ভবিষ্যতে ঢাকায় ভূমির যথেচ্ছ ব্যবহার করতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভবিষ্যতে ঢাকায় ভূমির যথেচ্ছ ব্যবহার করতে দেওয়া হবে না। বিগত সরকার ভূমি ও আবাসন-ব্যবসায়ীদের লাই দিয়ে মাথায় তুলেছে বলেই তাঁরা অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ভবন নির্মাণ করেছে। আমাদের মন্ত্রী এসব ভূমি ও আবাসন-ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন বলেই তাঁকে গালি দেওয়া হচ্ছে।’জাতীয় সংসদে আজ বুধবার প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সম্পর্কে তিনি বলেন, ‘ঢাকাকে রক্ষা করার জন্য ড্যাপ বাস্তবায়ন করা হবে। ওই সব এলাকায় হয়তো কারও জমি কেড়েও নেওয়া হবে না, কাউকে কোনো রকম ক্ষতিগ্রস্তও করা হবে না। আমি জানি কিছু কিছু ক্ষেত্রে মানুষকে উসকানো হচ্ছে। নানা রকম সমস্যার সৃষ্টি করা হচ্ছে। এগুলো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। কিন্তু আমি কথা দিচ্ছি, কোনো কাজই মানুষকে অসুবিধায় ফেলে করা হবে না। আমরা এ বিষয়ে একটি নোটিশ জারি করেছি। এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রীর নেতৃত্বে সাতজন মন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। এখানে যাঁরা সুবিধাভোগী বা যাঁরা অসুবিধায় পড়বে—সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই এটি বাস্তবায়ন হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্য, আমাদের আবাসিক সমস্যা রয়েছে। আবাসন-ব্যবসায়ীরা আমাদের আবাসন সমস্যার সমাধান করে থাকেন। কিন্তু কোথায় কী পরিমাণ ভূমির ব্যবহার হবে, তা আগে কখনো পরিকল্পিতভাবে ঠিক করা হয়নি। যে কারণে আবাসন-ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো ভূমির ব্যবহার করেছে। এ জন্য বিগত জোট সরকারই দায়ী।’ঢাকার নগর পরিকল্পনার নেতিবাচক দিক ব্যাখ্যা করতে গিয়ে সংসদ নেতা বলেন, ‘পরিকল্পনামাফিক ভূমির ব্যবহার হয়নি বলেই ঢাকার ধানমন্ডিতে ১০ তলার জায়গায় ১২ তলা উঠে গেছে। অতীতে একটি বাড়ির সঙ্গে অন্য বাড়ির ফারাক ছিল। এখন সব বাড়ি একটির সঙ্গে অন্যটি লেগে আছে। পারলে বারান্দাটাও রাস্তার মধ্যে ঢুকিয়ে দেয়। এ অবস্থায় ভূমিকম্প হলে যে কী হবে—উদ্ধারকাজই করা যাবে না।’এ পর্যায়ে অধিবেশনে সভাপতিত্ব করা স্পিকার আবদুল হামিদ বলেন, কেউই বাঁচবে না। ঢাকা মৃত নগরে পরিণত হবে।মুজিবুল হক সম্পূরক প্রশ্নে জানতে চান, মন্ত্রীকে যাঁরা হুমকি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এবং যাঁরা অবৈধভাবে ভূমি দখল করে আছেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? এ দুটি প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী দেননি।বিরোধীদলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে জুনায়েদ আহমেদের উত্থাপিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ফসলের জমিতে কোনো আবাসিক প্রকল্প গ্রহণ করে না। ভবিষ্যতে যাতে ফসলের জমি ভরাট করে বাড়ি নির্মাণ না করা হয়, সে জন্য গৃহায়ণ নীতিমালা সংশোধন করা হচ্ছে। সম্প্রতি অনুমোদিত ড্যাপও ফসলি জমিতে বাড়িঘর নির্মাণ অনুমোদন করে না। ধীরেন্দ্র দেবনাথের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, সারা দেশকে ডিজিটাল ল্যান্ড জোনিং ম্যাপের আওতায় আনার ইচ্ছা আছে। সে ক্ষেত্রে অপরিকল্পিতভাবে আবাসিক এলাকার সম্প্রসারণ ও শিল্প স্থাপন যুক্তিসংগতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুেকন্দ্র স্থাপন ও জাহাজনির্মাণ কারখানাসহ আরও অনেক উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া যাবে।উপগ্রহের মাধ্যমে জমির উর্বরতা নির্ধারণ সম্পর্কে জুনায়েদ আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নিজস্ব উপগ্রহ নেই। তাই বিদেশের সহায়তা নিয়ে আমাদের এ কাজটি করতে হচ্ছে। তবে ভবিষ্যতে আমাদের নিজস্ব উপগ্রহ হবে বলে আশা করা যায়। তখন উপগ্রহের মাধ্যমে আমরা নিজেদের জমির উর্বরতা নির্ধারণ করতে পরব।’তাজুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আকাশপথে যোগাযোগ বৃদ্ধির জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়েছে। আনোয়ার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার সংবাদপত্রের সাংবাদিক ও শ্রমিক-কর্মচারীদের কল্যাণে প্রয়োজনে যথাসময়ে অষ্টম ওয়েজবোর্ড ঘোষণা করবে।