে ঘোরার মতো জায়গা কমে এসেছে। দূর দেশ থেকে আমরা কি এখানে হোটেল-মোটেল দেখতে আসি?’কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে এসে এভাবে ক্ষোভ প্রকাশ করেন পর্যটক পেড্ডিক হার্স (৫১)। গত মার্চের প্রথম সপ্তাহে ফ্রান্স থেকে স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে নিয়ে তিনি কক্সবাজারে আসেন। সাত বছর আগে দেখা সৈকতের সৌন্দর্য অনেকটাই বিলীন হতে দেখে তিনি হতাশ হন। হার্সের মতো অন্যান্য বিদেশি পর্যটকের মন্তব্যও একই। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে (১৯৯৫ সালের ১ নম্বর আইন) কক্সবাজার সৈকতসহ টেকনাফ পর্যন্ত উপকূলের কলাতলী, ইনানী, হিমছড়ি, প্যাঁচারদ্বীপ, সোনাদিয়া, ঘটিভাঙা, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। এখানে সব ধরনের অবকাঠামো নির্মাণ ও জীববৈচিত্র্য ধ্বংস করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু এ আইন মানা হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার অঞ্চলের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সৈকতের আশপাশের ২০০ হোটেল-মোটেলের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে মাত্র ৩০টির। এখন সৈকত এলাকায় যে অবকাঠামো তৈরি হচ্ছে, এ রকম ১৭টি প্লট মালিককে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা কেউ নোটিশের জবাব দেননি। কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বলেন, বিভিন্ন স্থাপনার চাপ সামলাতে না পেরে এরই মধ্যে সৈকতের কলাতলী, মেরিন ড্রাইভ সড়ক, বড়ছড়া, হিমছড়ি ও প্যাঁচারদ্বীপ বিলীন হতে চলেছে। তলিয়ে গেছে সৈকতের ১০ হাজারের বেশি ঝাউগাছ। অনুসন্ধানে জানা গেছে, গত পাঁচ-ছয় বছরে সৈকতের হোটেল-মোটেল এলাকায় নিরিবিলি অর্কিড রেস্তোরাঁর চার পাশে প্রায় এক বর্গকিলোমিটার এলাকায় হোটেল-মোটেলসহ দুই শতাধিক বহুতল ভবন নির্মিত হয়েছে। আরও ৫০টির বেশি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ ১২ তলা ভবনও রয়েছে। সৈকতের আশপাশ এলাকায় বিভিন্ন আবাসন নির্মাণ প্রতিষ্ঠান চড়া দামে জমি কিনে তিন থেকে ১৩ তলা পর্যন্ত বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে। অথচ কক্সবাজারে ছয়তলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমতি রয়েছে।কক্সবাজার আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক রমজান আলী সিকদার জানান, কক্সবাজারে প্রতিদিন প্রায় ৯০ হাজার পর্যটকের রাতযাপনের ব্যবস্থা রয়েছে। এরপরও সৈকতের অদূরে ছয় থেকে ১৩ তলা হোটেল-মোটেল নির্মাণের প্রয়োজন আছে কি না, কেউ ভেবে দেখছেন না। সৈকতের সরকারি জমি যে যেভাবে পারছে দখল করে স্থাপনা তৈরি করছে। জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে প্রতিবেশগত সংকটাপন্ন এই সৈকতপাড়ের ১০০ একর জমিতে ১০৭টি প্লট তৈরি করে। ২০০৩ সালের মধ্যে ৮৭টি প্লট দলীয় লোকজনকে ভাগ করে দেয়। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে সংকটাপন্ন সৈকতকে রক্ষার নানামুখী উদ্যোগ নেয়। গত ১১ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম শামসুল আরেফিন এক চিঠিতে হোটেল-মোটেল জোনে শর্ত ভঙ্গের অভিযোগে বরাদ্দ হওয়া ৫৯টি প্লটের ইজারা চুক্তি বাতিল ঘোষণা করেন। পরদিন কক্সবাজারের জেলা প্রশাসন বাতিল প্লটের জমি নিয়ন্ত্রণে নেয়। এসব প্লটে স্থাপনা নির্মাণ, জমি হস্তান্তর ও অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু বর্তমানে বাতিল করা প্লটের জমিতেও পাহাড় কাটার মাটি দিয়ে জমি ভরাট ও বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা গেছে, জেলা প্রশাসনের দখলে নেওয়া হোটেল সি-ইনএর পেছনে ১৩ ও ২৫ নম্বর প্লটের জমিতে ফের বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। এ ব্যাপারে জমির সাবেক ইজারাদার চট্টগ্রামের নুরুল আবছার বলেন, প্লটগুলোর বরাদ্দ সরকার বাতিল করলেও উচ্চ আদালতের রায়ে তা স্থগিত করা হয়েছে। এতে এখন স্থাপনা তৈরিতে কোনো বাধা নেই। একই কারণ দেখিয়ে হোটেল-মোটেল জোনের ২ নম্বর রোডের ১৫ নম্বর প্লটে তিনতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করেন জমির মালিক বলে দাবি করা মকবুল আহমদ। ১৪ নম্বর প্লটে চলছে স্তম্ভ নির্মাণ। পাশের ১৩ নম্বর প্লটে শতাধিক শ্রমিক নিয়োগ করে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ও স্তম্ভ ঢালাইয়ের কাজ চালাচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপ। বাতিল প্লটে নতুন করে অবকাঠামো নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, ‘সরকারের বাতিল আদেশটি উচ্চ আদালতে স্থগিত হয়েছে। এই সুযোগে বিভিন্ন লোকজন খালি জমিতে অবকাঠামো তৈরি করছে। আমরা দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।’