ভর্তি-ইচ্ছুক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার হলে ছাত্রীটিকে উত্ত্যক্ত করার অভিযোগে তাঁকে এ শাস্তি দেওয়া হয়।দণ্ডাদেশপ্রাপ্ত শিক্ষক মো. সাইফুল ইসলাম ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের প্রভাষক। তাঁর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার লুলিকান্দি গ্রামে।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, ওই শিক্ষক পরীক্ষার হলে ছাত্রীটিকে বিভিন্নভাবে বিরক্ত করেন। ছাত্রীটি অভিযোগ করেছেন, এতে তিনি ঠিকমতো পরীক্ষা দিতে পারেননি। উত্ত্যক্ত করার প্রমাণ পাওয়ায় ওই শিক্ষককে দণ্ডবিধির ৫০৯ ধারায় দণ্ড দেওয়া হয়।জানা যায়, সাইফুল ইসলাম ও একজন শিক্ষিকা কলেজের ২১৪ নম্বর কক্ষে পরিদর্শক ছিলেন। সাইফুলের বিরুদ্ধে অভিযোগ করা ছাত্রীর আসন ছিল ওই কক্ষের দরজার পাশে দ্বিতীয় সারিতে।ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা বানু প্রথম আলোকে বলেন, পরীক্ষা শেষে ভর্তি হতে ইচ্ছুক ওই মেয়ে উত্ত্যক্ত করার বিষয়টি কয়েকজন শিক্ষিকাকে জানান। তাঁর মানসিক অবস্থা দেখে তাঁরা তাঁকে আমার কাছে নিয়ে আসেন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি শাহবাগ থানায় জানালে পুলিশ এসে সাইফুল ইসলামকে আটক করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি জেনে ভ্রাম্যমাণ আদালত ওই কলেজে যান। দুপুর একটার দিকে কলেজ প্রাঙ্গণে আদালতের কার্যক্রম শুরু হয়। ওই ছাত্রী ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ করেন, পরীক্ষা শুরু হলে ওই শিক্ষক তাঁর পাশ দিয়ে বারবার হেঁটে যাচ্ছিলেন। পরীক্ষার খাতায় স্বাক্ষর দেওয়ার সময় তিনি গায়ে ধাক্কা দেন। পরবর্তী সময়ে প্রশ্নের উত্তর ঠিকভাবে দেওয়ার পরামর্শ দিয়ে আরও কাছে ঘেঁষেন এবং পরীক্ষা শেষ হওয়ার পর তাঁকে না জানিয়ে কক্ষ থেকে বের হতে নিষেধ করেন। একপর্যায়ে একটি খাম বের করে তিনি সেখানে তাঁর (ছাত্রী) নাম ও মুঠোফোন নম্বর লিখে দিতে বলেন। সেখানে ওই শিক্ষকের নাম ও মুঠোফোন নম্বর লিখা ছিল।ছাত্রীটি আরও বলেন, শিক্ষকের আচরণে বিরক্ত হয়ে একপর্যায়ে তিনি বিষয়টি কক্ষে দায়িত্বরত অন্য পরিদর্শককে জানানোর কথা বললে তিনি উত্ত্যক্ত করা থেকে কিছুটা ক্ষান্ত হন। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি আবার এসে বলেন, ‘বেঞ্চ থেকে পা বের করে রাখো। কক্ষ থেকে বেরোনোর কথা বললে সবার আগে বেরিয়ে যাবে।’ওই কক্ষের অপর পরিদর্শক সাক্ষ্য দেওয়ার সময় ম্যাজিস্ট্রেটের প্রশ্নের জবাবে বলেন, সাইফুল ইসলামকে তিনি দ্বিতীয় সারির আশপাশে বারবার দেখেছেন।এরপর শিক্ষক তাঁর বক্তব্যে আদালতকে বলেন, খাতায় ঝুঁকে স্বাক্ষর দেওয়ার সময় ওই ছাত্রীর গায়ে ধাক্কা লেগে থাকতে পারে। বারবার ধাক্কা দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। ম্যাজিস্ট্রেট কক্ষের অপর পরিদর্শকের সাক্ষ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোনো মন্তব্য করেননি। ম্যাজিস্ট্রেট এ সময় ওই শিক্ষকের পকেট থেকে তাঁর নাম ও মুঠোফোন নম্বর লেখা একটি খাম উদ্ধার করেন। এরপর ম্যাজিস্ট্রেট ওই কক্ষ পরিদর্শন করে এসে রায় ঘোষণা করেন। তিনি বলেন, স্বীকারোক্তি, পারিপার্শ্বিক অবস্থা সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত করে। তাই তাঁকে বিনাশ্রমে এক বছর কারাদণ্ড দেওয়া হলো। রায়ের পর তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘আগেও সাইফুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তদন্তাধীন রয়েছে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ বিষয়ে বলেন, শিগগির সিন্ডিকেটে বিষয়টি উত্থাপন করা হবে। সাধারণত এ ধরনের অপরাধের জন্য অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে এ ঘটনায় সিন্ডিকেট যে সিদ্ধান্ত দেবে, তা-ই মানা হবে।