সারিবদ্ধ ১৭টি রেইনট্রি। ছালবাকল সব উঠে গেছে গাছগুলোর। বেরিয়ে পড়েছে হাড়ের মতো সাদা শুকনো কাঠ। শাখা-প্রশাখা পাতাশূন্য। সরু শাখাগুলো ভেঙেও পড়েছে। গুঁড়ির ওপর গোটা কতক মোটা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে বিশালাকারের মরা গাছগুলো।রোকেয়া সরণি হয়ে নির্বাচন কমিশনের উত্তর দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের দুই পাশে চোখে পড়বে এই গাছগুলো। পথটির উভয় পাশে এই রেইনট্রিবিথী পথটিকে ছায়াময় করে রেখেছে দীর্ঘকাল। ইদানীং গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এই ভরা বর্ষা মৌসুমেও গাছগুলো শুকিয়ে যাচ্ছে। মরা গাছগুলোর পাশের সজীব গাছগুলোও ওপরের দিক থেকে শুকিয়ে যাচ্ছে। উঠে যাচ্ছে বাকল।কেন বিশালাকার এই গাছগুলো মরে যাচ্ছে, আশপাশের বাসিন্দাদের কাছে জিজ্ঞাসা করেও তেমন বিশেষ কিছু জানা গেল না। গাছগুলো শুকিয়ে মরে যাওয়ার ঘটনায় তারাও বিস্মিত।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আরবরিকালচারের পরিচালক সৈয়দ হাদিউজ্জামান প্রথম আলোকে বলেন, সাধারণত ৭০ থেকে ৮০ বছর বয়সে রেইনট্রি গাছগুলোর বার্ধক্য শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের গাছটির বয়স প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়সের সমান। বয়স বেড়ে গেলে এগুলোর পাতা ছোট হয়ে যায়, ডাল ভেঙে পড়ে। আর এর চেয়ে কম বয়সে রোগাক্রান্ত হয়েও এগুলো মারা যেতে পারে।গাছগুলো দেখভালের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের আরবরিকালচার বিভাগের। এই বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) আনোয়ারুল ইসলাম জানান, এই গাছগুলোর বয়স ২৫ থেকে ৩০ বছর। মরা গাছগুলো বিপজ্জনক হয় পড়েছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এ কারণে সেগুলো নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। গাছগুলো কেন মরে যাচ্ছে, তা জানার চেষ্টা করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানামতে এ ধরনের কিছু হয়নি।’শেরেবাংলা নগরের রেইনট্রিগুলোর মৃত্যুর কারণ কী হতে পারে, জানতে চাইলে নিসর্গবিদ দ্বিজেন শর্মা প্রথম আলোকে বলেন, ‘শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় রেইনট্রি গাছ মারা যাচ্ছে। বিষয়টি বিভিন্ন জায়গায় আলোচিতও হয়েছে। গাছের মৃত্যুর কারণ অনুসন্ধান করতে হলে মাটি, গাছের নমুনাসহ বিভিন্ন উপাদান পরীক্ষা করা প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো তৎপরতা শুরু হয়নি। তাই নিশ্চিত করে মৃত্যুর কারণ বলা যায় না। নগরের বৃক্ষ রক্ষায় সরকারের দপ্তরগুলোর এ ধরনের উদাসীনতা সত্যিই হতাশাজনক।’মরা গাছগুলোর নিচেই কয়েকটি চায়ের দোকান। দোকানিরা জানালেন, গত বছর ওই এলাকার রাস্তার উন্নয়নকাজ হয়েছিল। ওই গাছগুলোর নিচেই মাটি খুঁড়ে আগুন জ্বালিয়ে বড় বড় ড্রামের পিচ গলানো হয়েছিল। সেই তাপে গাছগুলো মরে যেতে পারে বলে তাঁদের ধারণা। তখন থেকেই গাছগুলোর আগা শুকিয়ে যেতে থাকে। তবে ওই ঘটনার পরেও অনেকগুলো গাছ শুকিয়ে গেছে। এখনো অনেক গাছ শুকিয়ে যাচ্ছে।গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা গেল, ইতিমধ্যে তিনটি গাছ কাটা হয়ে গেছে। বৃষ্টির জন্য গতকাল গাছ কাটায় সাময়িক বিরতি। গাছ কাটার ঠিকাদার আবদুল আউয়াল বললেন, গাছগুলো মরার প্রক্রিয়া শুরু হয়েছে দেড় থেকে দুই বছর আগে। এখন কাঠ শুকিয়ে শক্ত হয়ে গেছে। তাই কাটতেও সমস্যা। আবার ওপরের ভারী ডালগুলো যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে। আউয়াল নিজেও বিস্মিত। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, বর্ষায় কোনো গাছ সহজে মরে না। মাটিতে সামান্য রস থাকলেও নতুন পাতা গজায়। কিন্তু এখানে বর্ষায়ও আশপাশের শিরীষ গাছগুলো শুকিয়ে যাচ্ছে। নতুন পাতা গজাচ্ছে না। এটা খুবই আশ্চর্যজনক।