অতীতকে বাদ দিয়ে বর্তমানকে ব্যাখ্যা করা যায় না, ভবিষ্যতের দিকনির্দেশনাও খুঁজে পাওয়া যায় না। তাই ইতিহাসের উপকরণ যত্নের সঙ্গে সংরক্ষণ জাতির অগ্রগতি নিশ্চিত করার ক্ষেত্রে জরুরি একটি পদক্ষেপ। এ ক্ষেত্রে আর্কাইভস বা মহাফেজখানার গুরুত্ব অপরিসীম। বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মাহবুবর রহমান।অধ্যাপক মাহবুবর সম্পূর্ণ ব্যক্তি-উদ্যোগে রাজশাহীতে প্রতিষ্ঠা করেছেন ‘হেরিটেজ: বাংলাদেশের ইতিহাসের আর্কাইভস’। রাজশাহী শহরের অক্ট্রয় মোড়ের একটি ভবনে প্রতিষ্ঠা করা হয়েছে এই আর্কাইভস। অধ্যাপক মাহবুবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক। সংগ্রহশালাটি ২০০৭ সালে একটি একতলা ভবনে চারটি কক্ষ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দিনে দিনে যেহেতু সংগ্রহের পরিমাণ বাড়ছে, তাই এর পরিসর বাড়ানোর লক্ষ্যে দানের অর্থে দ্বিতীয় তলা নির্মাণের কাজ চলছে।আর্কাইভস প্রতিষ্ঠার কারণ বলতে গিয়ে অধ্যাপক মাহবুবর বলেন, সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত সংগ্রহশালায় রাষ্ট্রীয় দলিলপত্র সংরক্ষণ করা হয়। কিন্তু বেসরকারি রেকর্ডপত্র সংরক্ষণের সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই। জনগণের মধ্যে ইতিহাস-চেতনার অভাব থাকায় আর্কাইভসে সংরক্ষণযোগ্য নিদর্শনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এবং এ ধরনের একটি উপলব্ধি থেকেই সম্পূর্ণ ব্যক্তি-উদ্যোগে এই আর্কাইভস প্রতিষ্ঠা করতে আগ্রহী হন তিনি।কেন এই আর্কাইভস: বেশ কিছু উদ্দেশ্য সামনে রেখে এই আর্কাইভস প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের অতীত ইতিহাস ও ঐতিহ্যের উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ করা। একটি সন্তোষজনক পরিমাণ সংগ্রহ গড়ে উঠলে এর প্রদর্শনীর আয়োজন, সংগ্রহশালার তালিকা প্রকাশ, সংবাদ ও বুলেটিনের মাধ্যমে নতুন নতুন সংগ্রহের তথ্য প্রকাশ করা ইত্যাদি। এর পাশাপাশি রয়েছে দেশ-বিদেশের অন্যান্য আর্কাইভসের সঙ্গে রেকর্ড-বিনিময়ের চুক্তি করা, ১৯৪৭ সালের পূর্ব ও পরবর্তী সময়ের সব ধরনের তথ্য সংগ্রহ করা ইত্যাদি।আর্কাইভস প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাহবুবর রহমান বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, ট্রেড ইউনিয়ন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ক্ষুদ্র জাতিসত্তাগুলো প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুতে লিফলেট, ইশতেহার, পুস্তিকা, বুলেটিন, সাময়িকী, পোস্টার ইত্যাদি প্রকাশ ও প্রচার করেছে, করছে। কিন্তু সেগুলোর বেশির ভাগেরই সংরক্ষণের ব্যবস্থা নেই। এসব আন্দোলন, সংগঠনের বেশির ভাগ নেতা আত্মজীবনী বা তাঁদের অভিজ্ঞতাসংক্রান্ত কিছু না লিখেই মারা গেছেন বা যাবেন। এ ধরনের ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করে ইতিহাসের উপকরণ হিসেবে সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে না। সরকার ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিরোধী বিভিন্ন সংগঠনকে কাজ করতে হয় গোপনে। তাদের দলিলপত্রও খুব কমই যথাযথভাবে সংরক্ষিত হয়। এ কারণে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সম্পর্কে অনেক ক্ষেত্রেই সঠিক তথ্য জানতে পারে না। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই আর্কাইভসের প্রতিষ্ঠা।