ভর্তি-বাণিজ্য: তিন অধ্যক্ষের শাস্তি
রাজধানীর খ্যাতনামা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের এমপিও (বেতন বাবদ মাসিক সরকারি টাকা) স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কয়েক দফা বলার পরও চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সময় নেওয়া অতিরিক্ত টাকা ফেরত বা বেতনের সঙ্গে সমন্বয় না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাঁদের এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।ওই তিনজন হলেন, মণিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম। আজ বুধবার এ বিষয়ে আদেশ জারি করে তা বাস্তবায়ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।