ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। আত্মীয়স্বজন না থাকায় এবং আবাসিক হোটেলে জায়গা না পেয়ে অনেক শিক্ষার্থীকে আশ্রয় নিতে হয়েছে রাজশাহী রেলওয়ে স্টেশনে। সেখানে রাত কাটিয়ে সকালে পরীক্ষা দিতে যান তাঁরা।২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। চলবে ৯ অক্টোবর পর্যন্ত।গতকাল বুধবার দিবাগত রাতে রাজশাহী রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে বসে চাদর বিছিয়ে কয়েকজন শিক্ষার্থী বই পড়ছেন। কেউ খুঁটির গোড়ায় সামান্য জায়গায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। যেসব মা মেয়ে নিয়ে গেছেন, তাঁরাও কোথাও জায়গা পাননি। বসে আছেন স্টেশনে।ঝিনাইদহ থেকে রাজশাহীতে গেছেন রুহুল আমিন। তিনি বলেন, তাঁরা কয়েক বন্ধু মিলে আট-দশটি হোটেলে জায়গা খুঁজেছেন। কোথাও জায়গা পাননি। বাধ্য হয়ে আবার স্টেশনে ফিরেছেন। সেখান থেকে সকালে পরীক্ষা দিতে যাবেন। এস এম তানজির হোসেন চুয়াডাঙ্গা থেকে রাজশাহী গেছেন। অভিভাবক হিসেবে তাঁর মা সঙ্গে আছেন। কিন্তু মাকে নিয়ে থাকার কোনো হোটেলে জায়গা পাননি। বাধ্য হয়ে স্টেশনে একটা কাপড় বিছিয়ে বসে আছেন। ঝিনাইদহের ইমরান হোসাইন বলেন, এভাবেই তাঁরা রাত কাটিয়ে দেবেন।বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ আগে থেকে নগরের মানসম্মত আবাসিক হোটেলগুলো বুকিং নেওয়া বন্ধ করে দেয়। দূর থেকে যাঁরা ভর্তি পরীক্ষার জন্য রাজশাহীতে যাবেন, তাঁরা আগে থেকে বিভিন্ন হোটেলে বুকিং দিয়ে রেখেছেন। এ জন্য পরে যাঁরা সরাসরি হোটেলে গেছেন, তাঁরা আর জায়গা পাননি। রাজশাহী নগরের হোটেল নাইস ইন্টারন্যাশনালের কর্মকর্তা শাহরিয়ার কবির বলেন, বাইরের শিক্ষার্থীরা ১৫-২০ দিন আগেই বুকিং দিয়েছেন। তিনি বলেন, তাঁরা টেলিফোনে কোনো বুকিং নেননি। শিক্ষার্থীরা অন্যের মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং দিয়েছেন।এদিকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য রাজশাহী রেলস্টেশন, নগরের সাহেববাজার এলাকা, বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট ও মেইন গেটে তথ্যকেন্দ্র খোলা হয়েছে।এখান থেকে পরীক্ষার্থীদের ভর্তির বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি নগরের রাস্তাঘাট, বিনোদনকেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন মানচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এতে সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের শুভেচ্ছাবাণীও রয়েছে।এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৪৯টি বিভাগের তিন হাজার ৬১৫ আসনের বিপরীতে দুই লাখ ৪২ হাজার ২৬৪ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন। এই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে ৬৭ জন প্রার্থী পরীক্ষা দিচ্ছেন। গত বছর একই সংখ্যক আসনের বিপরীতে এক লাখ ৩১ হাজার ১৫৯ জন আবেদন করেছিলেন। আজ প্রথম দিনে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে।