দিনটি ছিল শুক্রবার। তারিখ ২৫ মার্চ। সময় সকাল সাড়ে নয়টা। স্থান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ। সবাই গলা ছেড়ে গাইল, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। জাতীয় সংগীত দিয়ে শুরু হলো সপ্তম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ঢাকা আঞ্চলিক উৎসব। প্রকৃতিতে ভরবসন্ত। সে কথা জানান দিচ্ছিল কলেজ প্রাঙ্গণের বুড়ো বটগাছটা—নবীন সবুজ পাতার হাটে রোদের ঝিকিমিকি। তার মধ্যে ঝিলমিল করে উঠল একগুচ্ছ রঙিন বেলুন। অধিকাংশই আবার লাল। সবুজ বটপাতা আর লাল বেলুন, আকাশে উড়তে থাকা পাখির চোখে দেখলে ঠিক বাংলাদেশের পতাকার মতোই মনে হতো তা! অনুষ্ঠান উদ্বোধন হলো ওই রঙিন বেলুন উড়িয়ে। উড়িয়ে দিলেন শিক্ষাবিদ অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান খান ও এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। প্রতিযোগে অংশ নিতে ঢাকার ৬০টি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী তো ছিলই।বেলুন তো ওড়ানো হলো, কিন্তু বেলুন যে উড়তে চায় না! ওগুলো আটকে রইল বুড়ো বটের ডালপালার সঙ্গে। যেন বুঝতে পারছিল, আজ জম্পেশ মজা হবে এ আঙিনায়। বেলুনগুলোর কাণ্ডকীর্তি দেখে হেসে দিলেন ছেলে-বুড়ো সবাই। হাসিমাখা মুখে বাংলা ভাষা নিয়ে বললেন মুস্তাফা নূরউল ইসলাম, ‘দুনিয়াজুড়ে বাংলা ভাষার মানমর্যাদা অনেক ওপরে। তাই বুঝে-শুনে ও সততার সঙ্গে আমাদের মাতৃভাষা ব্যবহার করতে হবে।’ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আহ্বান করলেন শপথ গ্রহণের; বললেন, ‘তোমরাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। এসো, আমরা বদলে যাওয়া এবং বদলে দেওয়ার শপথ নিই।’ ঘড়িতে ঠিক ১০টা। শিক্ষার্থীরা ছুটল পরীক্ষা দিতে। নির্ধারিত জায়গা খুঁজে বসতে বসতে বেজে গেল ঘণ্টা। শুরু হলো ৩৫ নম্বরের ওপর আধা ঘণ্টার লড়াই। লড়াই কি? নাহ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আনিকা সিটে বসতে বসতে বলল, ‘উৎসব!’ উৎসব যখন, তখন গোমড়ামুখো হলে তো চলে না। কিন্তু হলে হলে ঢুঁ মেরে দেখা গেল, উত্তেজনা-দুশ্চিন্তা অনেকেরই মুখে পরীক্ষার ছবি আঁকছে! কেউ বা আকাশ-পাতাল ভাবছে, কামড়ে কামড়ে কলমের বারোটা বাজিয়ে ছাড়ছে কেউ কেউ। তবে প্রায় সবাই ঘসঘস করে লিখতে থাকল শেষ পাঁচটি প্রশ্নের উত্তর। ছেলেমেয়েরা পরীক্ষায় ব্যস্ত, অভিভাবকেরা কী করবেন? তাঁরা চুপচাপ বসে রইলেন বটতলায়। অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু মাইকে ঘোষণা দিলেন, এবার গান হবে। শিল্পী বুলবুল ইসলাম শুরু করলেন ‘ও আমার দেশের মাটি’ দিয়ে। তিনটি গান শোনানোর পর মঞ্চে এলেন শারমিন সাথী ইসলাম। ‘এই বাংলার মাটিতে মাগো, জন্ম আমায় দিও’ গানটি দিয়ে শুরু করে শেষ করলেন ‘নাও, প্রাণ ভরে নাও’ দিয়ে। গান শেষে মঞ্চে উঠে এলেন অতিথিরা। মাইকের সামনে এলেন কথাশিল্পী আনিসুল হক। সবার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন তিনি, ‘বিশ্বকাপে তোমরা কোন দলে ছিলে?’ তুমুল উচ্ছ্বাসে উত্তর ভেসে এল, ‘বাংলাদেশ!’ জানা উত্তরাটা শুনে হাসলেন আনিসুল হক, বললেন, ‘বাংলাদেশ আমাদের অন্ন দিয়েছে, শীতল জলে স্নাত করেছে। এই দেশটাকে গড়ে তুলতে হবে আমাদেরই। তার জন্য নিজের কাজটুকু ভালোভাবে করবে। ভালো বই পড়বে, সেরা গান শুনবে, শ্রেষ্ঠ চলচ্চিত্র দেখবে, খেলাধুলাও করতে হবে নিয়মিত। আর হতে হবে ভালো মানুষ।’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীতে পড়ে দীপান্বিতা বিশ্বাস। ছোট্ট একটা মেয়ে, কিন্তু নাকের ওপর ভারী চশমা। প্রশ্নও করে ভারী ভারী! প্রশ্নোত্তর পর্বে ওর জানার ছিল, ‘ব্যাকরণে পূর্ণ নম্বর পাওয়া যায়, কিন্তু সাহিত্যে পাওয়া যায় না কেন?’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী উত্তরে বললেন, ‘সাহিত্যজ্ঞানের সাধনা কখনো সীমাবদ্ধ করা যায় না। শিল্প-সাহিত্যে শেষ বলে কিছু নেই। তাই ব্যাকরণের মতো গদ্যে পূর্ণ নম্বর পাওয়া যায় না।’ উত্তর তো মিললই, দীপান্বিতা পেল সেরা প্রশ্নের জন্য উপহার—বই। এভাবেই একের পর এক প্রশ্ন ছুড়ে দিল শিক্ষার্থীরা। অরণি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর লাবিব মোহাইমেন উদ্দিনের প্রশ্ন ছিল, ‘চন্দ্রবিন্দু ( ঁ) কেন ব্যবহূত হয়?’ জবাবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বললেন, ‘চন্দ্রবিন্দু না থাকলে বাঁশি সুন্দর সুর সৃষ্টি না করে বাসি খাবারের দুর্গন্ধ ছড়াত। অর্থাৎ চন্দ্রবিন্দু না থাকলে উচ্চারণ শুদ্ধ হতো না। এ কারণেই চন্দ্রবিন্দু ব্যবহূত হয়।’ এমনি সব কৌতূহলোদ্দীপক প্রশ্নে পুরোটা সময় মাতিয়ে রাখল শিক্ষার্থীরা। একে একে অন্যদের সঙ্গে সব প্রশ্নেরই উত্তর দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক সৌমিত্র শেখর, রেসিডেন্সিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম।প্রশ্নোত্তর পর্ব শেষে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে দেশ ও স্বাধীনতার কথা বললেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বললেন অধ্যাপক হায়াৎ মামুদ, ‘বাংলা ভাষা বুঝতে হলে রবীন্দ্রনাথ পড়তে হবে। শুধু তা-ই নয়, আমাদের বাঁচার জন্যও রবীন্দ্রনাথ পড়তে হবে।’ বক্তব্য দিলেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। গান গেয়ে শোনায় মাহমুদুজ্জামান বাবুর নেতৃত্বে মৃত্তিকা ব্যান্ড। গান শেষে বিজয়ীদের নামের তালিকা নিয়ে মঞ্চে ওঠেন ভাষা প্রতিযোগ পর্ষদ ২০১১-এর সমন্বয়কারী জাফর আহমদ। ঘোষণা করেন শীর্ষ নম্বর পাওয়া ৬০ জনের নাম। সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের কাজী সায়মুল রেজা হলো সেরাদের সেরা। সায়মুল বলল নিজের অনুভূতির কথা, ‘পরীক্ষার কারণে ভালোভাবে প্রস্তুতি ছিল না, তাই দুশ্চিন্তা হচ্ছিল। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে দেখলাম দুই-তিনটা বাদে সব পারি। সামনে আরও ভালো করতে চাই।’ ভালো কারার এই প্রত্যয় কেবল সায়মুলেরই নয়, যারা বিজয়ী হয়েছে আর যারা হয়নি তাদের সবার চোখেমুখেই দিন শেষে ঝলমলে আলোর ঝলকানি সেই কথাই বলছিল। দিনব্যাপী উৎসবে নেসলে বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ছিল বিনা মূল্যে ন্যাস ক্যাফে কফি ও ম্যাগি নুড্ল্স। ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ উৎসবে যারা এসেছে কফি পান করে গলা ভিজিয়েছেন। আর নুড্ল্স খাওয়ার সুযোগ ছাড়ে কেউ!ঢাকায় বিজয়ী যারাপ্রাথমিক: প্রথম, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দীপান্বিতা বিশ্বাস; দ্বিতীয়, সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের মো. ইশরাক আহমেদ এবং তৃতীয়, এসওএস হারম্যান মেইনারের মো. তাজমীম রেজা। বিশেষ পুরস্কার: প্রকাশকুমার দাশ, মুহিতুল ইসলাম, নুসরাত সায়েম, আরাফ ইসলাম, নাফিয়া ফারজানা, রামিছা তাহসিন, সৈকত মজুমদার, ইন্তিসার তাহমিদ, জেরা ইসলাম, মাহমুদ শাহরিয়ার, ফারাহ শামমিয়া, ফাহিম আলম।নিম্নমাধ্যমিক: প্রথম, সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের কাজী সায়মুল রেজা; ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আনিকা তাহমিনা দ্বিতীয় এবং মণিপুর উচ্চবিদ্যালয়ের কাজী আজমাইন তৃতীয়। বিশেষ পুরস্কার: অংকন ঘোষ দস্তিদার, বণিক বৈশ্য, আজমীন আজরান, মো. হাসিবুল ইসলাম, আঁখি আলীম, নাহিয়ান হাবিব, ফারিহা ফাইজা, মো. মোত্তাকিমুর রহমান, তাসনিম আকবর ফারুকী, কায়েস আল মাহমুদ, ফৌজিয়া আফরিন, নুজহাত ফেরদৌসী। মাধ্যমিক: প্রথম, মণিপুর উচ্চবিদ্যালয়ের সুবাহ সামরুর সিমন্তী; দ্বিতীয়, হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের হোমায়রা আসিফ এবং তৃতীয় হয়েছে রাজধানী উচ্চবিদ্যালয়ের পৃথুলা হূদি। বিশেষ পুরস্কার: এস কে হাসিন ইনান, আফরোজা নওশীন, সাদ আহেমদ, মো. মোবাশ্বিরুল হক, মো. শোয়াইব হোসেন, মানসুরা এমদাদ, আহমেদ ইউসুফ, পার্থ চক্রবর্তী, নিগার সুলতানা, ফারজানা ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মুত্তাছিম বিল্লাহ।উচ্চমাধ্যমিক: নটর ডেম কলেজের সৌরভ কুমার মণ্ডল প্রথম; ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অরূপ চক্রবর্তী দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সাদিকা ইসলাম। বিশেষ পুরস্কার: আবরার মাহবুব, রিফাত কবির, মো. শরীফুল ইসলাম, নওশীন তাবাস্সুম মাহমুদ, পার্থসারথি দাশ, নির্ঝর কুমার মণ্ডল, নাঈম সেরনীয়াবাদ, মো. আশিকুর রহমান, মো. আবরার নাদিম, আবদুল্লাহ আল মামুন, নিশাত ফারজানা, ঊর্মি দেবনাথ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ১৯৬০ সালে তদানীন্তন পাকিস্তান সরকার ইংল্যান্ডের পাবলিক স্কুলের অনুকরণে ঢাকায় রেসিডেন্সিয়াল মডেল স্কুল স্থাপনের কাজ শুরু করে। ক্রমাগত উন্নয়নের ধারা বেয়ে অনন্যসাধারণ এ প্রতিষ্ঠানে এখন রয়েছে চারটি পূর্ণাঙ্গ স্তর—প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। প্রতিবছর লেখাপড়ার পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক আসর, শহীদ দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তা ছাড়া প্রায়ই অভিভাবকদের সঙ্গে নানা রকম পরামর্শ ও মতবিনিময় সভার আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি।সেরাদের সেরাকাজী সায়মুল রেজাঅষ্টম শ্রেণী, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়।