ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় বিশ্ব ‘একেবারেই অপ্রস্তুত’
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী এন্ড্রু মিশেল সতর্ক করে বলেছেন, ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় বিশ্বের কোনো প্রস্তুতি নেই। ভয়ংকর এ অবস্থা সৃষ্টির জন্য ধনী রাষ্ট্রগুলোর অসহযোগিতাই দায়ী। এসব দেশ জরুরি সহায়তা তহবিলে প্রতিশ্রুত অর্থ দেয়নি। বিবিসি অনলাইনে এ-সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। এন্ড্রু মিশেল বলেন, ব্রিটিশ সরকার এই তহবিলে ৪০ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত দিয়েছে ২০ মিলিয়ন পাউন্ড। তাই আগামী বছর এই তহবিলে ৪৫ মিলিয়ন পাউন্ড ঘাটতি দেখা দিতে পারে। এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জেগে ওঠার আহ্বান জানান মিশেল।এন্ড্রু মিশেল জানান, চলতি বছর জাপানে সুনামি ও ভূমিকম্প, নিউজিল্যান্ডের ভূমিকম্প, আফ্রিকায় দুর্ভিক্ষ এবং পাকিস্তান ও ফিলিপাইনে বন্যার কারণে জরুরি সহায়তা তহবিলে ব্যাপকভাবে টান পড়েছে। চলতি বছরের মতো আগামী বছরও দুর্যোগের এই ঘনঘটা অব্যাহত থাকবে বলে বিভিন্ন তথ্য-প্রমাণে ইঙ্গিত পাওয়া গেছে। এন্ড্রু মিশেল অভিযোগ করেন, অনেক দেশ ঘটনা ঘটনার জন্য অপেক্ষা করে। কিন্তু ঘটনার আগে তহবিলে সহায়তা দেয় না। এটা জরুরি সহায়তাকে গুরুতরভাবে ব্যাহত করে। আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী বলেন, এ অবস্থায় ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় বিশ্ব ‘একেবারেই অপ্রস্তুত’। মিশেল বলেন, কোনো একটি দুর্যোগের প্রাথমিক পর্যায়ে ধ্বংস স্তূপের নিচে চাপা পড়া মানুষগুলোকে উদ্ধার তত্পরতায় বিলম্বের কারণে বহু জীবন বিপন্ন হয়ে পড়ে।