ভরা মৌসুমে পায়রা নদীতে ইলিশের আকাল
‘মোগ দোষেই এহন আর মোরা মাছ (ইলিশ) পাইতাছি না। কান ধইরা তোবা পড়ছি অ-সিজনে আর জাটকা ধইরা নিজেগো সর্বনাশ করমু না।’ নিজের উপলব্ধি এভাবেই জানালেন বরগুনার আমতলী উপজেলার বগী গ্রামের জসিম মাঝি।জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশের মৌসুম প্রায় শেষ। চলতি মৌসুমে পায়রা নদীতে এখন পর্যন্ত জেলেদের জালে কালেভদ্রে ইলিশের দেখা মিলছে। একে তো নদীতে মাছের আকাল, সেই সঙ্গে মহাজনের দেনা বেড়েই চলেছে। উপজেলার প্রায় ১২ হাজার ইলিশ জেলে এখন অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন।বৈঠাকাটা গ্রামের জেলে রাজু মিয়া জানান, মাছের ভান্ডারখ্যাত পায়রা নদীতে দু-তিন বছর ধরে মাছ কমে গেছে। তবে এ বছর যেন মাছের আকাল পড়েছে। একই গ্রামের নিজাম উদ্দিন বলেন, ‘প্রত্যেক ট্রিপে যে খরচা হয়, তার চার ভাগের এক ভাগও মাছ ধইরা পোষাইতে পারি না। গাঙ্গে নাইমা করমু কী।’গুলিশাখালীর আসলাম উদ্দিন বলেন, ‘মহাজনের কাছ থেইক্যা ২৫ হাজার টাকা দাদন নিছিলাম, মাছ পাইতাছি না। সংসার চালানের লইগ্যা প্রত্যেক দিন মহাজনের কাছ থেইক্যা ৫০-১০০ টাকা ধার করি। হেই ব্যাডাও (মহাজন) মোগো লগে ঠেকছে। বাঁচাইয়া না রাখলে সামনের সিজনে মাছ পাইবে কই!’মৎস্যবন্দর তালতলীর আড়তদার কাদের মল্লিক জানান, ফকিরহাটের বঙ্গোপসাগর ও পায়রা নদীর মোহনা থেকে উত্তরে গুলিশখালী পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটারজুড়ে নদীতে সব ধরনের মাছের প্রাচুর্য ছিল। প্রতিবছর বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত রেণু পোনা সংগ্রহের নামে নির্বিচারে মাছের পোনা নিধন করাসহ সারা বছর জাটকা ইলিশ মেরে ফেলায় আজ এই পরিণতি। সাধারণ জেলেসহ মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত সবার অবস্থাই এখন বেগতিক।আমতলী শহরের বাজারগুলো মাসাধিককাল ধরে ইলিশ-শূন্য। বড়বাজারের আড়তদার সোনা মিয়া বলেন, ‘আগে এই বাজারে প্রতিদিন গড়ে ৪৫-৫০ মণ ইলিশ আসত, আর এ মৌসুমে চার-পাঁচ কেজি মাছ আসছে। দরও তাই চড়া। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করছি হাজার টাকায়।’আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘আমরা সাধ্যের বাইরে গিয়েও অবৈধ পোনা ও জাটকা শিকার বন্ধের চেষ্টা করে পারছি না। সাগর থেকে ইলিশ ঢোকার পথ হলো নদীর মোহনা। সেখানে বেরিকেড দেওয়া হলে নদীর বাকি অংশে মাছ পাওয়া যাবে না। উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ওই স্থানে অবৈধ জাল ফেলা বন্ধ করা দরকার। মৎস্য বিভাগের লোকবল খুবই কম। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’