ভর্তির আগে কলেজের বৈধতা যাচাই করতে আহ্বান
শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কেবল নির্দিষ্ট কোডধারী ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, টেলিফোনে বা সরাসরি মন্ত্রণালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের অনুমোদনবিহীন নামসর্বস্ব কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অবৈধভাবে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মর্মে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। সরকারের অনুমোদনবিহীন বিশেষ করে ঢাকার কিছু নামসর্বস্ব শিক্ষাপ্রতিষ্ঠান পত্রিকাসহ বিভিন্ন প্রচারমাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের ভর্তির জন্য প্রলুব্ধ করছে, যা একটি বড় ধরনের প্রতারণা।এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের কাজে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।সংবাদবিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে জানার জন্য ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এবং ৮৬২৫৭৩৪ ও ৮৬২৫৭৪১ টেলিফোন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।