ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয় থাকবে কি না, তা ভেবে দেখা হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা হয়েছে। এখানকার দুর্নীতি তদন্তে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় থাকবে কি না, তা ভেবে দেখা হবে। আজ রোববার রংপুর কারমাইকেল কলেজে শিক্ষাবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।কারমাইকেল কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল রউফ, কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ ইসহাক আলী, কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ সাহারা ফেরদৌস, অধ্যাপক আলীম উদ্দিন, সাবেক সাংসদ মশিউর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ।শিক্ষানীতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দলীয় শিক্ষানীতি করতে চাই না। আমরা চাই, জাতীয় শিক্ষানীতি। ২০১১ সালের মধ্যে যেন সব শিশু স্কুলে যায়, তা নিশ্চিত করতে হবে।’শিক্ষামন্ত্রী বলেন, ‘গতানুগতিক শিক্ষাব্যবস্থা কার্যক্রমের জন্য আমি মন্ত্রী হতে চাই না। শিক্ষা ক্ষেত্রে মৌলিক অবস্থার পরিবর্তন চাই।’পরীক্ষা ব্যবস্থা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নকল একটা আপদ। তা শতভাগ নির্মূল করতে হবে। ভবিষ্যতে যারা নকল নিয়ে পরীক্ষার হলে গিয়ে ধরা পড়বে, তারা শুধু বহিষ্কারই হবে না, তাদের আইনের মুখোমুখী হতে হবে।আলোচনা সভায় মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবদুল জলিল, জেলা প্রশাসক বি এম এনামুল হক, পুলিশ সুপার সালেহ মো. তানভীর প্রমুখ।