ভর্তি পরীক্ষা বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত পঞ্চম ও সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা বাতিল এবং আজ শুক্রবারের পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে শহরের প্রধান সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। গতকাল বৃহস্পতিবার পঞ্চম ও সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। ভর্তি পরীক্ষা চলাকালে পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে দুর্ব্যবহার ও ফলাফল বিবরণী তৈরিতে অনিয়মের অভিযোগে গতকাল রাতে জেলা প্রশাসক (ডিসি) মো. সিরাজুল ইসলাম স্কুল কর্তৃপক্ষকে পরীক্ষা বাতিল ও স্থগিতের লিখিত আদেশ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা বাতিলের খবর রাতে এবং আজ ভোরেই অভিভাবকদের কাছে পৌঁছে যায়। এ কারণে সকাল থেকে ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা নোয়াখালী প্রেসক্লাবে গিয়ে তাদের ক্ষোভের কথা জানায়। বেলা ১১টার দিকে তারা শহরের ব্যস্ততম টাউনহল মোড়ে প্রধান সড়কে অবস্থান নেয়। বেলা পৌনে একটার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. ফেরদৌস খান বাতিল করা পরীক্ষার খাতা পুনরায় নিরীক্ষা ও স্থগিত হওয়া পরীক্ষার তারিখ শিগগির ঘোষণা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধকারী ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত করতে জেলা প্রশাসকের সিদ্ধান্তকে হটকারী উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানায়। একই সঙ্গে জেলা প্রশাসনের বিরুদ্ধে গত বছরের মতো এবারও ভর্তি বাণিজ্যের প্রস্তুতির অভিযোগ তোলা হয়।এ বিষয়ে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা অনিয়ম করতে না পেরে অভিভাবকদের ইন্ধন দিয়ে এসব করাচ্ছেন। তিনি বলেন, ‘পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বাতিল করতে হলে তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে হবে না। এ জন্য আমার কাছে আসতে হবে।’