ভরসা যখন ‘ভাড়ার গাড়ি’
‘মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা। তাই প্রতি ঈদে গ্রামে ছুটে যাই; কিন্তু চাকরির কারণে স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদের আগের দিন বাড়ি যেতে হয়। এ সময় বাসগুলোয় অস্বাভাবিক ভিড় থাকায় গাড়ি ভাড়া দেয় এমন প্রতিষ্ঠানের (রেন্ট-এ কার) মাইক্রোবাস বা প্রাইভেট কারই শেষভরসা হয়ে দাঁড়ায়। পাঁচ বছর ধরে এভাবেই ঈদে বাড়ি যাই।’ বলছিলেন জিগাতলার ইউনাইটেড রেন্ট-এ কারে বুকিং দিতে আসা নোয়াখালীর লোকমান কবির।ঈদে বাড়িমুখো মানুষের ভিড় এড়িয়ে পরিবার-পরিজন নিয়ে একটু আরামে বাড়ি যাওয়ার জন্য মাইক্রোবাসকে বেছে নিয়েছেন বলে জানান রেন্ট-এ কারে বুকিং দিতে আসা অনেকে। কেউ কেউ আবার বুকিং দিচ্ছিলেন বেশি আসনের গাড়ি।জিগাতলা, শ্যামলী, কলেজগেট, মহাখালী, শাহবাগ, পল্টন, সায়েদাবাদ, ধানমন্ডিসহ নগরের বিভিন্ন এলাকার রেন্ট-এ কারের প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, ১০ রমজান থেকেই শুরু হয়েছে বুকিং দেওয়া। এটা চলবে ২৫ রমজান পর্যন্ত। বুকিং করতে অগ্রিম টাকাও দিতে হচ্ছে সবাইকে। ঈদের জন্য রেন্ট-এ কারের এই বিশেষ সেবা চলবে ঈদের পর আরও ছয় দিন।বাস, লঞ্চ, রেলগাড়ি এড়িয়ে ভাড়া করা মাইক্রোবাস কিংবা গাড়িতে বাড়ি যাওয়া প্রসঙ্গে জিগাতলার ইউনাইটেড রেন্ট-এ কারের স্বত্বাধিকারী মো. রেজাউল হাসান বলেন, ‘আমরা বছরের অন্যান্য সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষকে ঢাকার ভেতরে যাত্রার জন্য গাড়িগুলো ভাড়া দিয়ে থাকি। কিন্তু ঈদের সময় এই সার্ভিস বন্ধ হয়ে যায়। ঈদে মানুষকে গ্রামের বাড়ি পৌঁছে দিতেই মূলত এ সার্ভিস বন্ধ থাকে।’ঈদের সময় বাড়ি যেতে মাইক্রোবাসের চাহিদা কেমন—জানতে চাইলে অন্যান্য সময়ের তুলনায় ঈদে অনেক বেশি চাহিদা থেকে বলে জানান তিনি। আর এ কারণে ব্যবসায়ীদের অতিরিক্ত গাড়ি সংযোজন করতে হয়। প্রতিবছরের মতো এবারও মাইক্রোবাসে করে ঈদে গ্রামের বাড়ি যাবেন ঝিনাইদহের আনিসুর রহমান। তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদে ভাড়া বেড়ে যায় বলে অভিযোগ করেন তিনি। এবারও ভাড়া বাড়বে কি না জানতে চাইলে জিগাতলার বিসমিল্লাহ রেন্ট-এ কারের স্বত্বাধিকারী মাহফুজুর রহমান বলেন, ‘আমরা ইচ্ছা করে ভাড়া বাড়াই না। ঈদের সময় রাস্তায় প্রচুর জ্যাম থাকায় গাড়ি গন্তব্যে পৌঁছে ঢাকায় ফিরে আসতে প্রায় দ্বিগুণ সময় লাগে। ঈদের সময় ২০ থেকে ২৫ শতাংশ ভাড়া বাড়াতে হয়। তাই এবারও ভাড়া বাড়বে। তা ছাড়া ড্রাইভারদের ঈদের বোনাস দিতে হয়। না হলে তো লোকসান দিয়ে ব্যবসা চালাতে হবে।’ আবার ঈদে বাড়ি যেতে এর উল্টো চিত্রও দেখা যায়। ঢাকার পশ্চিম রাজাবাজারে থাকেন নরসিংদীর সৈয়দা সাদিয়া মাহরীন। ঈদে কীভাবে বাড়ি যান? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রতি ঈদেই নরসিংদী যাই। শহরের চেয়ে গ্রামে ঈদের আনন্দ বেশি। তবে ঢাকা-নরসিংদী রুটে ভালো বাস না থাকায় মাইক্রোবাসে করে বাড়ি যেতে হয়। কিন্তু ঢাকায় ভাড়া বেশি হওয়ায় নরসিংদী থেকে পাঠানো মাইক্রোবাসে করে বাড়ি যাই।’ রেন্ট-এ কারের মাইক্রোবাসে নিরাপত্তা তেমন নেই বলে জানান অধিকাংশ যাত্রী। এ প্রসঙ্গে ড্রাইভাররা বলেন, ‘সবই আল্লাহর হাতে। আমাদের তো কিছু করার নেই। তবে আমরা পথের মধ্যে কোথাও গাড়ি থামাই না।’ মাইক্রোবাসে করে ঈদে বাড়ি যাওয়ার সময় যাত্রীদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ট্রাফিক-দক্ষিণ) নাজমুল হাসান বলেন বলেন, ‘মাইক্রোবাসে ওঠার আগে তার রেজিস্ট্রেশন নম্বরটি টুকে রাখতে হবে। কারণ, অনেক সময় ড্রাইভারদের সঙ্গে ছিনতাইকারীদের যোগসাজশ থাকে। ড্রাইভারের লাইসেন্স আছে কি না, তা-ও দেখে নিতে হবে। যতটা সম্ভব গভীর রাতে রওনা না দিলেই ভালো। আর কোনো রেন্ট-এ কার সার্ভিস যদি অতিরিক্ত ভাড়া চায়, তাহলে আমাদের সাহায্য নিতে পারবেন। আমরা এ ব্যাপারে সব সময় সহযোগিতা করে থাকি।’