ভবিষ্যতের ভাষাবিদ
ভাষা প্রতিযোগের সবচেয়ে আকর্ষণীয় অংশ ‘প্রশ্ন-উত্তর পর্ব’। এই পর্বে শিক্ষার্থীরা প্রশ্ন করে আর মঞ্চে বসে থাকা শিক্ষকেরা উত্তর দেন। প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের সে কী ব্যাকুলতা! ভালো প্রশ্ন করলেই বই পাওয়া যায়। শুধু একটা বই পাওয়ার জন্য এই ব্যাকুলতা? মোটেই তা নয়। এবার যশোর ও জামালপুরে বই দিতে দিতে শেষ হয়ে গিয়েছে। তবু ওদের প্রশ্ন করার বিরাম নেই। মৌলভীবাজারে অডিটোরিয়াম তো এক সেকেন্ডের জন্য নীরব করা যায়নি। কারণ কী? প্রশ্ন করার সুযোগ দিতে হবে! সব জায়গায়ই দেখা গেছে, প্রশ্ন করতে না পেরে অনেকে কাগজে লিখে জমা দিয়েছে। এভাবে কাগজে লিখে প্রশ্ন দিতে আমরা প্রতিযোগীদের উৎসাহিত করি না।তবু অধিকাংশ অঞ্চলে লিখিত প্রশ্ন এত বেশি এসেছে, সেগুলো সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে শিক্ষকদের। রংপুরের লেখা প্রশ্ন ব্যাগে ভরতে ভরতে দেখা গেল, এক ব্যাগেও হচ্ছে না। এগুলো দাঁড়িপাল্লায় ওজনদরে বিক্রি করতে পারলে ভালোই দাম পাওয়া যেত! আমাদের শিক্ষকদের কাছে ওসব প্রশ্নের ওজন ও দাম অবশ্য আরও বেশি।শিক্ষার্থীদের প্রশ্নের বিষয়বস্তু কী? বিচিত্র প্রশ্ন বাংলা ভাষা সম্পর্কে। ভাষার উৎপত্তি ও বিকাশ, বর্ণের আকার ও রূপান্তর, বানানের নিয়ম ও নিয়মের যৌক্তিকতা, ব্যাকরণের সূত্র ও এর অকার্যকারিতা, শব্দের অর্থ ও অর্থান্তর, সাহিত্য কিংবা সাহিত্যিক—কোন বিষয় নেই ওদের প্রশ্নে? কোন বিষয়ে নেই ওদের বিচরণ? একেকজনের প্রশ্ন শুনে বোঝা যায়, ওদের পাঠ-পর্যবেক্ষণ কত নিবিড়। বইয়ের সামান্য ভুল বা অসংগতিও চোখ এড়ায় না। একেকটি ছেলেমেয়ে যেন একেকজন ভাষাপণ্ডিত। তা না হলে যে ধরনের প্রশ্ন করে বা যে ধরনের ভাবনা ভাবে, তা একজন পুরোদস্তুর ভাষাবিজ্ঞানীর পক্ষেই ভাবা সম্ভব। ওদের কোনো কোনো জিজ্ঞাসার জবাব দিতে পাশ্চাত্যের ভাষাবিজ্ঞানীর গায়েও ঘাম ছুটবে। অনেক প্রশ্নের উত্তর তো তর্কসাপেক্ষ। কিছু কৌতূহলের সমাধান পেতে নতুন করে গবেষণা বা পরীক্ষা করতে হবে। আমি চাই, ওদের সব প্রশ্নেরই উত্তর দেওয়া হোক। উত্তর মানে মীমাংসা নয়, কিংবা চূড়ান্ত কথা নয়। থাক না কিছু কথা বাকি। ছোট ছোট ছেলেমেয়ের মধ্যে যে ভাষাপ্রীতি দেখা যায়, তা আরও বাড়ুক। তাদের মধ্যে যেন ভাষা-আতঙ্ক তৈরি না হয়। শিক্ষকদের অনেকেই কচি মনের প্রেরণা নষ্ট করে দেন, হতাশা তৈরি করেন। ভাষার নিয়ম ব্যাখ্যা করতে গিয়ে ভাষাভীতি জাগিয়ে তোলেন। আমি তখন ভেঙে পড়ি। ভাষা কি এতই নিয়ম-মানা মেয়ে? কী বিচিত্র ও বিপুল এর প্রয়োগবৈচিত্র্য ও সম্ভাবনা!একবার প্রতিযোগী একটি ছেলে প্রশ্ন করেছিল, ‘বাংলা ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, অঙ্কের কি ভাষা নেই?’ প্রশ্নকারী বালকের বয়স কত আর হবে? এই আট-নয় বছর। মঞ্চে উপবিষ্ট এক প্রবীণ শিক্ষক তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন। এ ধরনের ক্ষেত্রে সরাসরি শিক্ষকের বিরুদ্ধে যাওয়া যায় না। আবার শিক্ষার্থীর যৌক্তিক প্রশ্নেরও জবাব দেওয়া দরকার। আরেক জায়গায় একটি ছোট্ট মেয়ে প্রশ্ন করেছিল, ‘আচ্ছা, মানুষ তো ঘুমায়। ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকে। স্বপ্নও দেখে। ঘুমের মধ্যে কথা বলে কেন?’ সরাসরি ভাষাবিষয়ক প্রশ্ন নয়। মঞ্চের শিক্ষকেরা এর উত্তর দিতে চাননি। আমি আমার আগ্রহ নিয়েই সে প্রশ্নের উত্তর দিয়েছিলাম। একটু মজা করে, খানিক ভাষার সংশ্লিষ্টতা এনে।অনেক শিক্ষার্থীর প্রশ্ন ভাষাকে ছাড়িয়ে ‘দেশ’ পর্যন্ত বিস্তার লাভ করে। শিক্ষকদের কারও কারও তখন উত্তর দেওয়ার আগ্রহ বুঝি বেড়ে যায়। সব প্রশ্নের উত্তর দেওয়া হোক—এমনটা আমি বরাবরই চাই। কিন্তু প্রশ্নকে রাজনীতির মোড়কে উত্তরে রূপান্তরিত করাতে আমার আপত্তি। কিংবা শিশুদের রাজনীতি-সংশ্লিষ্ট করেই উত্তর দিন; কিন্তু সে রাজনীতি যাতে ওদের নতুন করে প্রেরণা-উজ্জীবিত করে।নারীর প্রতিশব্দ ‘অবলা’ নিয়ে এক বছর আগে অনেক জায়গায়ই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে মঞ্চে এবং মঞ্চের বাইরে। আমি তখন এ প্রশ্নের উত্তর দিইনি। এরপর কিছু পড়াশোনা করে দেখলাম, মধ্যযুগের বাংলা সাহিত্যে নারীকে হেয় করার জন্য ‘অবলা’ শব্দের প্রয়োগ হয়নি। এ ধরনের প্রতিশব্দ একালে আমরা ভাষায় ব্যবহার করতে চাইলে না করব। কিন্তু ভাষার ভাসা ভাসা জ্ঞানে তীব্র প্রতিক্রিয়া ছেলেমেয়েদের শুধু ‘কঠোর প্রতিক্রিয়াশীল’ই করে তোলে।বাংলা ভাষা এত সজীব ও সচল বলেই এ ভাষার এত প্রশ্ন, এত দ্বিধা, এত মতানৈক্য। বানানের নিয়মেই কী দ্বিধাবিভক্তি! অনেকে জেনেশুনেই প্রচলিত অর্থে ‘ভুল’ বানানে লিখছেন। কিন্তু ভাষার ক্ষেত্রে ‘ভুল’, ‘অপপ্রয়োগ’ এগুলো বলতে গেলেও অনেক ভেবে বলতে হয়। বানান-তর্ক তো আজকে হঠাৎ ভুঁইফোড় হওয়া কোনো ব্যাপার নয়। বানানকে স্থির করতে চাইলে তর্ক আসবে। এই বানানও চিরস্থায়ীভাবে অপরিবর্তিত হয়ে থাকবে, তা নয়। শিক্ষার্থীদের সেই কথাও জানিয়ে রাখতে হবে।সব শিক্ষার্থীর মধ্যেই একেকজন যুক্তিনির্ভর পণ্ডিত এবং গভীর ভাষানুসন্ধানী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এ জন্য ওদের প্রশ্ন ও ভাবনার রাস্তাকে সহজ করে দিতে হয়। সে রাস্তায় আলো জ্বালিয়ে দেওয়াই শিক্ষকের কাজ। ওই অন্ধকার রাস্তায় ভূত আছে, অতএব সাবধান—এ ধরনের কথা বলা কারও ঠিক হবে না।তারিক মনজুর: সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়