ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ভবনধসে আহতরা
সাভারে এক মাস আগে ভবনধসে আহত ব্যক্তিদের অনেককে ইতিমধ্যে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সরকারি হিসাবে রানা প্লাজা ধসে আহত ব্যক্তিদের মধ্যে ২২৩ জন এখনো বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অনেকেরই শরীরের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে আসছে।চিকিৎসাধীন এই আহত ব্যক্তিদের কারও হাত নেই, কারও পা নেই, কারও মেরুদণ্ড ভেঙে গেছে, কারও কোমরের হাড়, কণ্ঠিহাড় ভেঙেছে, কারও বা মাথায় আঘাত। চিকিৎসা নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই। বেঁচে আছেন—এতেই অনেকে সন্তুষ্ট। হাসপাতাল ছাড়া নিয়েও তাঁদের তাড়া নেই। কিন্তু হাসপাতাল ছাড়ার পর কী হবে? কীভাবে জীবন চলবে?—এসব নিয়ে শঙ্কা, অনিশ্চয়তা এবং ওই দিনের আতঙ্ক তাঁদের পিছু ছাড়ছে না। তাঁদের চোখে-মুখে শঙ্কা ও আতঙ্কের ছাপ।ভবনধসে আহতদের একজন শাহীনূর বেগম (২৫)। গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ার পর তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে তাঁর ডান পা কেটে ফেলা হয়েছে। মেরুদণ্ডেও রয়েছে আঘাত। ওই হাসপাতালের ৭০২ নম্বর শয্যায় চিকিৎসাধীন শাহীনূর অপেক্ষা করছেন সুস্থ হয়ে ওঠার। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আরও চার সপ্তাহ পর বলা যাবে শাহীনূর কবে হাসপাতাল ছাড়বেন।রংপুরের পীরগাছা উপজেলার ফকিরা গ্রামের শাহীনূর বেড়ে উঠেছেন দারিদ্র্যের সঙ্গে। সাত বছরের এক মেয়ে আছে, নাম শাহনাজ পারভীন। মেয়ের বয়স যখন তিন মাস, তখন স্বামী তাঁকে ছেড়ে যায়। মেয়েকে বৃদ্ধ মা-বাবার কাছে রেখে রানা প্লাজা ধসে পড়ার পাঁচ মাস আগে কাজ নিয়েছিলেন সাততলার একটি পোশাক কারখানায়। বেতন ছিল তিন হাজার টাকা। ওই কাজ গেছে, গেছে একটি পা। পাশে থাকা বোন কাজলী জানান, এখনো ঘুমের মধ্যে শাহীনূর শিউরে ওঠেন।সুস্থ হয়ে কী করবেন—এমন প্রশ্নে শাহীনূর জবাব না দিয়ে বোনের দিকে তাকিয়ে থাকেন। এ সময় পাশে থাকা হাসপাতালের পরিচালক (ব্যবস্থাপনা ও পরিকল্পনা) মো. আনোয়ারুল কাদের নাজিম বলেন, পায়ের ঘা শুকালে একটি কৃত্রিম পা লাগানো হবে, তাঁকে হাঁটতে শেখানো হবে। এরপর তিনি যে কাজ করতে চান, সে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। শাহীনূর বলেন, দোকানই তাঁর জন্য ভালো।পাশের ৭০১ নম্বর শয্যায় চিকিৎসাধীন পাখি বেগম। তাঁর দুই পা-ই কাটা গেছে। ঘুমে, না জেগে ছিলেন বোঝা যায়নি। তাঁর দুটি পা সংযোজনের কথা ভাবছে কর্তৃপক্ষ।ভবনধসে আহত শাহীনূর, পাখি ছাড়া আরও ৪৫ জন গতকাল শুক্রবার পর্যন্ত এনাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।একই ঘটনায় আহত ৪১ জন চিকিৎসাধীন সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)। সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেইলর প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একটি বড় অংশই মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। তাঁদের বিশেষায়িত চিকিৎসা, ফিজিওথেরাপি দরকার। সিআরপি সাধ্যমতো আহত ব্যক্তিদের সেবা দেওয়ার চেষ্টা করছে।নওগাঁর নিয়মতপুরের আমেনা বেগমের মেরুদণ্ড ভেঙেছে। জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আরও ৬২ জনের সঙ্গে তাঁর চিকিৎসা চলছে। গতকাল দুপুরে পেটের ওপর থালা রেখে ভাত খাচ্ছিলেন আমেনা। পাশে বসা শিশুকন্যা মাসুদা। তিনিও কাজ করতেন রানা প্লাজার সাততলার পোশাক কারখানায়। বেতন ছিল মাসে তিন হাজার টাকা। স্বামী মাসুদ সাভারে রিকশা চালাতেন। স্ত্রীর পাশে থাকতে হয় বলে মাসুদ এখন রিকশা চালাতে পারছেন না। ভাড়া বাসা ছেড়ে দিয়ে সারাক্ষণ মেয়েকে নিয়ে হাসপাতালেই থাকছেন। তবে হাসপাতাল থেকে আমেনাকে ছুটি দেওয়া হলে কী করবেন, কোথায় যাবেন, তা এখনো জানেন না।পঙ্গু হাসপাতালেই চিকিৎসাধীন টাঙ্গাইলের নাগরপুরের মিঠুন আহমেদ বলেন, তাঁর চেয়ে খারাপ কপাল খুব কম মানুষের হয়। ভবনধসে দেয়ালচাপায় তাঁর কোমরের হাড় ভেঙেছে। প্রথমে এনাম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে ধরা পড়ে তিনি বসন্তে আক্রান্ত। তাঁকে ২৯ এপ্রিল পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরদিন সেখান থেকে পাঠানো হয় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। বসন্ত ভালো হওয়ার পর তাঁকে ১৪ মে আবার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।মিঠুন বলেন, তাঁর মাসিক রোজগার গেছে। জীবনে আর ভারী কাজ করতে পারবেন না। বিভিন্ন হাসপাতালে থাকার কারণে কোনো সহায়তাও পাননি। কবে সুস্থ হবেন তা-ও জানেন না। তিনি বলেন, ‘আমাদের জীবন কীভাবে চলবে, তা সরকারকেই দেখতে হবে।’ভবনধসে আহত অন্য ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার ও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালসহ একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বেশির ভাগই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের তথ্য অনুযায়ী, ভবনধসের পর প্রাথমিক চিকিৎসা নেন এক হাজার ৮৮৫ জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৮২৯ জনকে। তাঁদের মধ্যে ১২ জন মারা যান।