ভর্তি চলাকালে অফিসে তালা, ছাত্রলীগের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাক্ষাৎকার চলার সময় ‘খ’ ইউনিট সমন্বয়কারী অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের কিছু কর্মী। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভর্তির সাক্ষাৎকার-কার্যক্রম বন্ধ হয়ে যায়।আজ বুধবার সকালে অনুষদের ভবনে অবস্থিত ‘খ’ ইউনিট সমন্বয়কারী অফিসে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, ভর্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে সমন্বয়কারী অফিসে তালা দেওয়া হয়েছে।‘খ’ ইউনিট সমন্বয়কারী আখতারুল ইসলাম বলেন, ‘ভর্তি-কার্যক্রম সুষ্ঠুভাবেই চলছিল। এ ক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়নি, আর কে বা কারা অফিসে তালা দিয়েছে, তা আমার জানা নেই।’ এদিকে এ ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন। অন্যদিকে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভাঙচুর চালান এবং তাঁদের হাতে এক চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন বলেও জানা গেছে।চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামান জানান, ‘দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ছাত্রলীগের কিছু কর্মী ওষুধ নিতে এসেছিল। কিন্তু তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের হেলথ কার্ড না থাকায় ওষুধ দিতে অস্বীকৃতি জানালে তারা আমার কক্ষে ভাঙচুর করে।’