ন্যাশনাল সার্ভিস প্রকল্পের অধীনে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে কৃষি বিভাগের ব্লক সুপারভাইজারের সহকারী হিসেবে কাজ করছিলেন সাজেদুল ইসলাম। তাঁর কৃষক বাবা আশরাফ আলী মন্ডল বর্তমানে অসুস্থ। ভিটেবাড়ি ছাড়া আর কোনো জমি নেই তাঁদের। সাজেদুলের সামান্য টাকায় সংসার চলে পাঁচ সদস্যবিশিষ্ট পরিবারের।ওই সংসার হয়তো আর চলবে না। আজ শনিবার থেকে সাজেদুলসহ কুড়িগ্রামের নয় হাজার ৭২১ জন যুবক ও নারী বেকার হচ্ছেন। কেননা তাঁদের দুই বছরের চাকরির মেয়াদ শেষ। এমনি করে আগামী ১ সেপ্টেম্বর বরগুনায় বেকার হবেন তিন হাজার ৯৮ জন। ৩১ অক্টোবর গোপালগঞ্জে বেকার হবেন চার হাজার ৫৪৯ জন।চাকরি শেষে কোথায় যাবেন, কোথায় কাজ পাবেন, পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলবেন, এই ভেবে চরম মানসিক যন্ত্রণায় আছেন ন্যাশনাল সার্ভিস প্রকল্পের ৫৫ হাজার ৮৮৬ জন কর্মী। এর মধ্যে চাকরি শেষে অনেকেরই নতুন চাকরিতে যোগ দেওয়ার বয়সও থাকবে না।প্রকল্পে যা আছে: ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল ঘরে ঘরে বেকারদের চাকরি প্রদান। সে অনুযায়ী ২০১০ সালের ৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের উদ্বোধন করেন। পরে বরগুনা ও গোপালগঞ্জে ওই প্রকল্প চালু করা হয়। ন্যূনতম এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বেকার যুবক ও নারীদের নির্বাচিত করে তিন মাসের প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, হাসপাতাল, কৃষি বিভাগ, আইনশৃঙ্খলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সরকারি বিভিন্ন দপ্তরে নিযুক্ত করা হয়। কর্মীদের মাসিক বেতন ধরা হয় ছয় হাজার টাকা। এর মধ্যে প্রতি মাসে দুই হাজার টাকা করে জমা রাখে সরকার। দুই বছরে জমা হয় ৪৮ হাজার টাকা। চাকরি শেষে প্রত্যেক কর্মীকে ৫০ হাজার টাকা তুলে দেবে সরকার, যাতে কর্মীরা তাঁদের চাকরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান করতে পারেন।ন্যাশনাল সার্ভিস প্রকল্পের অধীনে কুড়িগ্রামে সর্বোচ্চ ২৯ হাজার ৮১৫ জন বেকার যুবক ও নারী চাকরি পেয়েছেন। এর মধ্যে প্রথম ব্যাচে চাকরি পান নয় হাজার ৭২১ জন। দ্বিতীয় ব্যাচে নয় হাজার ৫১৪ জন, তৃতীয় ব্যাচে সাত হাজার ৩৬৩ জন ও চতুর্থ ব্যাচে তিন হাজার ২১৭ জন চাকরি পেয়েছেন। প্রথম ব্যাচের মেয়াদ শেষ হচ্ছে আজ শনিবার। বাকি সব ব্যাচের মেয়াদ ২০১৪ সালের মধ্যে শেষ হবে।দ্বিতীয় সর্বোচ্চ গোপালগঞ্জে চাকরি পেয়েছেন ১৬ হাজার ১১২ জন। এর মধ্যে প্রথম ব্যাচে চাকরি পেয়েছেন চার হাজার ৫৪৯ জন। দ্বিতীয় ব্যাচে চার হাজার ৪৩১ জন, তৃতীয় ব্যাচে চার হাজার ৩৩ জন ও চতুর্থ ব্যাচে তিন হাজার ৯৯ জন চাকরি পেয়েছেন। এখানে প্রথম ব্যাচের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ অক্টোবর।বরগুনায় প্রথম ব্যাচে চাকরি পেয়েছেন তিন হাজার ৯৮১ জন। দ্বিতীয় ব্যাচে তিন হাজার ১৯৭ জন, তৃতীয় ব্যাচে দুই হাজার ২৫ জন এবং চতুর্থ ব্যাচে ৭৫৬ জন। এর মধ্যে প্রথম ব্যাচের চাকরির মেয়াদ শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর।পুনরায় বেকারত্ব বরণ: বরগুনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী আবিদা সুলতানা বলেন, ‘চাকরি চলে গেলে পুনরায় বেকারত্ব বরণ করতে হবে।’ জেলার আমতলী উপজেলার মৎস্য বিভাগে কর্মরত আবুল হাসান বলেন, ‘দু-তিন মাস পর পর বেতন-ভাতা পেয়েছি। এখন তা-ও চলে গেলে জীবনে বিপর্যয় নেমে আসবে।’গোপালগঞ্জের তাহমিনা আক্তার বলেন, ‘বড় বোনকে বিয়ে দিয়েই বাবা সর্বস্বান্ত। বাবা-মায়ের ওষুধ, ছোট বোনের পড়াশোনা—সবকিছুই আমার ওপর। চাকরি চলে গেলে জানি না কী হবে।’স্বামীর একার আয়ে সংসার চলে না গোপালগঞ্জের হোসনে আরা হ্যাপির। তিনি বলেন, ‘এই বয়সে কে আমাদের চাকরি দেবে। সরকারের উচিত, আমাদের জন্য নতুন করে কিছু চিন্তা করা।’মুরগির ব্যবসাও সম্ভব নয়: গোপালগঞ্জে ন্যাশনাল সার্ভিসের কর্মী মো. নাসিম শেখ বলেন, ‘বেতন থেকে কর্তন বাবদ এককালীন যে ৫০ হাজার টাকা পাব, প্রকল্প শেষে তা দিয়ে মুরগির ব্যবসাও করা যাবে না। একমাত্র আটার রুটির দোকান দেওয়া সম্ভব।’