নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুদের রাষ্ট্র কর্তৃক ভরণপোষণ সম্পর্কিত আইনটি বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আইনটি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে নারী ও শিশু নির্যাতন আদালতের কাছ থেকে ধর্ষণজনিত মামলাগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করেছে। সংগৃহীত তথ্য-উপাত্ত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে মন্ত্রণালয় ওই সব শিশুর ভরণপোষণের জন্য যাবতীয় অর্থ বরাদ্দ চাইবে।২০০০ সালে তত্কালীন সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন ৮ নম্বরের ১৩ ধারা সংশোধন করে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুদের ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করার বিষয়টি প্রতিস্থাপন করেছিল। ২০০৩ সালে এ সম্পর্কিত ৩০ নম্বর আইন অনুযায়ী গেজেট প্রকাশিত হলেও আইনটি এত দিন বাস্তবায়িত হয়নি।এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আধুনিক রাষ্ট্রের কল্যাণকামী চিন্তাধারা থেকে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুদের ভরণপোষণ সম্পর্কিত আইনটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, ইতিমধ্যে ‘থোক’ বরাদ্দ থেকে গোপালগঞ্জের রাবেয়ার (৫) ভরণপোষণের টাকা দেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে ভবিষ্যতে এ রকম আরও উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বছরে কত শিশু ধর্ষণের ফলে জন্ম নিচ্ছে, তার সঠিক তথ্য-উপাত্ত পাওয়ার পরই মন্ত্রণালয় বাজেটে এ সম্পর্কে ব্যয় বরাদ্দের প্রস্তাব দেবে।এই আইনের বাস্তবায়ন সম্পর্কে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী দেশের ভূখণ্ডে জন্মগ্রহণকারী যেকোনো শিশু তার জন্মগত অধিকার ভোগ করবে। শিশুটির জন্ম কোন প্রক্রিয়ায় হলো, তা বিবেচনায় না এনে তার জন্মগত অধিকার প্রদান করাই রাষ্ট্রের দায়িত্ব।শফিক আহমেদ বলেন, ২০০০ সালে তত্কালীন সরকার ধর্ষণের ফলে জন্মলাভকারী শিশুদের ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করার যে বিধান প্রতিস্থাপন করেছিল, তা আধুনিক রাষ্ট্রের মানবতা ও কল্যাণকামী চিন্তাধারার ফসল। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে গোপালগঞ্জের রাবেয়াকে ভরণপোষণের জন্য তার মায়ের কাছে এককালীন ২৭ হাজার টাকা ও প্রতিবছর নয় হাজার টাকা প্রদান নিশ্চিত করেছে।রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো এ উদ্যোগকে বিরল দৃষ্টান্ত উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আশা করি ভবিষ্যতে এ মহান দায়িত্ব বাংলাদেশ পালন করে যাবে। বিশ্বের আধুনিক প্রায় সব দেশে তাদের সংবিধানে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর জন্মগত অধিকার যেমন দেওয়া হয়েছে, তেমনি শিশুর ভরণপোষণের দায়িত্ব পালন করে রাষ্ট্র। একই সঙ্গে তারা মা-বাবার পরিচয় দেওয়ার অধিকার ভোগ করে থাকে।’নারী ও শিশু নির্যাতন দমন আইন ৮ নম্বরের ১৩ ধারার বিধানে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুদের ভরণপোষণ সম্পর্কে বলা হয়েছে, এই সন্তানকে তার মা কিংবা মাতৃকুলের আত্মীয়স্বজনের তত্ত্বাবধানে রাখা যাবে, বাবা-মা কিংবা উভয়ের পরিচয়ে পরিচিত হওয়ার অধিকারী হবে, তার ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে এবং ওই সন্তানের ২১ বছর বয়স পর্যন্ত ভরণপোষণের এ ব্যয় প্রদেয় হবে (কন্যাসন্তানের ক্ষেত্রে বিয়ে না হওয়া পর্যন্ত প্রদেয়)। বাসস।