নিজেদের তালিকা অনুসারে ভর্তি এবং বোন কোটা শতভাগ করার দাবি না মানলে ভিকারুননিসা নূন স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন অভিভাবক নামধারী একদল লোক। সরকারদলীয় স্থানীয় কিছু নেতা-কর্মীও এই দলে ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আজ লটারি হওয়ার কথা। তার আগে গতকাল রোববার দুপুরে কলেজ অধ্যক্ষের বেইলি রোডের কার্যালয়ে গিয়ে তাঁরা হুমকি দিয়ে আসেন। অধ্যক্ষসহ উপস্থিত শিক্ষকদের গালমন্দ করে তাঁদের চাকরিচ্যুতিরও হুমকি দেন তাঁরা। এক বোন অধ্যয়নরত থাকলে অন্য বোনকেও ভর্তির সুযোগ দেওয়াকে বোন কোটা বলে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু আরা বেগম এ অভিযোগ করে গতকালই রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অধ্যক্ষের সঙ্গে গতকাল স্কুলে উপস্থিত ৫১ জন শিক্ষকও জিডিতে সই করেন।অধ্যক্ষ ও অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে এবং জিডির অভিযোগ থেকে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরাম নামে কথিত এক সংগঠনের নেতা মোশাররফ ও আবদুর রহিম ওরফে রানার নেতৃত্বে ৩০-৩৫ জন লোক বিনা অনুমতিতে অধ্যক্ষের কার্যালয়ে যান। তাঁরা বোন কোটা ১০ শতাংশের পরিবর্তে শতভাগ করার দাবি জানান। একই সঙ্গে তাঁদের তালিকা অনুসারে ছাত্রী ভর্তির অঙ্গীকার চান। এ সময় তাঁরা অধ্যক্ষসহ উপস্থিত অন্য শিক্ষকদের হুমকি-ধমকি দিয়ে বলেন, শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হবে, প্রয়োজনে প্রতিষ্ঠান বন্ধ করে নতুন শিক্ষক নিয়োগ করা হবে। এ ঘটনায় শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রথম আলোকে জানান, কলেজে প্রথম শ্রেণীতে মোট আসন আছে এক হাজার ৪৮৪টি। এবার বোনের কোটায় লটারিতে অংশ নেবে ৭৮১ জন। এখন যদি তাঁদের (অভিভাবকদের একটি অংশ) দাবি অনুযায়ী শতভাগ বোনের কোটায় ছাত্রী ভর্তি করা হয়, তাহলে ৭৮১ জনকেই ভর্তি করতে হবে। এ ক্ষেত্রে অন্যরা সুযোগ পাবে কীভাবে? তিনি জানান, গতবার বোনের কোটা ছিল তিন শতাংশ। আগের বার ছিল এক শতাংশ। এবার বাড়িয়ে করা হয়েছে ১০ শতাংশ। কিন্তু তাঁরা চাইছেন শতভাগ। এটা কীভাবে সম্ভব?জানা গেছে, জিডি করার পর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম স্কুলে যান। জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত আবদুর রহিম অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিভাবকদের নিয়ে বোনের কোটা শতভাগ করার দাবি জানাতে ওই প্রতিষ্ঠানে গিয়েছিলাম। কোনো হুমকি-ধমকি দিইনি।’কলেজ সূত্রে জানা গেছে, আবদুর রহিম কলেজের একটি ভূগর্ভস্থ তলা (বেজমেন্ট) এক বছরের জন্য ইজারা নিয়ে গাড়ি রাখার ব্যবসা করে আসছেন। বেইলি রোড শাখার তলাটি সাত লাখ টাকায় ইজারা নেন তিনি। কিন্তু গত মে মাসে ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। এর পরও তিনি দখল না ছেড়ে ব্যবসা করছেন। অথচ ভাড়া দিচ্ছেন না। এ বিষয়ে কয়েক দফা নোটিশ দিলেও তিনি তা মানছেন না। এখন তিনি তালিকা অনুযায়ী ছাত্রী ভর্তির হুমকি দিচ্ছেন। এ বিষয়ে আবদুর রহিম বলেন, ‘আমাকে কাগজ দেওয়া হচ্ছে না বলেই ভাড়া দিতে পারছি না।’আজ লটারি: অধ্যক্ষ জানান, প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আজ থেকে লটারি শুরু হবে। তিন দিন ধরে এই লটারি চলবে। প্রথম দিন আজিমপুর ও বসুন্ধরা শাখার লটারি হবে। এবার লটারির জন্য বাছাই করা হয়েছে নয় হাজার ২৯০ জনকে। আর আসন আছে এক হাজার ৪৮৪টি।