ভবিষ্যতে নির্বাচিত হলে স্পিকারও হবেন নারী: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিকে আরও সময়োপযোগী করে শিগগিরই অনুমোদন দেওয়া হবে। এ ছাড়া নারীদের প্রতি যেসব বৈষম্যমূলক আইন চালু আছে তা বাতিল করা হবে। প্রয়োজনে সংশোধন করা হবে। ভবিষ্যতে নির্বাচিত হলে স্পিকার পদেও নারী নিয়োগ দেওয়া হবে।গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ পালন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নারী দিবস উদ্যাপনের মূল লক্ষ্য হচ্ছে সমাজে নারী-পুরুষের সমতা অর্জন, নারীর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠা করা। দিবসটির শত বছর পরে পরিবারে নারীর মর্যাদা কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে, সামাজিকভাবে নারীর অবস্থান কতটুকু দৃঢ় হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারী কতটুকু স্বাধীন হয়েছে, রাজনৈতিক চিন্তাভাবনা ও পদক্ষেপ গ্রহণে নারী কতটা মুক্তি লাভ করেছে তার মূল্যায়ন করতে হবে।প্রধানমন্ত্রী বলেন, সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। ইসলামধর্মেও নারীর অধিকার দেওয়া হয়েছে। পৈতৃক সম্পত্তিতে নারীকে ভাগ দেওয়ার বিধান অন্য কোনো ধর্মে নেই। তিনি বলেন, সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে চায়। তবে ক্ষেত্রবিশেষে একটি ছেলেসন্তানের আশায় নারীকে আট-নয়টি মেয়েসন্তানের জন্ম দিতে হচ্ছে। উত্তরাধিকারসূত্রে সম্পদের অধিকার থেকেই এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এ জন্য সম্পদে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন। তবে ক্ষেত্রবিশেষে ব্যতিক্রম থাকতে পারে।প্রধানমন্ত্রী সব অফিস-আদালতে শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ঘরে সন্তানকে রেখে অফিসে এসেও নারী কাজে মন বসাতে পারেন না। তাই কর্মক্ষেত্রেই সন্তান রাখার সুবিধা থাকলে নারীদের কাছ থেকে ভালো কাজ পাওয়া সম্ভব হবে।প্রধানমন্ত্রী বলেন, নারী অধিকার আদায়ে পুরুষদেরই বেশি দায়িত্ব পালন করতে হবে। স্বামী ও স্ত্রী দুজনই কর্মজীবী হলেও কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরার পর স্ত্রীদেরই সব কাজ করতে হয়। প্রধানমন্ত্রী বাড়ির কাজে সহযোগিতা করার জন্য পুরুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়ির কাজ করলে লজ্জার কিছু নেই।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের সরকার শুধু নারী অধিকারের কথা বলে না, পুরুষের অধিকার নিয়েও চিন্তা করে। সে জন্যই একজন স্বামী মারা গেলে স্ত্রীর যেসব সুবিধা পাওয়ার কথা, স্ত্রী মারা গেলে সেই স্বামীর জন্যও সেসব সুবিধা পাওয়ার বিধান করা হয়েছে।নারীর প্রতি বৈষম্য খোদ পরিবার থেকেই শুরু হয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ছেলে ও মেয়েসন্তানকে একই ভাবে দেখার জন্য প্রধানমন্ত্রী মায়েদের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, মেয়েরা কোনো অংশেই ছেলেদের চেয়ে কম যোগ্য নয়।প্রধানমন্ত্রী নারী বিচারক, নারী ওসি, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নারীর নিয়োগ দেওয়াসহ বিভিন্ন উদাহরণ উল্লেখ করে বলেন, বর্তমানে মন্ত্রিসভায় পাঁচজন নারী-মন্ত্রী আছেন, তাঁরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সংসদ-নেতা, বিরোধীদলীয় নেতা এবং সংসদ উপনেতা নারী। এখন শুধু নারী স্পিকার প্রয়োজন। ভবিষ্যতে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এ পদেও নারী নিয়োগ দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, নারীরা নানাভাবে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হচ্ছে। এর সঙ্গে নারী ও শিশু পাচার, এসিড নিক্ষেপ, বাল্যবিয়ে, যৌতুক ও পারিবারিক নির্যাতনসহ বিভিন্ন অমানবিক আচরণ নারী উন্নয়নের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই না আর একজন নারীও সহিংসতার শিকার হোক। একজন নারীও বঞ্চনার শিকার হোক। এ জন্য আসুন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।’অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী নারীর সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের নারীদের অনেক সাফল্য আছে। তবে সম-সুযোগ ও সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এখনো যেতে হবে বহুদূর।বিশেষ অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ প্রধানমন্ত্রীর প্রতি জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ বা সিডও সনদের দুটি ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহারে দ্রুত পদক্ষেপ নেওয়া ও দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম।