ভরদুপুরে রাজপথে শকুন
একেবারে ভরদুপুরে আকাশ থেকে শকুন আছড়ে পড়ল রাজপথে। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনের রাস্তায় পড়ে শকুনটি। মুহূর্তেই উত্সুক মানুষের ভিড় জমে যায় বিশাল আকৃতির শকুনটি দেখতে। অবস্থা দেখে আকাশে উড়াল দেয় শকুনটি। কিন্তু বৃথা চেষ্টা, পিচঢালা পথে আবার আছড়ে পড়ে ধূসর-সাদাকালো পশমের শকুনটি। এরপর অনেকে একে ধাওয়া করে, কেউ বা পিছু নেয়। কিছুক্ষণ পর পাশের এলাকা আরামবাগের এক তরুণ সাগর হোসেন তাঁর কজন বন্ধুকে নিয়ে শকুনটি ধরে মতিঝিল থানায় নিয়ে যান। কিন্তু পুলিশ এটি তাদের কাছে রাখতে নারাজ। অগত্যা সাগর ৫০/১ আরামবাগের বাসায় নিয়ে যান এবং আগারগাঁওয়ের বন ভবনে খবর দেন। বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল বিকেলে শকুনটি বন ভবনে নিয়ে যায়। ওই দলের সদস্য বন পরিদর্শক অসীম কুমার মল্লিক প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটি হিমালয়ান গ্রিফন ভালচার। শকুনটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের পাশে ভুরুলিয়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।’ বঙ্গবন্ধু সাফারি পার্কের সহকারী পশুচিকিত্সক নিজাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘শকুনটি খুব দুর্বল। মুরগির মাংস খেতে দেওয়া হয়েছে। সুস্থ করে তুলতে ওষুধও দেওয়া হচ্ছে।’বন সংরক্ষক তপন কুমার দে বলেন, ‘সুস্থ হলে শকুনটি উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।’ পাখি বিশেষজ্ঞ শরীফ খানও মনে করেন, শরীরিক অবস্থা বিবেচনা করেই শকুনটি ছাড়া উচিত। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘এ-জাতীয় শকুন ভবঘুরে স্বভাবের হয়ে থাকে। হিমালয় পর্বতাঞ্চলে এদের জন্ম। তবে খাবারের সন্ধানে কিংবা বেশি শীত পড়লে এরা বাংলাদেশের মতো এলাকায় চলে আসে।’ তিনি বলেন, ‘আমার মনে হয়, খাবার না পেয়েই দুর্বল হয়ে শকুনটি মাটিতে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে। তবে শকুনটির ওড়ার শক্তি না থাকলে চিড়িয়াখানাতেই রেখে দেওয়া উচিত। উড়তে পারলে ছেড়ে দেওয়া যেতে পারে।’