পঞ্চগড় জেলার আটোয়ারীর পারুল রায় দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় মাঠপর্যায়ে কাজ করছেন। সারা দিন বাইরে ঘোরাঘুরি তাঁর আর ভালো লাগছিল না। স্থায়ী কোনো চাকরিতে যোগ দিতে মনস্থির করলেন। স্বল্প সময়ে বিএড কোর্স করার শর্তে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি তাঁকে চাকরি দিতে রাজিও হয়। কিন্তু মাঠপর্যায়ে কাজ করে বিএড কোর্স বেশ কষ্টসাধ্য। হতাশ হয়ে এক রকম হাল ছেড়ে দিলেন পারুল।কিছুদিন পর শুনতে পেলেন, ঠাকুরগাঁওয়ের সালন্দরে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলা হয়েছে। সেখানে বিএডসহ বিভিন্ন কোর্সের সনদ মেলে। দেরি না করে ওই ক্যাম্পাসে বিএড কোর্সে ভর্তি হলেন তিনি। পারুলের মতো সহজে পেশাগত ও উচ্চতর ডিগ্রির সনদ লাভের আশায় অনেকে হুমড়ি খেয়ে পড়ছেন ওই প্রতিষ্ঠানে।জানা গেছে, সালন্দর বিদ্যাপীঠের ডিগ্রি কলেজ, উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (আরাজী কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) ভাড়া করা তিনটি ভবনে ২০০৭ সালের জুলাই থেকে চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বিভিন্ন বিষয়ে ভর্তি হয়েছেন প্রায় দুই হাজার শিক্ষার্থী। ডিগ্রি কলেজ ও উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষকে প্রতি মাসে ভবন ভাড়া বাবদ আট হাজার টাকা দিতে হয়। আর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবহারের জন্য এককালীন উপহার দেওয়া হয়েছে তিনটি সিলিং ফ্যান। বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স, মাস্টার্স, এলএলবি, ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, বিএড, এমএড, ইসলামি স্টাডিজসহ কয়েকটি বিষয় চালু আছে। এ ক্যাম্পাসের সমন্বয়কারী হচ্ছেন পঞ্চগড়ের বোদা পাথরাজ কলেজের সহকারী অধ্যাপক আবদুর রহমান।জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বিএড করতে পারলে বেতন স্কেল পরিবর্তন হয়। এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লাইব্রেরিয়ান পদে শিক্ষক নেওয়া হবে বলে সরকার ঘোষণা দেওয়ার পর ওই বিষয়ে সনদ পেতে দারুল ইহসানে অনেকে ভর্তি হচ্ছেন। সেখানে টিউশন ফি ২৩ থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা আছে।গত শুক্রবার সকাল নয়টার দিকে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বাস, মাইক্রোবাস, মোটরসাইকেলে করে অনেকে ক্যাম্পাসে আসছেন। সবার হাতে বই-খাতা। ঠাকুরগাঁও সদর থানার একদল পুলিশ প্রধান ফটকে দায়িত্ব পালন করছে। সালন্দর বিদ্যাপীঠের ভেতরে ডিগ্রি কলেজ, উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাদাগাদি করে বিএড ও এমএড কোর্সে পরীক্ষা দিচ্ছেন নয় শতাধিক শিক্ষার্থী। প্রতিটি কক্ষেই পরিদর্শকের সামনে চলছে প্রকাশ্যে নকল।নাম প্রকাশ না কারার শর্তে একজন পরিদর্শক প্রথম আলোকে জানান, ‘আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাইলেও ঠাকুরগাঁও ক্যাম্পাসের সমন্বয়কারীর কারণে পারছি না। শিক্ষার্থীরা সনদ পাওয়ার নিশ্চয়তা নিয়েই এখানে ভর্তি হন।’ আরাজী কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে গিয়ে দেখা যায়, তিনটি কক্ষে বিএড কোর্সের পরীক্ষা চলছে। কক্ষের বারান্দায় দাঁড়িয়ে আছেন একজন মহিলা। ভেতরে চলছে উন্মুক্ত নকল। ছবি তুলতে গেলে কক্ষের পরিদর্শক ঠাকুরগাঁও জেলা পরিষদের লাইব্রেরিয়ান পদে কর্মরত মোবাশ্বেরা খাতুন তেড়ে আসেন। তিনি ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলেন, ‘আপনার মতো অনেক পত্রিকার সাংবাদিক এখানে ঘুরে গেছে। কিছুই করতে পারেনি। টাকা দিলে সব সম্ভব।’এ সময় এক ব্যক্তি এগিয়ে এসে নিজেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলে পরিচয় দেন। তিনি বলেন, এলাকার মানুষ সহজে উচ্চতর ডিগ্রির সনদ পাচ্ছেন। এটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। পরীক্ষা শেষে ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়ার রিনা পারভীন জানান, ‘আমি এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। বিএড-এমএড করা থাকলে বেতন বাড়ে। এই ক্যাম্পাসে সহজে সনদ পাওয়া যায় শুনে ভর্তি হয়েছি। পরীক্ষা দিতে এসে সত্যতা পেলাম।’বিএড শেষ সেমিস্টারের শিক্ষার্থী সদর উপজেলার গড়েয়া গ্রামের রতন রায় বলেন, ‘আমাদের সনদ দিতে হবে—সমন্বয়কারীর সঙ্গে এমন আলোচনা সাপেক্ষে আমরা এখানে ভর্তি হয়েছি। তাই নির্ধারিত সময়ে কেউ লিখতে না পারলে পরে খাতায় লেখার ব্যবস্থা করে দেওয়া হয়।’ভবন ব্যবহারের অনুমতি দেওয়া প্রসঙ্গে আরাজী কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নূর জানান, তিনি এখানে নতুন। উপজেলা শিক্ষা কর্মকর্তার লিখিত চিঠি পেয়ে তিনি বিদ্যালয় ভবন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবহারের অনুমতি দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমীন বলেন, ‘এলাকায় উচ্চতর শিক্ষার প্রসারের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ভবন ব্যবহারে অনুমতি দিয়েছি।’ক্যাম্পাসের সমন্বয়কারী আবদুর রহমান বলেন, ‘সপ্তাহে কেবল শুক্রবার এখানে ক্লাস চলে। পরীক্ষাও শুক্রবার হয়। নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হয়। অবৈধভাবে এখানে অর্থ আয়ের কোনো সুযোগ নেই। পেশাগত ও উচ্চতর ডিগ্রির সনদ শিক্ষার্থীরা যাতে সহজে পায়, সেই মহৎ উদ্দেশ্য নিয়ে এ ক্যাম্পাস চলছে। এ উদ্যোগের জন্য আমাদের প্রশংসা করা উচিত।’জেলা প্রশাসক মু. শহীদুজ্জামান বলেন, সালন্দরে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে একটি চক্র সনদ-বাণিজ্য করছে—অনুসন্ধানে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ক্যাম্পাসের সমন্বয়কারীকে বলা হয়েছে, এ ধরনের সনদ-বাণিজ্য মেনে নেওয়া হবে না। বিষয়টি পানিসম্পদমন্ত্রীকেও জানানো হয়েছে।