আমতলীর কৃষি বিভাগে কর্মরত জাকির হোসেন বলেন, ‘আমরা যে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করেছি, তা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে অনেক পুঁজির দরকার। দুই বছরে জমানো টাকা দিয়ে তা সম্ভব নয়।’তৈরি হবে শূন্যতা: কুড়িগ্রাম সদর হাসপাতালের বিভিন্ন বিভাগে ন্যাশনাল সার্ভিসের ৫৮ জন কর্মী গত দুই বছর কাজ করেছেন। এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নজরুল ইসলাম বলেন, ‘হাতে-কলমে শেখানোর পর প্রথম ব্যাচের কর্মীরা যথেষ্ট ভালো কাজ করেছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন মহলকে জানিয়েছি, এরা চলে গেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।’কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. নুরুল ইসলাম বলেন, তাঁর কার্যালয়ের ৩৩ জন কর্মী চলে গেলে সমস্যা দেখা দেবে।একই ধরনের কথা বলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদ হোসেন। তিনি বলেন, ‘ন্যাশনাল সার্ভিসের কর্মীরা চলে গেলে প্রতিষ্ঠানগুলোতে প্রচণ্ড প্রভাব পড়বে।’বরগুনা সরকারি কলেজ-সংলগ্ন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ন্যাশনাল সার্ভিসের চারজন কর্মী তাঁর বিদ্যালয়ে যোগ দেওয়ার পর বিদ্যালয়ের চেহারা পাল্টে যায়। এখন তাঁরা চলে গেলে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের ধস নামবে।ন্যাশনাল সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় গত বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় বরগুনা জেলার প্রায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে বলে জানান প্রকল্পের জেলা পরামর্শক নসরাত হাসান।অনেকে ছিলেন কর্মহীন: সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনায় পুলিশ, ইউনিয়ন পরিষদ, হাসপাতাল, ভূমি ও অন্যান্য বেশ কিছু বিভাগে নিয়োগ পাওয়া ন্যাশনাল সার্ভিসের কর্মীদের বেশির ভাগই ছিলেন কর্মহীন। অনেকে সংশ্লিষ্ট বিভাগের স্থায়ী কর্মীদের কাছে ব্যঙ্গ-বিদ্রূপ ও উপেক্ষার শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।পাথরঘাটা থানায় কর্মরত ন্যাশনাল সার্ভিসের বেশ কয়েকজন কর্মী জানান, দুই বছরের চাকরির মেয়াদে থানায় মাসে একবার হাজিরা দেওয়া ছাড়া তাঁদের আর কোনো কাজ ছিল না।আলোর দিশা ‘উজ্জ্বল কুড়িগ্রাম সমিতি’: প্রশাসন সূত্র জানায়, সরকারের উদ্দেশ্য ছিল ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে অভাবী জেলার বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তোলা। এর মধ্যে শুধু কুড়িগ্রাম সদর উপজেলার ইউএনও কাজী আবেদ হোসেন ন্যাশনাল সার্ভিসের কর্মীদের নিয়ে আয়বর্ধন কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি এঁদের নিয়ে ‘উজ্জ্বল কুড়িগ্রাম সমিতি’ গড়ে তুলেছেন। ছয় হাজার কর্মী এক হাজার করে টাকা দিয়ে ৬০ লাখ টাকার তহবিল গড়েছেন। সেই টাকায় উপজেলা পরিষদের চত্বরে একটি বিপণনকেন্দ্র গড়ে উঠেছে। সেখানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কম দামে কিনতে পারা যায়। কর্মীদের তহবিল দিয়ে গড়ে তোলা হয়েছে কমিউনিটি সেন্টার ও রেস্তোরাঁ। কর্মীরাই এগুলো পরিচালনা করেন। এখান থেকে যে লাভ হয়, সবাই সমানভাবে ভাগ করে নেন। লাভের একটি অংশ দুস্থ ও অসুস্থ ব্যক্তিদের জন্য ব্যয় করা হয়।চাকরির মেয়াদ বাড়ানোর দাবি: চাকরির মেয়াদ বাড়ানো বা চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন ন্যাশনাল সার্ভিসের কর্মীরা। এ ব্যাপারে কুড়িগ্রাম ন্যাশনাল সার্ভিস বাস্তবায়ন কমিটির সভাপতি অমল চন্দ্র সরকার বলেন, ‘সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, যাদের চাকরির বয়স আছে, তাদের সংশ্লিষ্ট বিভাগের কাজে সংযুক্ত করা হোক। নয়তো চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হোক। নইলে আমরা আন্দোলন করতে বাধ্য হব।’বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল হক বলেন, ‘আপাতত এসব কর্মীর চাকরির মেয়াদ বাড়ানোর কোনো চিন্তা করছে না সরকার।’