ভয়াবহ নাশকতার পরিকল্পনা হয়েছিল: হানিফ (ভিডিও )

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে ৮৫ কোটি টাকা ভাগাভাগি হয়েছে। এতে ভয়াবহ নাশকতার পরিকল্পনা হয়েছিল। সেটা ফাঁস হয়ে গেছে। বিরোধীদলীয় নেতা সেই ষড়যন্ত্রে জড়িত ছিলেন।আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের জাতীয় শ্রমিক লীগ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।একটি জাতীয় দৈনিকের উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, হেফাজতের লংমার্চ ঘিরে ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে হেফাজতে ইসলাম দিয়েছে ৪৫ কোটি টাকা। বাকি টাকা দিয়েছে অন্যরা। আর কে কত টাকা নিয়েছে, সেটাও একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।হানিফ অভিযোগ করেন, এই টাকার লেনদেন হয়েছে দৈনিক ‘আমার দেশ’-এর কার্যালয়ে। সেখান থেকে মাহমুদুর রহমানও চার কোটি টাকা নিয়েছেন। এসব তথ্য যখন প্রকাশিত হয়, তখন ‘লজ্জায় মাথা হেঁট হয়ে যায়’। তিনি বলেন, হেফাজতের এই কর্মসূচিতে শুধু লংমার্চ ও সমাবেশ করার পরিকল্পনা ছিল না। এই কর্মসূচিতে কারাগারে আটক যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বিএনপি নেতা আবদুল আলীমকে হত্যা, মাদ্রাসার ৫০ জন ছাত্রকে হত্যা এবং কোরআন শরিফ পুড়িয়ে ও মাদ্রাসায় আগুন দিয়ে দেশে একটা অরাজক পরিবেশ তৈরির পরিকল্পনা ছিল।খালেদা জিয়া এ ঘটনায় জড়িত মন্তব্য করে হানিফ বলেন, আপনি (খালেদা জিয়া) দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতি আপনার দায়বদ্ধতা আছে। আপনি এখনো দেশের সম্মানিত বিরোধীদলীয় নেত্রী। কী করে আপনি তাদের এই ষড়যন্ত্রে পা দিলেন, তাদের প্রশ্রয় দিলেন? এটা বাংলার মানুষ জানতে চায়। আপনি ক্ষমতার জন্য এতই মরিয়া হয়ে উঠেছেন!বিএনপির হরতালের কোনো যৌক্তিক কারণ নেই মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, বিরোধী দল ৩৬ ঘণ্টার হরতাল দিয়েছে। কী কারণে দিয়েছে, এর কোনো ব্যাখা নেই। আসলে ওনার (খালেদা জিয়া) রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য তর সইছে না। দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ব্যর্থ রাষ্ট্র করার জন্য তাঁদের এই কর্মসূচি।দেশের সাধারণ মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে হানিফ বলেন, ‘আজ এত গাড়ি চলছে যে হরতালের দিন, না স্বাভাবিক—তা বুঝতে পারছি না। তাদের অযৌক্তিক ও ধ্বংসাত্মক হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।’ তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল দিতে পারে। আবার সাধারণ মানুষেরও অধিকার আছে হরতাল না মানার। কিন্তু আপনি বোমাবাজি ও গাড়ি পুড়িয়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে মানুষের স্বাভাবিক জীবন নষ্ট করতে পারেন না।হানিফ বলেন, ‘ওয়াশিংটন পোস্ট’-এ নিবন্ধ লিখে, জামায়াত-শিবিরকে প্রশ্রয় দিয়ে এক শয়ের ওপরে মানুষ হত্যা করে, সেনাবাহিনীকে উসকে দিয়ে সরকার পতনের গভীর ষড়যন্ত্র করেছেন। কিন্তু সবগুলোতে ব্যর্থ হয়ে সর্বশেষ হেফাজতে ইসলাম দিয়ে ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু বাংলার মানুষ খালেদা জিয়ার ষড়যন্ত্র বুঝে ফেলে। তিনি বলেন, দেশের মানুষ গত নির্বাচনে তাঁকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনেও তাঁকে প্রত্যাখ্যান করবে। তাই সময় এসেছে তাঁদের ষড়যন্ত্র রুখে দেওয়ার। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার।জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।