ভবিষ্যৎ নিরাপদ: বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর ভেঙে চার বছর পর ফিরে এসে মাত্র এক ম্যাচ খেলে আবারও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন শহীদ আফ্রিদি। সহ-অধিনায়ক থেকে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সালমান বাট। ২০০৯ সালের জানুয়ারির পর এ নিয়ে চতুর্থবারের মতো টেস্ট অধিনায়ক পালটাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্ব নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি ও ভবিষ্যত্ নিয়ে সালমান বাট কথা বলেছেন ক্রিকইনফোর সঙ্গে।* গত ২৪ ঘণ্টায় যেসব ঘটনা ঘটেছে তা আপনি কীভাবে মূল্যায়ন করবেন?বাট: আগে থেকে বিষয়টি (টেস্ট ক্রিকেট থেকে আফ্রিদির অবসর) আমি জানতাম না। তবে তাঁর সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। বেশ ভালো দায়িত্ব পালন করেছেন আফ্রিদি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে আফ্রিদি অসাধারণ।* এমনটা যে হতে পারে সিরিজ শুরুর আগে অনুমান করেছিলেন?বাট: সহ-অধিনায়ক ছিলাম বলে কোনো সমস্যা হলে দায়িত্ব কাঁধে আসবে, এটাই স্বাভাবিক। এদিক থেকে এ রকম কিছুর জন্য প্রস্তুতই ছিলাম। তবে এভাবে আফ্রিদির অবসর প্রত্যাশা করিনি আমি।* আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি?বাট: আমাদের দলটি তারুণ্যে ভরপুর। লর্ডসের মতো বিশ্বমানের পিচে দুই নবাগত আজহার আলী ও উমর আমিন দারুণ খেলেছে। তরুণদের নিয়ে আট থেকে দশ মাস খেললে দলটি দারুণ হবে। আমরা এখনো বিশ্বাস করি, যেকোনো দলকে হারাতে পারি আমরা। কারণ, এই দলটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কারণ, সংক্ষিপ্ত কোনো উপায়ে অভিজ্ঞতা অর্জন সম্ভব নয়। আমি নিশ্চিত, তরুণেরা প্রতিশ্রুতিবদ্ধ। তারা একে অপরের জন্য, দেশের জন্য খেলতে চায়।* এখন আপনি দলের অধিনায়ক, তার ওপর সিনিয়র ব্যাটসম্যান। এটা কি আপনার ওপর বোঝা হয়ে দাঁড়াবে না?বাট: নানা শব্দ দিয়ে আপনি ভারটা বাড়িয়ে দিতে পারেন। কিন্তু আমার দায়িত্ব একই, সামর্থ্যমতো আমার সেরাটা মাঠে প্রয়োগ করা। কে অধিনায়ক এটা কোনো বিষয় নয়। কারণ, প্রথমত আমি দেশের জন্য খেলছি, দ্বিতীয়ত আমার জন্য। যদি ভালো না করি তাহলে দলে জায়গা হবে না। সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।* লর্ডসে আপনার ব্যাটিং দেখে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। সফরে যাওয়ার আগে কি এ নিয়ে সচেতনভাবে কাজ করেছিলেন?বাট: এটা বড় কিছু নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি যা জানেন তা মাঠে সঠিকভাবে প্রয়োগ করা। আমি কেবল বল দেখে খেলেছি। আমাকে এমন একজন বল দেখে খেলার পরামর্শ দিয়েছেন, যার নাম আমি এই মুহূর্তে বলতে চাই না। এটাই কাজে লেগেছে। দলের কোচরা আমাদের সাহায্য করেছেন। আমি খুব বেশি অভিজ্ঞতা নেই, মাত্র ২৮টি টেস্ট খেলেছি। বড় কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, তবে ভালো করার প্রত্যাশা আছে। এটুকু বলতে পারি, ভবিষ্যৎ নিরাপদ।