আর্কাইভসে যা আছে: এই সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রকাশিত দেড় হাজার পোস্টার। রয়েছে সত্তরের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত প্রচারিত দুই হাজার প্রচারপত্র বা লিফলেট; ১৯৬২ সাল থেকে এ পর্যন্ত প্রকাশিত ভারতের দেশ পত্রিকার সব সংখ্যা। পাশাপাশি রয়েছে এক হাজার ৭৫০ শিরোনামের দৈনিক পত্রপত্রিকা, জার্নাল, লিটল ম্যাগাজিন; যার মধ্যে আছে ১৮৬৫ সালে রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকা হিন্দু রঞ্জিকার সংখ্যাও।দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টিরই (খাগড়াছড়ি ছাড়া) ইতিহাসভিত্তিক বিভিন্ন বই পাওয়া যায় এখানে। এর মধ্যে শুধু সিলেট জেলার ওপরই রয়েছে ১২২টি বই। এ ছাড়া রয়েছে ৫২টি রাজনৈতিক দলের গঠনতন্ত্র ও অন্যান্য পুস্তিকা। এই আর্কাইভসে বিভিন্ন স্মরণিকা, বার্ষিকী ও সাময়িকীর একটি গুরুত্বপূর্ণ সংগ্রহও রয়েছে। প্রতিদিনই বিভিন্ন পত্রিকা অফিসে বিভিন্ন সংগঠনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি বা সংবাদ বিজ্ঞপ্তিও এখানে স্থান পেয়েছে।অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘এই সংবাদ বিজ্ঞপ্তিগুলোও আমাদের ইতিহাসেরই অংশ। তাই এগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া স্মরণিকাগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অতীত ইতিহাস, সংশ্লিষ্ট ব্যক্তিদের স্মৃতিকথা, দুর্লভ পুরোনো ছবির গুরুত্বপূর্ণ উৎস।’দলিলপত্র সংগ্রহ: এখানে যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা সংগঠন তার সংগ্রহে থাকা দুষ্প্রাপ্য বই, ইশতেহার, পুস্তিকা, সাময়িকী, সংবাদপত্র, পোস্টার, ঐতিহাসিক ছবি বা ছবির নেগেটিভ, ব্যানার, ফেস্টুন, পতাকা, চিত্রকলা, ব্যঙ্গচিত্র বা কার্টুন ও পাণ্ডুলিপি দান করতে পারেন। অধ্যাপক মাহবুবর বলেন, এ ক্ষেত্রে যেকোনো দানই দাতার নামে আর্কাইভসে নথিবদ্ধ থাকে। দাতা তাঁর সংগ্রহস্বত্ব ত্যাগ করে দান করতে পারেন কিংবা সাময়িকভাবেও দান করতে পারেন। প্রতিকূল রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতি অনুকূলে এলে দাতা তাঁর প্রদত্ত সামগ্রীর মূল কপি কিংবা ফটোকপি ফেরত নিতে পারবেন। আবার দাতা মূল কপি ফেরত নিলে এসব সংগ্রহের ফটোকপি আর্কাইভসে রাখার অনুমতি দিতে পারেন। গ্রন্থ বা অন্য কোনো দলিল সৌজন্য মূল্যে আর্কাইভসের কাছে বিক্রিও করে দিতে পারেন।যাঁদের দানে সমৃদ্ধ: কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৬৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তাঁর সংগৃহীত দেশ পত্রিকার সব সংখ্যা আর্কাইভসে দান করেছেন। একইভাবে ফওজুল হক ফয়যী নামের ইতিহাসপিপাসু এক ব্যক্তি ১৯৭৮ সাল থেকে তাঁর সংগ্রহে থাকা সব ‘পেপার ক্লিপিং’ দান করেছেন। ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক এ কে এম মোহসীন, কবি আবু বকর সিদ্দিকসহ অনেকেই রয়েছেন এই তালিকায়।নথি সংরক্ষণ ও ব্যবহারের পদ্ধতি: আর্কাইভসে স্টিলের বিভিন্ন শেলফে ক্যাটালগ অনুযায়ী তথ্য-উপকরণ ইংরেজি বর্ণমালার ক্রমানুযায়ী সযত্নে সাজিয়ে রাখা হয়েছে। এখানে রাখা তথ্যপঞ্জি বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করা হয়েছে। মোট ৩৬৫টি বিষয়ে বিভক্ত করে প্রতিটি বিষয় ইংরেজি শব্দের ক্রমানুযায়ী সাজানো হয়েছে। কোনো কোনো বিষয়কে উপশ্রেণীতেও বিভক্ত করা হয়েছে।আর্কাইভসের তথ্যপঞ্জি ক্রমবিন্যাসের কাজ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আবুল হাশেমসহ কয়েকজন স্বেচ্ছাসেবী। এখানে শুরু থেকেই গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহীর দুর্গাপুর কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম কায়সারুজ্জামান।পরিচালনা: আর্কাইভসটি পরিচালনার জন্য ‘হেরিটেজ: আর্কাইভস অব বাংলাদেশ হিস্ট্রি ট্রাস্ট’ নামের একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। সাত সদস্যের এই ট্রাস্টের মাধ্যমেই বর্তমানে আর্কাইভসটি পরিচালিত হচ্ছে। এর রক্ষণাবেক্ষণের জন্য আটজন লোক রয়েছেন। তাঁদের বেতন ও আনুষঙ্গিক খরচ বাবদ আর্কাইভস পরিচালনায় বছরে দুই থেকে আড়াই লাখ টাকার প্রয়োজন হয়। এই পরিচালনাগত ব্যয় ও আনুষঙ্গিক খরচ ট্রাস্টিরা চাঁদা তুলে ও দানের মাধ্যমে পাওয়া অর্থ থেকে জোগান দেন।একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে গত বছর আর্কাইভস তহবিলে এক লাখ টাকা দেওয়া হয়, যা দিয়ে এখানে একটি ফটোকপি মেশিন কেনা হয়েছে। রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে দুই দফায় এক লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে, যা দিয়ে এখানে প্রয়োজনীয় আসবাব কেনা হয়। আর্কাইভস পরিচালনা, একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ, স্থানীয় ইতিহাস নিয়ে গবেষণা, সেমিনারের আয়োজন ইত্যাদি কর্মসূচি বাস্তবায়নের জন্য ট্রাস্টের কার্যকরি কমিটি ভিন্ন ভিন্ন উপদেষ্টা পরিষদ গঠনসহ শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করবে বলেও জানান তিনি।যাঁরা পরিদর্শন করেছেন: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর দেশ-বিদেশের বিখ্যাত বিভিন্ন ব্যক্তি ও গবেষকেরা এখানে এসেছেন এবং আসছেন। তা ছাড়া অনেক গবেষক এখানে এসে তাঁদের গবেষণার কাজ করারও সুযোগ পাচ্ছেন। পরিদর্শনকারীদের মধ্যে রয়েছেন নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক উইলিয়াম ভেনস্যান ডেল, একই দেশের বাসিন্দা ও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মী নিমস্কে, নেদারল্যান্ডের সংগ্রহবিদ ফ্লোরাস ক্লেরাস ও রেনে স্পর্ক, যুক্তরাষ্ট্রের গবেষক ম্যাথিউ, জোসুয়া ওয়ালার, ব্রিটিশ গবেষক অ্যানা, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তব্রত পালিত, রণজিত সেন, গবেষক মালিনী সুর, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ। তাঁরা আর্কাইভস পরিদর্শন করে সন্তোষ প্রকাশের পাশাপাশি এর সার্বিক সফলতা কামনা করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান বলেন, ‘অধিক মাত্রায় ধৈর্যশীল, উদ্যমী ব্যক্তি ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়। অধ্যাপক মাহবুবর রহমান সম্পূর্ণ ব্যক্তি-উদ্যোগে এই আর্কাইভস প্রতিষ্ঠা করেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’ এই আর্কাইভসকে আরও সমৃদ্ধিশালী, কার্যকর এবং সবার জন্য কল্যাণকর করতে তিনি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।আর্কাইভসের ঠিকানা: এই আর্কাইভস সম্পর্কে বিস্তারিত জানতে বা সংগ্রহে থাকা কোনো দুষ্প্রাপ্য সামগ্রী বা তথ্য দান করতে, বিক্রয় করতে অথবা গবেষণার কাজে বা পরিদর্শনে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন: হেরিটেজ ভবন, ৪৫৬-ক, অক্ট্রয় মোড়, কাজলা, রাজশাহী, বাংলাদেশ।