ভরা মাঠেই বেশি রোমাঞ্চ
মনের মণিকোঠায় ২০০৩ বিশ্বকাপের হাজারো স্মৃতি এসে ভিড় করছে। দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলোতে কানায় কানায় পূর্ণ থাকত স্টেডিয়াম। শুভেচ্ছা বার্তায় ভরে যেত মুঠোফোন। এমনকি যাদের কোনো দিন দেখিনি, যাদের সঙ্গে কখনো কথা হয়নি; তারাও এসএমএস পাঠাত শুভ কামনা জানিয়ে।দক্ষিণ আফ্রিকানরা খেলা ভালোবাসে এবং আমাদের জয়ের জন্য তারা ছিল মরিয়া। আমরা পরের ম্যাচটি জিতি এবং জাতিকে গর্বিত করি, সবারই মনের মধ্যে এটা থাকত। কিছু রাজনীতিবিদ ও কর্মকর্তা এমনভাবে কথা বলতে শুরু করেছিলেন, যেন আমাদের বিজয় সুনিশ্চিত। এসব কথাবার্তাই আমাদের বেশি আত্মবিশ্বাসী করে তুলেছিল। সত্যি বলতে কি, এতটা ভালো আমরা ছিলাম না। এসব অবশ্য আমাদের কাজটা একটু কঠিন করে তুলেছিল।কিন্তু নিজেদের মাঠে বাড়তি চাপ যা-ই থাকুক না কেন, তাতে কিছুই আসে-যায় না। আমি বুঝতে পারছি, ভারত দলের অনুভূতিটা এখন কেমন। এটা ঠিক, তাদের অনেকেই মহাতারকা এবং পাদপ্রদীপের আলোয় থাকতে অভ্যস্ত। তবে আমি জানি, আট বছর আগের দক্ষিণ আফ্রিকার মানুষ যেমন আমাদের শিরোপা জয় নিশ্চিত ভাবছিল, ভারতের মানুষও ঠিক তেমনই ভাবছে। আমার তো মনে হয়, আট বছর আগে আমাদের নিয়ে দক্ষিণ আফ্রিকানদের যে বিশ্বাস ছিল, ভারতকে ঘিরে ভারতের মানুষের বিশ্বাসটা এর চেয়ে এক শ গুণ বেশি।এখন চ্যালেঞ্জ নেওয়া ও ভরা স্টেডিয়ামে খেলার আরেকটা উপলক্ষ আমাদের সামনে। স্টেডিয়ামটা দুর্দান্ত। আমরা ভারতের গ্রুপে না পড়লে ব্যক্তিগতভাবে আমি খুব হতাশই হতাম। স্টেডিয়াম যত ভরা থাকবে, রোমাঞ্চটাও তত বেশি হবে।গত কয়েকটা দিন অনুশীলন খুব ভালো হয়েছে আমাদের। গুরুত্বপূর্ণ অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করেছি আমরা। এই সপ্তাহে আমাদের জন্য একমাত্র হতাশার খবর হচ্ছে ইমরান তাহিরের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে সামান্য চিড়। এটা তো বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে, এই আঙুলটা তো ওর কোনো কাজেই লাগে না! এ নিয়ে মজা করছি, ঠিক আছে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে চিকিৎসকদের নির্দেশনা আছে, ওই আঙুলে ও যদি আবার আঘাত পায়, তাহলে অবস্থা গুরুতর হতে পারে।শুরু থেকেই ইমরান খুব ভালো করছে। তাই খেলতে পারবে বলে বারবারই বলে যাচ্ছে। নিজের ফিটনেসের প্রমাণ দিতে নেটে ও ব্যাটিংও করেছে। আমি জানি না, ইমরান ফিটনেস-পরীক্ষা উতরাতে পারবে কি না। মনে হয়, আঙুলটা ভালো হয়ে ওঠার জন্যই সময় দেওয়া উচিত। খুব বেশি সময় তো আর লাগবে না। আসলে নিশ্চিত করতে হবে, শেষের দিকে যেন ও ফিট থাকে।আমি নিশ্চিত, ভারত দেশের মাটিতে বিশ্বকাপ খেলার বাড়তি চাপটা উতরে যেতে পারবে। আমার পুরোনো বন্ধু গ্যারি কারস্টেন ২০০৩ বিশ্বকাপে ছিল। এই অভিজ্ঞতা তার আছে। যারা খুব চাপ অনুভব করছে, তাদের সঙ্গে সে কথা বলতে পারে। আমার মনে হয়, নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের গ্যালারি আজকের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে কানায় কানায় পূর্ণ থাকবে।