ভর্তিপ্রক্রিয়া শুরু করলে রিট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরুর জন্য ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়ার পর রিট আবেদন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে রিট আবেদনকারী পক্ষ। পরীক্ষার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দুটি রিট আবেদন করা হয়েছিল। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলও জারি করেন। জিপিএর ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টালে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছিল।পরীক্ষার মাধ্যমে আগের নিয়েমে ভর্তিপ্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে প্রথম রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। যোগাযোগ করা হলে আজ রোববার তিনি প্রথম আলো ডটকমকে বলেন, সরকার আগের নিয়মে ভর্তিপ্রক্রিয়া শুরু করলে রিটটি প্রত্যাহার করা হবে। এ জন্য ভর্তির বিজ্ঞপ্তি দিতে হবে। অপর রিট আবেদনটি করেছিলেন মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী জুনায়েদ রহমান ইয়ামের বাবা এ কে মিজানুর রহমান। এই রিট আবেদনকারীর কৌঁসুলি মো. নজরুল ইসলাম খান বলেন, ‘আগের পদ্ধতিতে যাতে পরীক্ষা হয়, সে জন্য একজন চিকিত্সক রিট আবেদনটি করেন। আমরা শিক্ষার্থীদের স্বার্থে এই আবেদনটি করেছি। তাই সরকারপক্ষের সিদ্ধান্তে যদি মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা হয় এবং তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়, তাহলে আমরা রিট আবেদনটি প্রত্যাহার করব। মৌখিক কথার গুরুত্ব নেই—আমার মক্কেলের বক্তব্য এ ধরনের।’ কবে আবেদন প্রত্যাহারে আবেদন করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস্তবতা উপলব্ধি করেই প্রত্যাহারের আবেদন করা হবে। ভর্তি পরীক্ষা ছাড়া জিপিএর ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনুস আলী আকন্দ ১৩ আগস্ট হাইকোর্টে প্রথম রিটটি করেন। ১৪ আগস্ট আদালত রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষাসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়। এর আগে ১২ আগস্ট এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে মেডিকেল কলেজে ভর্তিপরীক্ষা না নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধনসহ কর্মসূচি পালন করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। এরপর ১৪ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, মেডিকেলে ভর্তির ব্যাপারে সরকারের নতুন করে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সরকার আদালতের নির্দেশের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপকৃত হবেন।সব শেষে ভর্তিপরীক্ষার মাধ্যমে মেডিকেলের এই শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ একটি সম্পূরক আবেদন করেন। ২৭ আগস্ট এই আবেদনে বিভক্ত আদেশ দেন একটি দ্বৈত বেঞ্চ। পরীক্ষার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে করা অপর রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই দিন হাইকোর্ট রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। বিভক্ত আদেশ প্রসঙ্গে ইউনুস আলী আকন্দ প্রথম আলো ডটকমকে বলেন, প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন। এটা একটি সম্পূরক আবেদন। মূল রিট প্রত্যাহার করলে সব প্রত্যাহার হয়ে যাবে। আর সরকার যদি আগের নিয়মে ভর্তিপ্রক্রিয়া শুরু করে, তাহলে রিট অকার্যকর হয়ে যাবে।