সরকারি তথ্য অনুযায়ী, শিশুদের বিদ্যালয়ে ভর্তির হার এখন শতভাগের কাছাকাছি, ৯৯ দশমিক ৪৭ শতাংশ। বেসরকারি বিশেষজ্ঞদের মধ্যে এ তথ্য নিয়ে সন্দেহ থাকলেও তাঁরা বলছেন, ভর্তিতে অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট সবাই বলছেন, ভর্তির হারে অগ্রগতি হলেও সব শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা যাচ্ছে না।ঝরে পড়ার হার এখনো উদ্বেগজনক। এখনো প্রায় এক-তৃতীয়াংশ শিশু পঞ্চম শ্রেণী শেষ করার আগেই ঝরে পড়ছে। এ অবস্থার প্রেক্ষাপটে ৯ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’। এ উপলক্ষে সারা দেশে সপ্তাহব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের সপ্তাহের স্লোগান ঠিক করা হয়েছে ‘জাতির জন্য অহংকার, এক শত ভাগ ভর্তির হার’। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সপ্তাহের উদ্বোধন করেন।ঝরে পড়ার বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে প্রায় শতভাগ শিশুকে ভর্তি করানো গেছে। আর ঝরে পড়া কমানোর জন্য আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। উপবৃত্তি বাড়ানো, দুপুরের খাবার দেওয়াসহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে ঝরে পড়া কমানোর চেষ্টা করা হচ্ছে।’আন্তর্জাতিক সম্প্রদায়ের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) পূরণে বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার ছিল ২০১১ সালে বিদ্যালয়ে যাওয়ার উপযোগী সব শিশুকে (শতভাগ) বিদ্যালয়ে ভর্তি করা। এ জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়। ভর্তির তথ্য জানার জন্য গত বছর সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাঠপর্যায় থেকে শিক্ষকেরা এসব তথ্য সংগ্রহ করেন। সব তথ্য একত্র করে দেখা যায়, বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত শিশুদের ৯৯ দশমিক ৪৭ শতাংশই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৭টি জেলায় শতভাগ শিশুই ভর্তি হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুসন্ধানে পাওয়া এ তথ্য অনুযায়ী আগের বছরগুলোর তুলনায় এ ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০০৫ সালে ভর্তির হার ছিল ৮৭ দশমিক ২ শতাংশ। এর পর ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ভর্তির হার ছিল যথাক্রমে ৯০ দশমিক ৯ শতাংশ, ৯১ দশমিক ১ শতাংশ, ৯০ দশমিক ৮ শতাংশ (আগের বছরের কিছু কম), ৯৩ দশমিক ৯ শতাংশ এবং ৯৪ দশমিক ৮ শতাংশ। আর ২০১১ সালে অতিমাত্রায় প্রতিবন্ধী শিশু বাদে ভর্তির হার দাঁড়ায় ৯৯ দশমিক ৪৭ শতাংশ। সংখ্যায় বিভিন্ন শ্রেণীতে ভর্তি হওয়া মোট শিশুশিক্ষার্থী এক কোটি ৯০ লাখের বেশি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, যেসব শিশু এখনো ভর্তি হতে পারেনি, তাদের উপানুষ্ঠানিক শিক্ষাসহ বিভিন্নভাবে শিক্ষার আওতায় আনার চেষ্টা চলছে।গণসাক্ষরতা অভিযানের তথ্য: সরকারের তথ্য অনুযায়ী ভর্তির হার প্রায় শতভাগ হলেও এ তথ্য নিয়ে বেসরকারি পর্যায়ে রয়েছে সন্দেহ। কারণ, এ তথ্য নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে সংগৃহীত। কোনো পূর্ণাঙ্গ বা পেশাদার জরিপের ফল নয়। শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনগুলোর জোট গণসাক্ষরতা অভিযান দেশের পাঁচ জেলার পাঁচটি ইউনিয়নে শিশুদের বিদ্যালয়ে ভর্তির জন্য নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়েছে। তাদের অভিজ্ঞতা হচ্ছে, এসব ইউনিয়নে ভর্তির হার ৯৪ থেকে ৯৫ শতাংশ। ইউনিয়নগুলো হলো: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন, গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি, হবিগঞ্জের তেঘরিয়া ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়ন। মুক্তিনগর ইউনিয়নে সর্বশেষ হিসাব অনুযায়ী ভর্তির হার ৯৪ দশমিক ৯০ শতাংশ। বাকিগুলোর তথ্য এখনো যাচাই করা হচ্ছে। তবে গণসাক্ষরতা অভিযান কর্তৃপক্ষ বলছে, সেগুলোতেও ভর্তির হার প্রায় কাছাকাছি হবে। তারা বলেছে, তিন বছর ধরে কমিউনিটি ওয়াচ নামে একটি কর্মসূচির মাধ্যমে নানা ধরনের উদ্যোগ নেওয়ার পরই কেবল ওই সব এলাকায় ভর্তির হার এ অবস্থায় এসেছে।এ বিষয়ে জানতে চাইলে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, ‘এই পাঁচটি ইউনিয়নের তথ্য দিয়ে সমগ্র বাংলাদেশের তথ্যের সাধারণীকরণ করা যাবে না। তবে একটা চিত্র কিন্তু পাওয়া যায়। এটা ঠিক যে, ভর্তি করানোর ক্ষেত্রে প্রবণতাটা খুবই ভালো। এই চ্যালেঞ্জটি মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকারও আছে। এটা ভালো দিক।’এখনো ঝরছে এক-তৃতীয়াংশ: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কয়েক বছর ধরে ঝরে পড়ার হার কমলেও এখনো প্রায় এক-তৃতীয়াংশ শিশু বিদ্যালয়ে গিয়েও পঞ্চম শ্রেণী শেষ করার আগেই ঝরে পড়ছে। ২০০৫ সালে ঝরে পড়ার হার ছিল ৪৭ দশমিক ২ শতাংশ, ২০০৬ ও ২০০৭ সালে বেড়ে হয় ৪৯ দশমিক ৫ শতাংশ, ২০০৮ সালে আবার কিছুটা কমে হয় ৪৯ দশমিক ৩ শতাংশ। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত এই হার যথাক্রমে ৪৫ দশমিক ১ শতাংশ, ৩৯ দশমিক ৮ শতাংশ এবং ২৯ দশমিক ৯ শতাংশ। তবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন কিছুদিন আগে এক অনুষ্ঠানে বলেন, ঝরে পড়ার হার ২১ শতাংশ।রাশেদা কে চৌধূরী ঝরে পড়ার বর্তমান হারকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন, ঝরে পড়া কমছে। কিন্তু এখনো প্রায় এক-তৃতীয়াংশ শিশু ঝরে পড়ছে। এ জন্য শুধু ভর্তি নয়, শিশুদের ধরে রাখারও ব্যবস্থা নিতে হবে। এ জন্য কৌশল নির্ধারণ করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে।