ভর্তি পরীক্ষায় ‘ডিজিটাল জালিয়াতি’, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ‘ডিজিটাল জালিয়াতির’ অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার দিনভর অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৩-এর সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. আমিনুল ইসলাম (২৬), বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র মো. আনোয়ার হোসেন (২৫), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. সোহেল রানা (২৫) ও মো. নজরুল ইসলাম (২৮), বরিশাল বিএম কলেজের প্রাক্তন ছাত্র মো. শাহজাদা (৩০), কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র মো. বাচ্চু মিয়া (২২), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শাহাদৎ হোসেন (২৪) এবং পটুয়াখালীর মো. জামাল উদ্দিন। এঁদের মধ্যে আমিনুল ইসলাম ভুয়া পরীক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে জানান, মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় উত্তর পাঠানো হতো সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের কাছে। আর এই জালিয়াতির জন্য ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছিল বিশেষ কার্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও র‌্যাবের একটি দল এক সপ্তাহ অনুসরণ করে জালিয়াত চক্রটিকে শনাক্ত করে। এঁদের মধ্যে একজন ভুয়া পরীক্ষার্থী ও সাতজন তাঁর সহযোগী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান তিন শিক্ষার্থীর বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-৩-এর কোম্পানি কমান্ডার মো. জাররার হোসেন জানান, গতকাল ‘মোশাররফ হোসেন’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন আমিনুল ইসলাম। প্রশ্ন পাওয়ার পরই তিনি সব উত্তর মুঠোফোনের খুদেবার্তায় লিখে ফেলেন। এরপর সেগুলো চক্রের এক সদস্যের মুঠোফোনে পাঠান। চক্রের অন্য সদস্যরা ওই উত্তরগুলো সংশ্লিষ্ট গ্রাহক শিক্ষার্থীদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে পাঠিয়ে দেন। এই কাজ করার সময় অভিযান চালিয়ে ওই চক্রের কার্যালয় থেকে প্রথমে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে মুঠোফোনের নম্বর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের পরীক্ষাকেন্দ্র থেকে ওই চক্রের গ্রাহক এক পরীক্ষার্থীকেও আটক করা হয়। এই পরীক্ষার্থীর মুঠোফোন থেকে ফোন দিয়ে আমিনুলের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জালিয়াতির পদ্ধতি সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলার সময় মুঠোফোনের মাধ্যমে প্রশ্নের উত্তর পরীক্ষা হলের বাইরে থাকা চক্রের অন্যান্য সদস্যদের কাছে পাঠায়। ওই সদস্যরা তাঁদের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ অন্যান্য পরীক্ষার্থীর মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ওই উত্তরগুলো পাঠিয়ে দেন। গ্রাহক শিক্ষার্থী যে সেটের প্রশ্নপত্রই পান না কেন, তিনি জালিয়াতদের সরবরাহ করা উত্তরপত্র অনুযায়ী সেট পূরণ করেন। শিক্ষককে ধোঁকা দিতে উত্তরপত্রে সেটের ওপরে পাতলা একটি কাগজের আবরণ লাগিয়ে তার ওপর সেটের বৃত্ত পূরণ করেন। পরীক্ষার শেষ দিকে ওই আবরণটি উঠিয়ে জালিয়াত চক্রের সরবরাহ করা সেটের বৃত্ত পূরণ করেন।গতকাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের দুই হাজার ৩৪৩টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৮ হাজার ৪২২ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতিটি আসনের জন্য ১২ জন শিক্ষার্থী লড়াই করেন।