ভরাডুবির দায় কাঁধে নিলেন রাহুল (ভিডিও)
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের দায়ভার সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিলেন দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। সমাজবাদী পার্টির জয় নিশ্চিত হওয়ার পর খবরে রাহুল বলেন, ‘নির্বাচনে জয়ের জন্য দলের পক্ষ থেকে আমিই লড়াই করেছি। তাই পরাজয়ের দায়ভারও আমার।’ কিছুটা ক্লান্ত দেখালেও হাসিমুখেই পরাজয় মেনে নিলেন রাহুল।পরাজয়ের কারণ হিসেবে রাহুল বলেন, উত্তর প্রদেশে কংগ্রেসের ভিত্তি ততটা মজবুত ছিল না। এর কারণ হয়তো বা এমনটা হতে পারে যে কংগ্রেস উত্তর প্রদেশকেন্দ্রিক দল নয়। কিন্তু সমাজবাদী পার্টি এই রাজ্যকেন্দ্রিক হওয়ায় নির্বাচনে জেতাটা তাদের জন্য সহজ হয়েছে বলে মনে করেন রাহুল। শুধু হাসিমুখে পরাজয় মেনে নেওয়া নয়, উত্তর প্রদেশে সমাজবাদী দলের জয়ী মুলায়েম সিং যাদব ও অখিলেশকে অভিনন্দন জানাতেও ভুলেননি রাহুল।তবে রাহুল বলেন, কংগ্রেসের পক্ষে তিনি উত্তর প্রদেশে আবার কাজ শুরু করবেন। তিনি বলেন, উত্তর প্রদেশের দরিদ্র জনগণকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের সঙ্গে থাকবেন। দরিদ্র জনগণকে দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণের জন্য কাজ করে যাবেন রাহুল। রাহুল বলেন, ‘আমরা জেতার জন্য লড়াই করেছি। কিন্তু ভালো ফল পাইনি।’তবে রায়বেরিলিতেও কংগ্রেস কেন হারল—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে রাহুল বলেন, এত তাড়াতাড়ি সবকিছু ব্যাখ্যা করাটা কঠিন। তবে তিনি আশা প্রকাশ করেন, উত্তর প্রদেশে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে।